বিগ বস বাংলা (Bigg Boss Bangla) থেকে শারীরিক অসুস্থতার কারণে মাঝপথেই সরে দাঁড়াতে হয়েছিল ঝিলাম গুপ্তকে (Jhilam Gupta)। পিত্তথলিতে পাথর ধরা পড়ার পর অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে। শো থেকে বেরিয়ে চিকিৎসার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু এবার শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবে ভালো না থাকার কথাও প্রকাশ্যে জানালেন ঝিলাম। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর অভিযোগ করেছেন, বিগ বসে অংশ নেওয়ার পর থেকে তাঁকে লাগাতার কটাক্ষ ও কুরুচিকর মন্তব্যের মুখে পড়তে হচ্ছে। এমনকী তাঁর মৃত্যু কামনা করেও মন্তব্য করছেন অনেকে। এই ধরনের আক্রমণ তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে বলে জানিয়েছেন ঝিলাম। পোস্টে নিজের কষ্টের কথা তুলে ধরে তিনি বুঝিয়েছেন, প্রতিদিনের এই নেতিবাচক মন্তব্য তাঁর মনে কতটা গভীর প্রভাব ফেলছে।
সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ঝিলাম লেখেন, ‘সোশ্যাল মিডিয়া না থাকলে কোনোদিন জানতেই পারতাম না, আমার জন্য এই পৃথিবীতে এত ঘৃণা জমা আছে।’ তাঁর অভিযোগ, প্রতিদিন তাঁর বিভিন্ন ভিডিওর কমেন্টে বহু মানুষ এসে অপমানজনক কথা লেখেন। কেউ তাঁকে মনে করিয়ে দেন, তাঁর জন্মটাই নাকি পাপ, আবার কেউ সরাসরি তাঁর মৃত্যু কামনা করেন। ঝিলাম জানিয়েছেন, সেই মন্তব্যগুলি পড়তে না চাইলেও চোখের সামনে চলে আসে, যা তাঁকে কাঁদিয়ে তোলে এবং অসহায় করে দেয়। তিনি প্রশ্ন তুলেছেন, এমন কী অপরাধ করেছেন তিনি? তাঁর কথায়, তিনি চোর বা ডাকাত নন, ধর্ষক নন, কারও অধিকার কেড়ে নেননি কিংবা কারও সম্পত্তি লুট করেননি। তাঁর অপরাধ বলতে একটি রিয়্যালিটি শোয়ে অংশ নেওয়া, যেখানে তাঁকে অনেকের পছন্দ হয়নি। আর সেই অপছন্দের কারণেই কি তাঁকে এমন ঘৃণা ও মৃত্যুকামনার মুখোমুখি হতে হবে, সেই প্রশ্নই তুলেছেন ঝিলাম।
এই অনলাইন আক্রমণের প্রভাব যে শুধু তাঁর নিজের মধ্যেই সীমাবদ্ধ নেই, পরিবারের উপরেও পড়ছে, সে কথাও জানিয়েছেন ঝিলাম। তাঁর বাবা সোশ্যাল মিডিয়ার এই মন্তব্যগুলি পড়েন বলে জানিয়েছেন তিনি। ফলে বাবার প্রতিক্রিয়া নিয়েও সারাক্ষণ উদ্বেগের মধ্যে থাকেন ঝিলাম। তাঁর ভয় হয়, এই মন্তব্যগুলি নিয়ে বাবা কখনও তাঁর সঙ্গে কথা বললে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। নিজের শারীরিক অবস্থার কথাও পোস্টে উল্লেখ করেছেন তিনি। ঝিলাম জানিয়েছেন, তিনি নিয়মিত উচ্চ রক্তচাপ ও হৃদযন্ত্রের সমস্যার ওষুধ খান। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে, তারপরও জীবিকার প্রয়োজনে কাজ শুরু করেছেন এবং স্বাভাবিক থাকার চেষ্টা করছেন। কিন্তু প্রতিদিনের মানসিক আঘাত তাঁকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। তাঁর উপলব্ধি, মানসিক অবসাদ তাঁকে গ্রাস করতে শুরু করেছে। কাছের মানুষরা থেরাপিস্টের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন, কিন্তু নিজের মানসিক কষ্ট আদৌ চিকিৎসার পর্যায়ে পৌঁছেছে কি না, তা বুঝে উঠতে পারছেন না তিনি।
