বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে জিতু কামাল (Jeetu Kamal) ও সৃজলা গুহর (Srijla Guha) সম্পর্কের সমীকরণ যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। কখনও প্রেমের প্রস্তাব, কখনও মান-অভিমান, আবার কখনও একে অপরের প্রতি অভিমান প্রকাশ, সব মিলিয়ে তাঁদের নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। বেশ কিছুদিন ধরেই সৃজলার মন পাওয়ার চেষ্টা করছেন জিতু। কখনও আকাশ-বাতাসকে সাক্ষী রেখে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন, কখনও আবার চিঠি লিখে মনের ভাব প্রকাশ করেছেন। যদিও সৃজলা বারবার জানিয়েছেন, জিতুর প্রতি তাঁর অনুভূতি বন্ধুত্বের। সম্প্রতি বিগ বসের ঘরে একটি চিঠি লেখার টাস্কে নতুন করে আলোচনায় আসে তাঁদের সম্পর্ক। বাড়ির পুরুষ প্রতিযোগী রাজবীর দে, সৌরভ দাস ও জিতুকে মনামী ঘোষ এবং সৃজলার উদ্দেশে চিঠি লিখতে বলা হয়। রাজবীর ও সৌরভ মনামীকে চিঠি দিলেও জিতু নিজের মনের কথা লিখে পাঠান সৃজলাকে। আর সেখান থেকেই শুরু হয় নতুন জল্পনা।
জিতুর চিঠির উত্তরে সৃজলাও তাঁকে একটি চিঠি লেখেন। সেই চিঠির একেবারে শেষে জিতুকে নিজের ‘পরিপূরক’ বলে উল্লেখ করেন অভিনেত্রী। ব্যস, এই একটি শব্দকে কেন্দ্র করেই বাড়ির মধ্যে শুরু হয়ে যায় আলোচনা। প্রতিযোগীদের একাংশের ধারণা হয়, তাহলে কি অবশেষে জিতুর প্রেমের প্রস্তাবে সম্মতি জানালেন সৃজলা? তবে অভিনেত্রী সরাসরি কোনও উত্তর দেননি। বিষয়টি নিয়ে মনামী ঘোষও নিজের মতামত জানান। তাঁর বক্তব্য, সৃজলার কথাকে সরাসরি হ্যাঁ হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। বরং এর মধ্যে হয়তো অন্য কোনও ইঙ্গিত রয়েছে। চিঠির এই পর্বের পর জিতু ও সৃজলার সম্পর্ক কোন দিকে এগোবে, তা নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয় কৌতূহল। কিন্তু এই মিষ্টি মুহূর্তের রেশ কাটতে না কাটতেই সামনে আসে আগামী পর্বের একটি ঝলক। আর সেখানেই সম্পূর্ণ অন্য মেজাজে দেখা যায় জিতুকে। সৃজলার সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিনেতা। শুধু তাই নয়, তাঁকে ‘চিটার’ বলেও আক্রমণ করতে শোনা যায়।
প্রকাশ্যে আসা ওই প্রোমোয় দেখা যায়, সৃজলার উপর রীতিমতো চিৎকার করছেন জিতু। অভিনেতাকে বলতে শোনা যায়, যাঁদের তিনি বন্ধু বলে মনে করেন, তাঁদের উপর কখনও অধিকার ফলান না। সৃজলাকে তিনি ভুল বুঝেছিলেন বলেও জানান। এরপরই তাঁকে নিজের কাছাকাছি না আসার নির্দেশ দেন জিতু। কথার উত্তাপ বাড়তে বাড়তে একসময় সৃজলাকে ‘চিটার’ বলেও সম্বোধন করেন তিনি। যে সৃজলা কিছুক্ষণ আগেই চিঠিতে জিতুকে নিজের ‘পরিপূরক’ বলে উল্লেখ করেছিলেন, তাঁর সঙ্গেই হঠাৎ এমন তিক্ততা কেন? কী এমন ঘটল যে সম্পর্কের সমীকরণ ভেঙে দেওয়ার কথা বলছেন অভিনেতা? সৃজলার কথার কোন অর্থ বুঝতে পারেননি জিতু? নাকি চিঠির উত্তরকে কেন্দ্র করেই তৈরি হয়েছে নতুন ভুল বোঝাবুঝি? যদিও প্রকাশিত ঝলকে তাঁদের ঝামেলার আসল কারণ স্পষ্ট হয়নি। ফলে আগামী পর্বে এই ঘটনার বিস্তারিত কীভাবে সামনে আসে, সেদিকেই নজর দর্শকদের।
