বিগ বস বাংলার ঘরে এখন অন্যতম চর্চিত প্রতিযোগী রাজবীর দে। শোয়ের শুরু থেকেই কখনও বন্ধুত্ব, কখনও প্রেমের সমীকরণ, আবার কখনও একের পর এক বিতর্কের কারণে শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে এবার রাজবীরকে ঘিরে নিজের জীবনের এক ভয়ংকর অতীতের কথা প্রকাশ্যে আনলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা। একসময় একটি রিয়্যালিটি শোয়ের সূত্রে রাজবীরের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। ধীরে ধীরে দুজনের মধ্যে বিশেষ বন্ধুত্ব তৈরি হয় বলেও দাবি স্যান্ডির। কিন্তু পরবর্তীকালে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন তিনি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টাও করেছিলেন স্যান্ডি। সম্প্রতি কলকাতায় একটি ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের সামনে ২০১৮ সালের সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন তিনি।
সেই সময়ের কথা বলতে গিয়ে স্যান্ডি জানান, সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণা তিনি কিছুতেই সামলে উঠতে পারছিলেন না। প্রিয় মানুষটি জীবন থেকে চলে যাওয়ার পর মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন। স্যান্ডির কথায়, তিনি ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এর পর টানা ২১ দিন হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে। নিজের শারীরিক অবস্থার ভয়াবহতা বোঝাতে গিয়ে স্যান্ডি বলেন, “আমি ফিনাইল খেয়ে নিয়েছিলাম। আমি ২১ দিন হাসপাতালে ছিলাম। আমার হার্ট, কিডনি, লিভার, পুরো ঝাঁঝরা হয়ে গিয়েছে।” ২০১৮ সালের সেই ঘটনা যে তাঁর জীবনের অন্যতম কঠিন অধ্যায়, তা স্পষ্ট তাঁর কথাতেই। সম্পর্কের টানাপোড়েন এবং কাছের মানুষের দূরে চলে যাওয়ার কষ্ট তাঁকে কতটা ভেঙে দিয়েছিল, সেই অভিজ্ঞতার কথাও অকপটে জানিয়েছেন তিনি। এতদিন ব্যক্তিগত জীবনের এই ভয়ংকর অধ্যায় প্রকাশ্যে আনেননি স্যান্ডি।
রাজবীরের সঙ্গে সেই সময় যোগাযোগ করার চেষ্টাও করেছিলেন বলে জানিয়েছেন স্যান্ডি। কিন্তু কোনওভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি জানি না, ও এই খবর জানত কি না, পরে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনওভাবেই যোগাযোগ করতে পারিনি।” অর্থাৎ নিজের জীবনের এমন কঠিন পরিস্থিতির মধ্যেও রাজবীরের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন তিনি। অন্যদিকে, হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শারীরিকভাবেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল স্যান্ডিকে। চিকিৎসকেরা তাঁকে অতিরিক্ত লাফালাফি এবং নাচানাচি করতে নিষেধ করেছিলেন। কিন্তু কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নাচ ও বিভিন্ন ধরনের পারফরম্যান্সই তাঁর পেশার গুরুত্বপূর্ণ অংশ। তাই সেই কাজ বন্ধ করে দেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না। চিকিৎসকদের পরামর্শ প্রসঙ্গে স্যান্ডি বলেন, “ডাক্তার বারণ করেছিল বেশি লাফালাফি, নাচানাচি না করতে। কিন্তু এসব বন্ধ করব কী করে, এটাই তো আমার পেশা। সেটা না করলে আমার চলবে কী করে।” দীর্ঘদিনের চেপে রাখা কথাগুলি সংবাদমাধ্যমের সামনে বলতে পেরে এখন