বিগ বস বাংলার ঘিরে এবার নতুন করে চর্চায় অভিনেত্রী দর্শনা বণিক। সৌরভ দাসের স্ত্রী হলেও একসময় বিগ বসের ঘরে রাজবীর দে-র সবচেয়ে বড় সমর্থকদের মধ্যে ছিলেন তিনি। এমনকী নিজের স্বামী সৌরভের পরিবর্তে রাজবীরকেই চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চেয়েছিলেন দর্শনা। সৌরভ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করার পরেও রাজবীরের প্রতি তাঁর সমর্থন একইরকম ছিল। শুরু থেকেই রাজবীরের খেলা পছন্দ করতেন অভিনেত্রী। শুধু তাই নয়, ফ্যামিলি স্পেশাল উইকে সৌরভের সঙ্গে দেখা করতে বিগ বসের ঘরে গিয়েও নিজের পছন্দের প্রতিযোগীর জন্য বিশেষ সুযোগ তৈরি করে দিয়েছিলেন তিনি। ক্যাপ্টেন্সির লড়াইয়ে অংশ নেওয়ার জন্য যে বিশেষ ক্ষমতা দেওয়ার সুযোগ ছিল, সেটিও নিজের স্বামীকে না দিয়ে রাজবীরকে দিয়েছিলেন দর্শনা। অর্থাৎ, স্বামীর প্রতিযোগী হওয়া সত্ত্বেও রাজবীরের খেলাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলির পর সেই সমীকরণে বড়সড় পরিবর্তন এসেছে।
সম্প্রতি বিগ বস বাংলার শেষ ক্যাপ্টেন্সি টাস্ককে কেন্দ্র করে রাজবীর ও সৌরভের মধ্যে তীব্র সংঘাত তৈরি হয়। টাস্ক চলাকালীন দুজনের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। একে অপরকে আটকাতে গিয়ে দুজনেই আঘাত পান। সৌরভের শরীরের পুরনো ক্ষতস্থান থেকেও রক্ত বেরিয়ে আসে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিগ বস মাঝপথেই টাস্ক বন্ধ করে দিতে বাধ্য হন। প্রতিযোগীদের আচরণ নিয়ে কড়া সতর্কবার্তাও দেওয়া হয়। অতিরিক্ত হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ায় শেষ পর্যন্ত ওই সপ্তাহে কাউকেই ক্যাপ্টেন ঘোষণা করা হয়নি। এই ঘটনার পর রাজবীরের আচরণ নিয়ে দর্শকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। আর এবার সেই বিতর্কে নিজের মতামত জানালেন দর্শনা। যাঁকে একসময় নিজের স্বামীর থেকেও বেশি সমর্থন করেছিলেন, তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে যে যথেষ্ট হতাশ হয়েছেন অভিনেত্রী, তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই স্পষ্ট।
সামাজিক মাধ্যমে রাজবীরকে উদ্দেশ্য করে একটি দীর্ঘ পোস্ট করেছেন দর্শনা। সেখানে তাঁর অনুরাগীদের আচরণ এবং রাজবীরের হয়ে চলা প্রচার নিয়েও কটাক্ষ করেছেন অভিনেত্রী। দর্শনার কথায়, “দুঃখিত! কিন্তু আমাকে এটা বলতেই হবে। পিআর-এ এত টাকা ঢালার জন্য রাজবীর দে-কে স্যালুট। এটা অবিশ্বাস্য।” এরপরেই তিনি রাজবীরের অনুরাগীদের আচরণের প্রসঙ্গ তোলেন। তাঁর অভিযোগ, বিগ বসের ঘরে থাকার সময় প্রায় প্রতিদিনই রাজবীরের অনুরাগীরা কোনও না কোনও প্রতিযোগীকে বয়কট করার ডাক দিয়েছেন। কিন্তু এবার পরিস্থিতি আরও অদ্ভুত জায়গায় পৌঁছেছে। দর্শনার দাবি, রাজবীরের অনুরাগীরাই এখন সেই অনুষ্ঠান বয়কট করার কথা বলছেন, যে অনুষ্ঠান তাঁকে জনপ্রিয়তা ও পারিশ্রমিকের সুযোগ করে দিয়েছে। এমনকী যে শোয়ের জনসংযোগ দলের কাজের জন্য অর্থ খরচ করা হচ্ছে, সেই শোয়ের বিরুদ্ধেই প্রচার চালানো হচ্ছে বলে কটাক্ষ করেছেন তিনি। অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নতুন করে আলোচনা শুরু হয়েছে।
