বিগ বস বাংলার ঘরে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন অভিনেতা জিতু কমল। কখনও টিকিট টু ফিনালে টাস্কে সৌরভ দাসকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেওয়া, আবার কখনও সহ-প্রতিযোগী তনুশ্রীর মেয়েকে নিয়ে মন্তব্য, সব মিলিয়ে তাঁকে ঘিরে সমালোচনা ক্রমশ বাড়ছে। এবার জিতুর আচরণ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সঞ্চালিকা ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। উল্লেখযোগ্য বিষয়, এর আগে ‘এরাও মানুষ’ ছবির প্রযোজনা সংস্থার সঙ্গে জিতুর বিবাদ তৈরি হলে প্রকাশ্যেই অভিনেতার পাশে দাঁড়িয়েছিলেন সুদীপা। সেই সময় জিতুর পেশাগত আচরণ এবং ব্যক্তিত্বের প্রশংসাও করেছিলেন তিনি। কিন্তু বিগ বস বাংলার ঘরে অভিনেতার সাম্প্রতিক আচরণে এবার হতাশ সুদীপা।
বিশেষ করে তনুশ্রীর সন্তানকে নিয়ে জিতুর মন্তব্য কোনওভাবেই মেনে নিতে পারেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন সঞ্চালিকা। সেখানে জিতুর আচরণ, নিজেকে অন্যের সামনে তুলে ধরার ধরন এবং তাঁর সাম্প্রতিক মন্তব্য নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন সুদীপা। বিগ বস বাংলা দেখার অভিজ্ঞতা জানিয়ে সুদীপা লিখেছেন, প্রথমদিকে শো দেখে কিছুটা অবাক হলেও এখন অনুষ্ঠানটি তাঁর বেশ ভালোই লাগছে। তবে জিতু কমলের প্রসঙ্গ উঠতেই নিজের মতামত স্পষ্ট করেছেন তিনি। সুদীপার কথায়, জিতু থাকবেন আর কোনও বিতর্ক তৈরি হবে না, এমনটা ভাবাই যায় না। অভিনেতার মূল সমস্যা হল, তিনি নিজেকে অনেক সময় এমনভাবে তুলে ধরেন, যার ফলে মানুষ তাঁকে ভুল বোঝেন।
আর এই বিষয়টি যেন তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। জিতু নিজেকে বদলাবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সুদীপা। অভিনেতার অভিনয়ের প্রশংসা করলেও তাঁর নিজেকে প্রকাশ করার ধরন নিয়ে কটাক্ষ করেছেন তিনি। সুদীপার কথায়, ‘জিতু কমল, অসাধারণ অভিনেতা, আর ততোধিক খারাপ প্রেজেন্টার। নিজের কবর ও নিজে খুঁড়তেই বোধহয় ভালোবাসে।’ অর্থাৎ অভিনেতার প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন না থাকলেও নিজের কথাবার্তা ও আচরণের মাধ্যমে তিনি বারবার বিতর্ক তৈরি করছেন বলেই মনে করছেন সুদীপা। একসময় যাঁর হয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন, এবার সেই জিতুর বিরুদ্ধেই সরব হওয়ায় বিষয়টি নতুন করে চর্চায় এসেছে।
তবে জিতুর প্রতি সুদীপার সবচেয়ে বেশি আপত্তি তনুশ্রীর মেয়েকে নিয়ে করা মন্তব্য ঘিরে। তাঁর মতে, একজন মায়ের কাছে সন্তান অত্যন্ত আবেগের জায়গা। তাই কোনও পরিস্থিতিতেই অন্যের সন্তানকে নিয়ে এমন মন্তব্য করা উচিত নয়। সুদীপা জানিয়েছেন, জিতু হয়তো ইচ্ছাকৃতভাবে কথাটি বলেননি, কিন্তু তাতে মন্তব্যটির গুরুত্ব কমে যায় না। নিজের মাতৃত্বের অনুভূতি থেকেই বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল বলে মনে করছেন তিনি। সুদীপার কথায়, ‘তনুশ্রীর মেয়েকে নিয়ে মন্তব্য করা জিতুর উচিত হয়নি… আমি জানি, জিতু ওভাবে মিন করে বলেনি। কিন্তু সন্তান, মায়ের কাছে সবচেয়ে দুর্বল জায়গা। এখানে আঘাত করা একদম উচিত হয়নি। জানি না, বিগ বস কাল এ নিয়ে কিছু বলবে কি না। কিন্তু বলা উচিত…’।
আরও পড়ুনঃ “এই শো রাজবীরের যোগ্য নয়, তিনি ঈশ্বর!” “এত টাকা ঢালার জন্য তোমায় স্যালুট…এটা অবিশ্বাস্য!” একসময় স্বামী সৌরভের থেকেও বেশি পছন্দ ছিল রাজবীরকে! নিজের স্বামীকে সরিয়ে ক্যাপ্টেন্সির সুযোগও দিয়েছিলেন তাঁকেই, সেই রাজবীরের জন্যই এবার দর্শনার ‘ঘৃণার পাত্র’! বিগ বসের ঘরে কোন ঘটনায় বদলে গেল অভিনেত্রীর মনোভাব? তুলোধোনা করে আর কী বললেন?
অর্থাৎ জিতুর উদ্দেশ্য খারাপ না হলেও তাঁর কথায় তনুশ্রী আঘাত পেতে পারেন বলে মনে করছেন সুদীপা। সেই সঙ্গে বিগ বসের নির্মাতাদেরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। অন্যদিকে, জিতুর সমালোচনার পাশাপাশি ঘরের অন্যান্য প্রতিযোগীদের নিয়েও নিজের পছন্দের কথা জানিয়েছেন সঞ্চালিকা। মনামী ও তনুশ্রীকে তাঁর ভালো লাগে বলে জানিয়েছেন তিনি। রাজবীর দে-র মধ্যে এখনও পর্যন্ত যে সরলতা দেখেছেন, তারও প্রশংসা করেছেন সুদীপা। পাশাপাশি দুর্নিবার সাহার গানের প্রশংসা করে জানিয়েছেন, মাঝেমধ্যেই দুর্দান্ত গান শোনাচ্ছেন গায়ক। বিশেষ করে তাঁর ‘মা দে’ গানটি সুদীপার খুব ভালো লেগেছে। ফলে জিতুকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও বিগ বসের অন্য প্রতিযোগীদের প্রশংসা করতে ভোলেননি তিনি।






