টলিউডের গায়িকা দেবলীনা নন্দী এবং তাঁর স্বামী প্রবাহ নন্দীর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এখন প্রকাশ্যে। দু’জনের মধ্যে আইনি লড়াই চলার মাঝেই একের পর এক অভিযোগ এবং পাল্টা অভিযোগ সামনে আসছে। সম্প্রতি দেবলীনা সাংবাদিক বৈঠক করে স্বামীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। সেই ঘটনার কয়েক দিন আগেই অবশ্য নিজের অবস্থান জানিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন প্রবাহ নন্দী। তিনি তাঁদের সম্পর্কের শুরুর সময়ের কথা তুলে ধরে দাবি করেন, প্রথমদিকে সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করে। আর সেই পরিবর্তনের পেছনে তিনি একটি নির্দিষ্ট কারণকেই দায়ী করেছেন।
সম্প্রতি প্রবাহ ফের জানান, “আমরা শুরুতে দু’ জনে খুশি ছিলাম। আমাদের মতের কোনও অমিল ছিল না। ডেট করা যখন শুরু করি, তখন আমাদের মধ্যে কোনও সমস্যা ছিল না।” তাঁর দাবি, প্রেমের সময় কিংবা সম্পর্কের প্রথম পর্বে কোনও বড় মতবিরোধ তৈরি হয়নি। বরং দু’জনেই নিজেদের মতো করে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। পারস্পরিক বোঝাপড়াও ছিল যথেষ্ট ভালো। কিন্তু পরবর্তীকালে এমন কিছু বিষয় সামনে আসে, যা তাঁদের সম্পর্কে অশান্তির কারণ হয়ে দাঁড়ায় বলে তাঁর বক্তব্য। সেই সময় থেকেই ধীরে ধীরে দূরত্ব বাড়তে শুরু করে। প্রবাহর দাবি, “যেটা নিয়ে পরে সমস্যা শুরু হয়, সেটা হলো ওঁর মায়ের জড়িয়ে যাওয়া। আমার আর দেবলীনার মধ্যে সব ব্যাপারে উনি তৃতীয় ব্যক্তি হিসাবে ঢুকে পড়তেন।”
তাঁর অভিযোগ, দাম্পত্য জীবনের নানা সিদ্ধান্তেও দেবলীনার মা প্রভাব বিস্তার করতেন। তিনি আরও বলেন, “সব কিছুর ক্ষেত্রেই দেবলীনার মা সিদ্ধান্ত নিতেন। যদি আমি বর হিসাবে কিছু বলতাম, তা হলে উনি বিরোধিতা করতেন। সেই কারণে একটা সময়ে আমি আর কিছু বলতামই না।” প্রবাহর মতে, এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলতে থাকায় সম্পর্কের উপর তার প্রভাব পড়তে শুরু করে। নিজের বক্তব্যের সমর্থনে একটি নির্দিষ্ট ঘটনার কথাও তুলে ধরেন প্রবাহ। তিনি বলেন, “যেমন আমি বাইরে থেকে ফিরে এলাম। ওঁর মা ফ্ল্যাটে থাকতেন দেবলীনার সঙ্গে। তাতে কোনও সমস্যা নেই। তারপর ওঁর বাড়ি ফেরার জন্য ক্যাব বুক করা হলো।
ক্যাবে উঠেই উনি বললেন, ড্রাইভার মদ খেয়ে আছেন। আমরা বললাম, ক্যাব বদলে দিচ্ছি। তখন উনি বলতেন, টাকা নষ্ট করতে চান না। সেই চিন্তাটা আমাদের নিতে হতো তখন।” এই ঘটনার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, ছোটখাটো বিষয় নিয়েও তাঁদের মধ্যে মতবিরোধ তৈরি হতো। সেই সব পরিস্থিতি সামলাতে গিয়ে সমস্যাও বাড়ত বলে দাবি তাঁর। প্রবাহ আরও অভিযোগ করেন, “আর মা-মেয়ের মধ্যে অনেক সময়ে বিশ্রী ঝামেলা চলত।” তাঁর মতে, সেই পারিবারিক অশান্তির প্রভাবও তাঁদের সম্পর্কে পড়ছিল। তিনি বলেন, “আমি বলতাম, প্লিজ মা-মেয়ের ঝামেলাটা বাইরে রেখে আসতে, না হলে আমাদের সম্পর্কে নেগেটিভ প্রভাব পড়তে পারে।” প্রবাহর দাবি, তিনি একাধিকবার পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছিলেন।
আরও পড়ুনঃ “চোখের সামনে দেড় লিটার র’ক্তব’মি করেছিলেন বাবা…” অ্যাকাউন্টে মাত্র সাত হাজার টাকা, অম্বরীশ ভট্টাচার্যের জীবনে বিভী’ষিকাময় রাত! মৃ’ত্যুর ঠিক আগে বাবার সঙ্গে কী কথা হয়েছিল অভিনেতার, যা চিরতরে বদলে দিয়েছিল তাঁর জীবন? আজও বাবার সেই শেষ মুহূর্তের কথাকেই জীবনের মন্ত্র হিসেবে মেনে চলছেন তিনি ?
কিন্তু ধীরে ধীরে সেই সমস্যা আরও জটিল হয়ে ওঠে। ফলে সম্পর্কের ভিত দুর্বল হতে শুরু করে বলেই তাঁর বক্তব্য। অন্যদিকে দেবলীনা নন্দী ইতিমধ্যেই প্রবাহর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে এনেছেন। সেই অভিযোগ ঘিরে শুরু হয়েছে আইনি প্রক্রিয়াও। দুই পক্ষই নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরছেন। ফলে এই মুহূর্তে বিষয়টি নিয়ে চর্চা তুঙ্গে। তবে কোন পক্ষের দাবি কতটা সত্য এবং আদালতের বিচারে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত সামনে আসে, সেটাই এখন দেখার অপেক্ষা।