ঝিলাম আরও জানিয়েছেন, অস্ত্রোপচারের পর ভেবেছিলেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন এবং মানসিকভাবেও ভালো থাকবেন। কিন্তু বাস্তবে সেই আশা পূরণ হয়নি। তাঁর কথায়, ‘সবে অপারেশন হয়েছে, তাও জীবিকার তাগিদে আমি কাজ করা শুরু করেছি। হাসি খুশি থাকার চেষ্টা করছি। তবুও আমি বুঝতে পারছি আমাকে মানসিক অবসাদ গ্রাস করা শুরু করে দিয়েছে।’ কাছের মানুষের পরামর্শ সত্ত্বেও থেরাপিস্টের কাছে যাওয়ার বিষয়টি এখনও হয়ে ওঠেনি তাঁর। নিজের মনের ক্ষত কতটা গভীর, সেটাও বুঝতে পারছেন না তিনি। পোস্টের শেষে ঝিলাম স্পষ্ট জানিয়েছেন, অস্ত্রোপচারের পর ভালো থাকবেন ভেবেছিলেন, কিন্তু তিনি ভালো নেই। বিগ বসের ঘরে তাঁর আচরণ কিংবা খেলাকে কেন্দ্র করে দর্শকদের মতভেদ থাকতেই পারে, কিন্তু সেই মতামত প্রকাশের নামে ব্যক্তিগত আক্রমণ, অপমান কিংবা মৃত্যুকামনা যে তাঁকে কতটা মানসিক যন্ত্রণার মধ্যে ফেলছে, তা তাঁর লেখার প্রতিটি অংশেই স্পষ্ট হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ বাবাকে হারিয়ে ছোটবেলা থেকেই কঠিন লড়াই, বন্ধুদের কাছে অবহেলা, অপমান আর ব্যর্থতাকে সঙ্গী করেই মুম্বইয়ে পরিচিতি গড়ার চেষ্টা! একসময় যাঁকে নিয়ে সমালোচনা, বিগ বসের ঘরে ব্রাত্য সেই রাজবীর দে আজ বিগ বস বাংলার ফাইনালে! স্বপ্নপূরণ থেকে আর এক ধাপ দূরে উত্তরবঙ্গের শুভম! দর্শকের সমর্থন ও ভালোবাসায় ট্রফি কি উঠবে তাঁর হাতেই?
তবে সমস্ত নেতিবাচক মন্তব্যের মধ্যেও একটি ছোট্ট ঘটনা মন ভালো করে দিয়েছে ঝিলামের। তিনি জানিয়েছেন, শ্রীরামপুরের এক রিকশাচালক, যাঁকে তিনি ‘কাজল কাকু’ বলে ডাকেন, তাঁর আন্তরিক ব্যবহার তাঁকে নতুন করে ভালোবাসার অনুভূতি দিয়েছে। বাড়ি ফেরার পথে কাজল কাকুর রিকশায় ওঠেন ঝিলাম। তাঁকে দেখে কাকু স্নেহের সুরে জিজ্ঞেস করেন, ‘আজ এত দেরিতে ফিরলি?’ এই সাধারণ প্রশ্নের মধ্যেই যেন লুকিয়ে ছিল অনেকটা আপন করে নেওয়া। কাজল কাকু আরও জানান, ঝিলামের কথা মতো তিনি ঠিকঠাক খাওয়াদাওয়া করছেন এবং আগের চেয়ে তাঁর শরীরও ভালো হয়েছে। উত্তরে ঝিলামও তাঁকে ভালো করে খাওয়াদাওয়া করে ‘বিন্দাস’ থাকার পরামর্শ দেন। সোশ্যাল মিডিয়ার শত শত কুরুচিকর মন্তব্যের মাঝে একজন সাধারণ মানুষের এই আন্তরিক খোঁজ নেওয়া তাঁকে আবেগপ্রবণ করে তোলে। ঝিলাম লেখেন, ‘কাকার গলায় “আজ এত দেরিতে ফিরলি?” শুনে মনে হলো, যাক, সবাই আমায় ঘেন্না করে না। কিছু লোক আজও মন থেকে আমার কুশল জানতে চায়। কিছু মানুষের কাছে আমি পাপ নই…’ তাঁর এই পোস্ট সামনে আসতেই বহু অনুরাগী ও শুভানুধ্যায়ী তাঁর পাশে দাঁড়িয়েছেন এবং তাঁকে সাহস রাখার বার্তা দিয়েছেন।






“রাজবীর সবার সঙ্গেই এমন…ওর একটা নিজস্ব ধরন আছে!” “ঘরে থাকতে হয়তো আমিই ওকে বেশি…” নন্দিনী বেরিয়ে আসতেই সৃজলার সঙ্গে রাজবীরের বাড়তি কথাবার্তা ও ঘনিষ্ঠতা নিয়ে দর্শকদের জল্পনা, তবে কি বিগ বসের ঘরের সম্পর্ক নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে? এবার রাজবীরের স্বভাব নিয়ে মুখ খুলে ভিতরের সমীকরণে নতুন ব্যাখ্যা দিলেন নন্দিনী দত্ত! প্রেমিককে নিয়ে কী জানালেন অভিনেত্রী?