বিনোদন জগতের তারকাদের আমরা সাধারণত বড় পর্দা বা টেলিভিশনের চরিত্রের মধ্যেই দেখে থাকি। কিন্তু ক্যামেরার সামনে যে অভিনয়টি দর্শকদের মুগ্ধ করে, তার পিছনে থাকে বহু বছরের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ আর জীবনের নানা রঙের গল্প। অনেক সময় অভিনেতারা নিজেরাই সেই অভিজ্ঞতার কথা শোনান—কীভাবে একটি চরিত্র তৈরি হয়, কীভাবে বাস্তব জীবনের মানুষদের দেখেই জন্ম নেয় অভিনয়ের নানা সূক্ষ্ম মুহূর্ত। সেই সব কথাই দর্শকদের কাছে আলাদা কৌতূহলের বিষয় হয়ে ওঠে।
বাংলা বিনোদন জগতের এমনই এক পরিচিত মুখ হলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) । প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন। সিনেমা, টেলিভিশন কিংবা মঞ্চ—সব জায়গাতেই তাঁর উপস্থিতি দর্শকদের কাছে আলাদা আনন্দের। বিশেষ করে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় এবং কমিক টাইমিং বহু দর্শকের মন জয় করেছে বহুবার।
তবে শুধু অভিনয়ই নয়, বিভিন্ন সময়ে রাজনীতির কারণেও খবরের শিরোনামে উঠে এসেছেন কাঞ্চন মল্লিক। রাজনৈতিক মঞ্চে সক্রিয় থাকার পাশাপাশি তিনি অভিনয়ের জগতেও নিজের কাজ চালিয়ে গিয়েছেন সমান তালে। ফলে ব্যক্তিগত জীবন, রাজনৈতিক অবস্থান এবং অভিনয়—সব মিলিয়ে তাঁকে নিয়ে আলোচনা প্রায়ই হয় বিনোদন মহলে।
সম্প্রতি এক আলোচনায় নিজের অভিনয় জীবনের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। কাঞ্চনের কথায়, এখন এই বয়সে এসে তাঁর মনে হয় অভিনয় জীবনের শুরুর দিকের অনেক কাজই তিনি “ওপর ওপর” করে ফেলেছিলেন। তাঁর ভাষায়, তখন অনেকটা ইনস্টিংক্টিভ বা অনুভূতির উপর নির্ভর করেই অভিনয় করতেন, কিন্তু চরিত্রের গভীরে গিয়ে ডুব দেওয়ার অভিজ্ঞতা তখন এতটা ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনের অভিজ্ঞতা যেমন বাড়ে, তেমনই একজন অভিনেতার ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা অভিনয়কে অন্য মাত্রা দেয় বলেই মনে করেন তিনি।
আরও পড়ুনঃ দীপা’র অধ্যায় শেষ! ‘অনুরাগের ছোঁয়া’ শেষের কয়েক মাসের মধ্যেই ফিরলেন স্বস্তিকা, সমাজ ‘নতুন সফর শুরু’ পোস্ট! কীসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী? এবার কি বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনিও?
কাঞ্চন মল্লিক আরও বলেন, একজন অভিনেতার আসল শিক্ষা হয় মানুষের ভিড়ের মধ্যেই। তাঁর কথায়, রাস্তায় হাঁটলেই চোখে পড়ে অসংখ্য মানুষ, আর প্রতিটি মানুষের মধ্যেই লুকিয়ে থাকে আলাদা আলাদা চরিত্র। সেই চরিত্রগুলোকে তিনি নাকি নীরবে “চুরি” করে নেন নিজের অভিনয়ের জন্য। কখনও কারও হাঁটার ভঙ্গি, কখনও কারও কথা বলার ভঙ্গি বা ছোট্ট কোনো আচরণ—এসবই তাঁর মনে গেঁথে যায়। পরে কোনো চরিত্রে অভিনয় করার সময় সেই বাস্তব মানুষগুলোর ছায়া তিনি ব্যবহার করেন। তবে মজার ছলেই কাঞ্চন স্বীকার করেছেন, জীবনে এমন অনেক মানুষের চরিত্র তিনি অভিনয়ের জন্য ‘চুরি’ করেছেন যাঁদের কখনও ধন্যবাদও জানানো হয়নি। তাঁর মতে, একজন শিল্পীর কাছে চারপাশের মানুষই আসল শিক্ষক, আর তাদের থেকেই জন্ম নেয় পর্দার সবচেয়ে জীবন্ত ও বিশ্বাসযোগ্য চরিত্র।






