“চেষ্টা করলে বিএমডব্লিউ কেনাও সম্ভব, কিন্তু সুর তৈরি করা অসম্ভব!” “আমি সঙ্গীতশিল্পী অথচ নাস্তিক, এটা কখনও হতে পারে না…ঈশ্বরের সঙ্গে মিউজিশিয়ানদের সরাসরি যোগ থাকে!” গান কি শুধুই প্রতিভা আর সাধনার ফসল? সংগীতশিল্পী হতে গেলে কি শুধুই রেওয়াজ যথেষ্ট নয়? কোন জিনিসটিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন ইমন চক্রবর্তী? প্রচলিত ধারণায় নতুন আলো ফেললেন গায়িকা!

বাংলা সংগীতজগতের পরিচিত নাম ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। রবীন্দ্রসংগীত, লোকগীতি থেকে শুরু করে আধুনিক বাংলা ও চলচ্চিত্রের গান বিভিন্ন ধারার সংগীতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত (National Award) এই গায়িকার কাছে সংগীত কেবল পেশা নয়, বরং সাধনা এবং ঈশ্বরের আশীর্বাদ। সম্প্রতি এক পডকাস্টে নিজের সংগীতজীবন, আধ্যাত্মিকতা (Spirituality) এবং শিল্পীদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে এক বিশেষ দৃষ্টিভঙ্গির (Life philosophy) কথা তুলে ধরেছেন ইমন।

ইমনের মতে, প্রত্যেক শিল্পীর জীবনেই সাধনার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে একজন সংগীতশিল্পীর ক্ষেত্রে শুধু চেষ্টা করলেই সাফল্য আসে না, প্রয়োজন ঈশ্বরপ্রদত্ত প্রতিভা, নিয়মিত রেওয়াজ এবং সংগীতের প্রতি নিষ্ঠা। তাঁর কথায়, একজন শিল্পীকে আরও বেশি করে প্রকৃতি, পশুপাখি এবং সাধারণ মানুষের সঙ্গে যুক্ত থাকতে হবে। জনপ্রিয়তা পাওয়ার পরেও নিজের শিকড় ভুলে গেলে চলবে না। কারণ শিল্পী যত সাধারণ থাকবেন, শ্রোতাদের সঙ্গে তাঁর গানের সংযোগও তত গভীর হবে। তবে সংগীতশিল্পীদের সঙ্গে ভগবানের সম্পর্কের প্রসঙ্গ উঠতেই ইমনের বক্তব্য বিশেষভাবে নজর কেড়েছে।

তাঁর কথায়, “কেউ একটা বলল যে আমি মিউজিশিয়ান অ্যান্ড আই অ্যাম অ্যান এথিস্ট, এইটা খুব ভুল কথা হবে।” তাঁর ব্যাখ্যা, সংগীতশিল্পীদের সঙ্গে ঈশ্বরের একটি সরাসরি সংযোগ রয়েছে। কারণ ঈশ্বর যদি কাউকে সুর দিয়ে না পাঠাতেন, তাহলে তাঁর পক্ষে গান গাওয়াই সম্ভব হতো না। এই প্রসঙ্গে উদাহরণ টেনে ইমন বলেন, “চেষ্টা করে তুমি একটা BMW কিনতে পারো, কিন্তু চেষ্টা করে তুমি সুরটা লাগাতে পারবে না।” অর্থাৎ কঠোর পরিশ্রম করে অনেক কিছু অর্জন করা সম্ভব হলেও সুরের মতো বিশেষ প্রতিভা কেবল চেষ্টার মাধ্যমে তৈরি করা যায় না। এর পিছনে রয়েছে এক অদৃশ্য শক্তির আশীর্বাদ।

ইমন আরও মনে করেন, শুধু গায়ক বা গায়িকাই নন, গীতিকার, সুরকার এবং সংগীতের সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষের সঙ্গেই এই আধ্যাত্মিক সংযোগ থাকা প্রয়োজন। তাঁর মতে, সংগীতের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নিয়মিত অনুশীলনের পাশাপাশি নিজের ভিতরেও সেই সংযোগ তৈরি করতে হবে। আধ্যাত্মিকতা, প্রকৃতির কাছাকাছি থাকা এবং নিজেকে সাধারণ মানুষ হিসেবে ধরে রাখার মধ্য দিয়েই একজন শিল্পী নিজের সৃষ্টিকে আরও সমৃদ্ধ করতে পারেন। তাঁর এই বক্তব্যে স্পষ্ট, সংগীতকে তিনি শুধুমাত্র কণ্ঠের দক্ষতা নয়, বরং ঈশ্বরের দেওয়া এক বিশেষ দায়িত্ব হিসেবেও দেখেন।

আরও পড়ুনঃ “দেব আর জিতের মতো সুপারস্টার হতে পারলেন না অঙ্কুশ ও বনি…পাবলিক রিলেশন দিয়ে কোনওদিন কোনও আর্টিস্ট তৈরি হয় না” “শুধু রাজনীতি না, ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে হয়তো কোথাও আমি থাকতে পারিনি তাই এই হাল” বি*স্ফোরক চরিত্রাভিনেতা দেবরঞ্জন নাগ! বাংলা বিনোদন জগতের অন্দরের চরম সত্য সামনে আনলেন তিনি? জানালেন, তারকাদের পর্দায় কম দেখা যাওয়ার অন্যতম কারণ কী?

নিজের জীবনেও আধ্যাত্মিকতার গুরুত্ব অনুভব করেন ইমন। পডকাস্টে তিনি জানান, ধ্যানের জন্য মরক্কোর মেডিটেটিভ মিউজিক কিংবা বাঁশিবাদক হরিপ্রসাদ চৌরাসিয়ার সুর শোনেন। তাঁর কাছে এই সংগীত মানসিক শান্তির অন্যতম মাধ্যম। জনপ্রিয়তা, পুরস্কার কিংবা পরিচিতির চেয়েও একজন মানুষ এবং শিল্পী হিসেবে নিজেকে প্রতিদিন আরও সমৃদ্ধ করে তোলাকেই বেশি গুরুত্ব দেন তিনি। সব মিলিয়ে ইমনের বক্তব্যে উঠে এল এক অন্য উপলব্ধি, সংগীত শুধু মানুষের সাধনার ফল নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ঈশ্বরের আশীর্বাদ এবং এক গভীর আধ্যাত্মিক সম্পর্ক।

You cannot copy content of this page