পোস্টে দর্শনা আরও লেখেন, রাজবীরের সহ-প্রতিযোগীরা খারাপ, অনুষ্ঠানটি খারাপ, এমনকী তাঁর সম্পর্কে যাঁরা নেতিবাচক কিছু লিখছেন, তাঁরাও খারাপ, তাহলে শেষ পর্যন্ত কারা ভালো? এই প্রশ্ন তুলেই রাজবীরের অনুরাগীদের অবস্থান নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি। তবে রাজবীরের খেলার দক্ষতাকে সম্পূর্ণ অস্বীকার করেননি দর্শনা। বরং তাঁর প্রতিভার প্রশংসা করে লিখেছেন, “অস্বীকার করব না, খুব ভালো খেলোয়াড়। আমার মনে হয় তার হিন্দি বিগ বসে যাওয়া উচিত ছিল। এই শো তার যোগ্য নয়।” এরপরেই ব্যঙ্গের সুরে যোগ করেছেন, “তিনি ঈশ্বর!” অর্থাৎ রাজবীরের খেলার প্রশংসা করলেও তাঁর অনুরাগীদের আচরণ এবং সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া প্রচার নিয়ে যে বিরক্ত, তা স্পষ্ট করেছেন অভিনেত্রী। বিশেষ করে একটি অনুষ্ঠান থেকে সুযোগ ও পরিচিতি পাওয়ার পর সেই অনুষ্ঠানকেই বয়কট করার ডাক দেওয়ার বিষয়টি তাঁর কাছে হাস্যকর বলেই মনে হয়েছে। দর্শনার এই পোস্টের প্রতিটি বক্তব্যেই রাজবীরকে ঘিরে তাঁর আগের সমর্থন থেকে সরে আসার ইঙ্গিত রয়েছে।
আরও পড়ুনঃ “চাপিয়ে দেওয়া হচ্ছে কী ধরনের খাবার খাবে, কী ধরনের সিনেমা দেখবে, কী ধরনের বই পড়বে?” “বাঙালি হোক বা না, জোরজুলুম করলে কী পরিণতি হয়, আমরা দেখেছি!” এই ধরনের চেষ্টা যতবার হয়েছে, মানুষ সরকার পাল্টে দিয়েছে? ফ্যাসিজমের প্রসঙ্গ টেনে হঠাৎ বিজেপি সরকারকে কেন নিশানা ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের? দিলেন কোন উপদেশ?
সব মিলিয়ে, বিগ বস বাংলার শুরু থেকে রাজবীরের পাশে থাকা দর্শনার এই অবস্থান বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একসময় সৌরভ জিততে না পারলে রাজবীরকেই চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি। এমনকী ফ্যামিলি স্পেশাল উইকেও স্বামীর পরিবর্তে রাজবীরকে ক্যাপ্টেন্সির সুযোগ দিয়েছিলেন। অথচ এখন সেই রাজবীরের সাম্প্রতিক আচরণ এবং তাঁকে ঘিরে অনুরাগীদের প্রচার নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলছেন অভিনেত্রী। শেষ ক্যাপ্টেন্সি টাস্কে সৌরভের সঙ্গে সংঘাত, দুজনের আঘাত পাওয়া এবং টাস্ক বাতিল হওয়ার ঘটনাই কি দর্শনার এই মনোভাব বদলের অন্যতম কারণ? যদিও নিজের পোস্টে এই পরিবর্তনের কারণ আলাদা করে ব্যাখ্যা করেননি তিনি, তবে সাম্প্রতিক ঘটনাগুলির পর তাঁর মন্তব্য সামনে আসায় দুইয়ের মধ্যে যোগসূত্র খুঁজছেন অনেকেই। একসময় যাঁকে স্বামীর থেকেও বেশি সমর্থন করেছিলেন, এবার তাঁর বিরুদ্ধেই এমন কটাক্ষ! দর্শনার এই পোস্ট ঘিরে বিগ বসের অনুরাগীদের মধ্যে নতুন করে শুরু হয়েছে আলোচনা।






