শুটিং ফ্লোরে সাধারণত আলো, ক্যামেরা আর ব্যস্ততার শব্দই ভেসে আসে। কিন্তু সম্প্রতি সেই চেনা পরিবেশেই হঠাৎ ধরা পড়েছে এমন কিছু চিহ্ন, যা দেখে স্বাভাবিকভাবেই অস্বস্তি ছড়িয়েছে গোটা ইউনিটে! পূর্বজন্মের রহস্যের দিকেই গল্প যখন এগোচ্ছে, তখন সেই শুটিং ফ্লোরেই ঘটছে সব অদ্ভুত কাণ্ড? জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর (Chirodini Tumi Je Amar) সেটে সম্প্রতি এমনই এক ঘটনার দাবি উঠেছে, যা নিয়ে চর্চা তুঙ্গে। ধারাবাহিকে অপর্ণার জীবনে রাজনন্দিনীর রহস্যময় উপস্থিতি যেমন গল্পকে ভৌতিক আবহ দেয়, তেমনই বাস্তবের শুটিং ফ্লোরেও নাকি মিলেছে অশরীরির উপস্থিতির ইঙ্গিত?
যা দেখে প্রথমে অনেকে অবিশ্বাস করলেও পরে চমকে গিয়েছেন। ঘটনার সূত্রপাত একটি মেকআপ রুমকে ঘিরে। অভিনেত্রী সৌমিলি দাস, যিনি ধারাবাহিকে অপর্ণার ঘনিষ্ঠ বান্ধবী ‘রুম্পা’র চরিত্রে অভিনয় করছেন, সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানান তাঁদের অভিজ্ঞতার কথা। সেখানে দেখা যায় আয়নার উপর উল্টো পায়ের ছাপ, যেন কোনও শিশুর ছোট পা! শুধু তাই নয়, পাশাপাশি দু’টি হাতের ছাপও ধরা পড়ে, যা আকারে প্রাপ্তবয়স্ক মানুষের মতো বলেই তাঁদের ধারণা।
কীভাবে এই ছাপ এল? কেনই বা এমনভাবে উল্টো হয়ে রইল? এই প্রশ্নের উত্তর কারও জানা নেই। প্রথমে বিষয়টি হালকাভাবে নিলেও চোখের সামনে প্রমাণ দেখে তাঁদের অস্বস্তি বাড়ে বলেই জানান তিনি। একই অভিজ্ঞতার কথা ভাগ করেছেন ধারাবাহিকের অন্য অভিনেতা শ্যামাশিস পাহাড়ি, যিনি অপর্ণার বাবা সতীনাথের ভূমিকায় অভিনয় করছেন। তাঁর কথাতেও মিলেছে একই রকম বিস্ময়ের সুর। ইউনিটের একাধিক সদস্য নাকি সেই ছাপ নিজের চোখে দেখেছেন!
তবে সেটে কোনও ছোট বাচ্চার উপস্থিতি ছিল না, আর মেকআপ রুমে এমন চিহ্ন পড়ারও কথা নয়। ফলে বিষয়টি নিয়ে কৌতূহল যেমন তৈরি হয়েছে, তেমনই রয়ে গেছে রহস্যও। অবশ্য অনেকেই মনে করছেন, এটি হয়তো নিছক কাকতালীয় বা কারও মজার ছল। কারণ শুটিং ফ্লোরে নানান লোকের আনাগোনা লেগেই থাকে। কিন্তু যাঁরা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন, তাঁদের বক্তব্যে একটা অস্বস্তির আভাস স্পষ্ট। বিশেষ করে ধারাবাহিকের গল্প যখন পুনর্জন্ম আর অতীতের ছায়া ঘিরে, তখন বাস্তবের এই ঘটনার সঙ্গে কল্পকাহিনির অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন অনেকে।
আরও পড়ুনঃ “স্বনির্ভর হলে অ্যালুমিনি নাও পেতে পারেন, কিন্তু সন্তানের দায়িত্ব থেকে বাবা সরে দাঁড়াতে পারেন না!” বিবাহবিচ্ছেদ ও খোরপোশ ইস্যুতে স্পষ্ট বার্তা পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের! তবে কি সন্তানের দায়িত্ব নিয়ে আইনের দিকেই ঝুঁকলেন তিনি?
ফলে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনাও কম হচ্ছে না। এদিকে ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জনও মাঝে মাঝে শোনা যাচ্ছে। নায়ক-নায়িকার পরিবর্তন, প্রযোজনা সংস্থার সঙ্গে চ্যানেলের টানাপোড়েন মিলিয়ে নানান সময়ে প্রশ্ন উঠেছে ভবিষ্যৎ নিয়ে। যদিও বর্তমান জুটি জানিয়েছেন, আপাতত শেষ হওয়ার কোনও খবর নেই। তার মধ্যেই এই ভৌতিক ঘটনার দাবি যেন আরও একবার দর্শকের দৃষ্টি টেনে আনল গল্পের দিকে। সত্যিই অলৌকিক কিছু, নাকি এর পেছনে অন্য ব্যাখ্যা আছে সেটা সময়ই বলবে। তবে আপাতত ‘চিরদিনই তুমি যে আমার’-এর সেট ঘিরে রহস্যের আবহ আরও গাঢ় হয়েছে।