অনেকটা হালকা লাগছে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এর আগেও রাজবীরকে নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেছিলেন স্যান্ডি। এমনকী নিজের মোবাইলে থাকা পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাটও সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করেছিলেন তিনি। সেখানে দেখা গিয়েছিল, স্যান্ডি রাজবীরকে দুবাইয়ে হানিমুনে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে রাজবীর সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন বলে দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে কটাক্ষ করে স্যান্ডি বলেছিলেন, “যে মানুষটা ৫ হাজার টাকার জন্য আমার সঙ্গে দুবাইয়ে হানিমুনে যেতে রাজি হয়ে যায়, তাঁকে নিয়ে আর কীই বা বলার আছে!” পাশাপাশি তাঁর অভিযোগ, রাজবীরের কাছে টাকাই সব। স্যান্ডির দাবি, রাজবীর নিয়মিত তাঁর কাছে ৫০ হাজার টাকা করে চাইতেন। কলকাতায় রাজবীরের শুরুর দিনগুলির কথাও তুলে ধরেছেন তিনি। স্যান্ডির বক্তব্য, একসময় শিলিগুড়ি থেকে কলকাতায় এসে থাকার জায়গা না পেয়ে তাঁর বাড়িতেই দিনের পর দিন আশ্রয় নিয়েছিলেন রাজবীর। সেই সময় তাঁকে নিজের বাড়িতে থাকতে দিয়েছিলেন স্যান্ডি।
আরও পড়ুনঃ “পড়াশোনা হচ্ছে বলে শিল্পচর্চা নষ্ট হচ্ছে, আর শিল্পচর্চা হচ্ছে বলে পড়াশোনা নষ্ট হচ্ছে, এটা আমি মানি না!” মাধ্যমিকের আগে বাথরুমে বসেও করেছেন লেখাপড়া! গান গাওয়া চালিয়েও গ্র্যাজুয়েশন ও মাস্টার্সে হয়েছেন ফার্স্ট! নাচ, গান বা আঁকাকে সঙ্গী করেই উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়া যায় না? পড়ুয়া ও অভিভাবকদের উদ্দেশে কী বার্তা দিলেন কৌশিকী চক্রবর্তী? জানেন, কতদূর পড়াশোনা করেছেন গায়িকা?
কিন্তু বর্তমানে সেই সম্পর্কের সমীকরণ সম্পূর্ণ বদলে গিয়েছে বলে দাবি স্যান্ডির। তাঁর অভিযোগ, একসময় যাঁকে নিজের অত্যন্ত কাছের বন্ধু মনে করতেন, সেই রাজবীরই এখন নিজের স্বার্থে একের পর এক মানুষকে ব্যবহার করছেন। তাঁর কথায়, “একসময় এই শহর কলকাতায় ওর মাথা গোঁজার কোনও জায়গাই ছিল না। তখন শিলিগুড়ি থেকে এসে ও আমার বাড়িতেই দিনের পর দিন কাটিয়েছে। আমি ওকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। কিন্তু এখন ও নিজের স্বার্থসিদ্ধির জন্য একের পর এক মানুষকে ব্যবহার করে চলেছে।” বিগ বসের ঘরে নন্দিনী দত্তের সঙ্গে রাজবীরের বর্তমান সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন স্যান্ডি। তাঁর দাবি, এই প্রেমের সম্পর্ক আসলে রাজবীরের খেলার কৌশল। মুম্বইয়ের একাধিক ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে নন্দিনী, সবাইকেই নিজের সাফল্যের জন্য ব্যবহার করেছেন বলে অভিযোগ তাঁর। এমনকী স্যান্ডির সঙ্গেও প্রেমের অভিনয় করেছিলেন রাজবীর, এমন দাবিও করেছেন তিনি। রিয়্যালিটি শোয়ে টিকে থাকার জন্যই রাজবীর এই ধরনের সম্পর্ক তৈরি করছেন বলে মনে করেন স্যান্ডি। যদিও রাজবীরের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ তাঁর নিজস্ব বক্তব্য। সব মিলিয়ে বিগ বসের ঘরে রাজবীরের খেলা নিয়ে চর্চার মধ্যেই স্যান্ডির এই নতুন মন্তব্য ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা।