এদিকে জিতু ও সৃজলার সম্পর্কের এই টানাপোড়েনের মাঝেই নতুন করে চর্চায় এলেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি। যদিও সেখানে কারও নাম উল্লেখ করেননি মৈত্রেয়ী, তবে তাঁর লেখার সঙ্গে বিগ বসের ঘরের সাম্প্রতিক ঘটনাগুলির মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনদের একাংশ। অভিনেত্রী লেখেন, ‘জটিল মানুষেরা নিজেরা ভালো থাকতে পারে না, কাউকে ভালো থাকতেও দেয় না। আকাশের চাঁদ পেড়ে তাদের সামনে ধরলেও বলে, চাঁদ আনলে কেন? আমার চাঁদ পছন্দ নয়, যাও তারা নিয়ে এসো।’ অর্থাৎ কাউকে খুশি করার জন্য যতই চেষ্টা করা হোক, কিছু মানুষের চাহিদা যেন কখনও শেষ হয় না। একবার কোনও কিছু চাওয়ার পর তা পূরণ হলেও পরক্ষণেই নতুন কোনও দাবি সামনে আসে। অন্য মানুষের ভালোবাসা, চেষ্টা কিংবা আত্মত্যাগের মূল্য না দিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করার মানসিকতার কথাই নিজের লেখায় তুলে ধরেছেন অভিনেত্রী। আর এই বক্তব্যের মধ্যেই সম্পর্কের এক জটিল দিক ফুটে উঠেছে বলে মনে করছেন অনেকে।
শুধু চাঁদ-তারার উদাহরণ দিয়েই থেমে থাকেননি মৈত্রেয়ী। পোস্টের পরের অংশে তিনি আরও লেখেন, ‘এদের জীবনে সমস্যার শেষ হয় না। আর যে বেচারা নিজের সবকিছু ভুলে চাঁদ তারার পিছনে ছুটে বেড়াচ্ছে তাকে খুশি করার জন্য, তার জন্য রইল চোখের জল। বাকি বুঝে নিন।’ অর্থাৎ একজন মানুষ অন্যজনকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছা, পছন্দ ও প্রয়োজনকে সরিয়ে রাখছেন, অথচ তাতেও অপর ব্যক্তির অসন্তোষ কাটছে না। বরং বারবার নতুন চাহিদার মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। মৈত্রেয়ীর এই লেখার শেষের কথাগুলিও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। সরাসরি কাউকে উদ্দেশ্য না করলেও পাঠকদের নিজেদের মতো করে অর্থ বুঝে নেওয়ার সুযোগ দিয়েছেন অভিনেত্রী। আর সেই কারণেই তাঁর পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা। বিগ বসের ঘরে জিতু ও সৃজলার সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে এই বক্তব্যের মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, একজনকে খুশি করতে গিয়ে অন্যজনের নিজের সবকিছু ভুলে যাওয়ার যে ছবি মৈত্রেয়ী তুলে ধরেছেন, তা বর্তমান পরিস্থিতির সঙ্গেও মিলে যেতে পারে।
আরও পড়ুনঃ “৩৪ বছর বাম আমলেও সরকারি কমিটিতেও ছিলাম না, ডাকও পাইনি, গত ১৫ বছরেও হয়নি ব্যতিক্রম!” এবারও কি ব্রাত্য চন্দন সেন? কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানায়নি নতুন সরকার? মুখ খুললেন অভিনেতা, মন্তব্য ঘিরে শুরু চর্চা! ক্ষোভ প্রকাশ করে ঠিক কী বললেন তিনি?
উল্লেখ্য, জিতু ও সৃজলার সম্পর্ক নিয়ে এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। জিতুর বারবার প্রেমের প্রস্তাব দেওয়া, সৃজলার কাছ থেকে উত্তর চাওয়া এবং অন্য প্রতিযোগীদের সঙ্গে তাঁর মেলামেশা নিয়ে আপত্তি প্রকাশ করার বিষয়গুলি নিয়েও দর্শকদের মধ্যে নানা মত তৈরি হয়েছে। অন্যদিকে সৃজলা জানিয়েছেন, জিতুর প্রতি তাঁর ভালোবাসা রয়েছে, তবে তা বন্ধুত্বের জায়গা থেকে। এমনকী নিজের বর্তমান সম্পর্কের জটিলতার কথাও বিগ বসের কাছে জানিয়েছেন অভিনেত্রী। তাই জিতুকে কোনও মিথ্যা আশা দিতে চান না বলেও স্পষ্ট করেছেন তিনি। এই পরিস্থিতিতে মৈত্রেয়ী মিত্রের রহস্যময় পোস্ট নতুন করে জল্পনা উসকে দিয়েছে। যদিও অভিনেত্রী কোথাও জিতু বা সৃজলার নাম উল্লেখ করেননি, তাই তাঁর লেখার প্রকৃত উদ্দেশ্য নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে নেটপাড়ার একাংশের প্রশ্ন, মৈত্রেয়ী কি বিগ বসের ঘরের এই সম্পর্কের সমীকরণকেই ইঙ্গিত করলেন? তাঁর পোস্টের সঙ্গে জিতু-সৃজলার সাম্প্রতিক ঘটনাগুলির মিল খুঁজে পেয়ে অনেকেই নিজেদের মতামত জানাচ্ছেন। এবার এই বিতর্কে আগামী দিনে নতুন কোনও মোড় আসে কি না, সেটাই দেখার।






