সাম্প্রতিক সময়ে একের পর এক কারণে শিরোনামে উঠে এসেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের বিদ্রোহী সাংসদদের দলে তাঁর নাম ঘিরে শুরু হয় জোর আলোচনা। এরপর সামনে আসে আরও একটি বড় খবর। দীর্ঘ ১৬ বছর ধরে সঞ্চালনা করা জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ২০১০ সাল থেকে টানা এই অনুষ্ঠানের মুখ ছিলেন রচনা। তবে ২০২৬ সালে এসে সেই দীর্ঘ পথচলায় ইতি টানল চ্যানেল। নতুন অর্থাৎ দশম সিজনের সঞ্চালক হিসেবে দেখা যাবে স্বস্তিকাকে।
তবে রচনার এই দীর্ঘ সফর মোটেই সহজ ছিল না। ‘দিদি নম্বর ১’-এর মঞ্চেই একসময় নিজের জীবনের একটি অজানা ঘটনার কথা জানিয়েছিলেন তিনি। তখন বাংলা এবং ওড়িয়া ছবিতে তিনি প্রতিষ্ঠিত অভিনেত্রী। পাশাপাশি বলিউডেও অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করে ফেলেছেন। অন্যদিকে ব্যক্তিগত জীবনেও চলছিল কঠিন সময়। স্বামী প্রবাল বসুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ছিল। সেই সময় ছেলে রৌনকের বয়স মাত্র তিন বছর। সংসার, সন্তান এবং শুটিং, সবকিছু একসঙ্গে সামলাতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছিল।
রচনা জানান, শুটিং শেষ করে যত দ্রুত সম্ভব বাড়ি ফিরতে চাইতেন, যাতে ছেলের সঙ্গে বেশি সময় কাটানো যায় এবং তার পড়াশোনারও খেয়াল রাখতে পারেন। সেই কারণেই তিনি প্রায় নিয়মিত মেট্রোতে যাতায়াত করতেন। কিন্তু একজন পরিচিত মুখ হিসেবে সাধারণ মানুষের ভিড়ে চলাফেরা সহজ ছিল না। তাই গাড়ি থেকে নামার আগে তিনি বোরখা পরে নিতেন। এরপর মেট্রোয় উঠে কালীঘাট স্টেশনে পৌঁছতেন। সেখানে আগে থেকেই তাঁর জন্য একটি গাড়ি অপেক্ষা করত। সেই গাড়িতেই তিনি বাড়ি ফিরতেন। এই পুরো বিষয়টি তিনি নিজেই ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে খোলাখুলি জানিয়েছিলেন।
এদিকে ‘দিদি নম্বর ১’ থেকে আচমকা বাদ পড়ার ঘটনায় রচনা নিজের অসন্তোষও প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, রাজনীতির ব্যস্ততা সামলেও তিনি দিনের পর দিন নিরলস পরিশ্রম করে শুটিং করেছেন। ঘুমহীন রাত কাটিয়েও কাজ শেষ করেছেন। ব্যক্তিগত জীবনের নানা সমস্যা সত্ত্বেও অনুষ্ঠানটির সঙ্গে এত বছর যুক্ত ছিলেন। তাঁর অভিযোগ, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে বা তাঁর টিমকে আগাম কোনও নোটিস কিংবা ন্যূনতম সময় দেওয়া হয়নি। তিনি বলেন, “ন্যূনতম সৌজন্যটুকু বজায় রাখা উচিত ছিল।” যদিও একইসঙ্গে নতুন সঞ্চালক স্বস্তিকা মুখোপাধ্যায়কে আগামী দিনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ‘হেরে যায়নি, হারিয়ে দেওয়া হয়েছে!’ ‘অন্তত ফার্স্ট রানারআপ ওর প্রাপ্য ছিল, অন্যায় হয়েছে!’ যে গলায় বারবার মঞ্চ কেঁপেছে, শেষ পর্যন্ত সে খালি হাতে! ট্রফি না পেলেও মন জিতেছে সায়ন্তনী ঘোষ! ‘সারেগামাপা’র ফল ঘোষণার পর সামাজিক মাধ্যমে ক্ষো’ভের ঝড়, প্রশ্নের মুখে বিচার!
এখন দর্শকদের নজর নতুন অধ্যায়ের দিকে। সঞ্চালক বদলের পর ‘দিদি নম্বর ১’ দর্শকদের কতটা মন জয় করতে পারে, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। সোমবার, ২৯ জুন থেকে রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচার শুরু হচ্ছে অনুষ্ঠানের নতুন সিজন। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঞ্চালনায় শোয়ের নতুন যাত্রা কতটা সফল হয়, তা বোঝা যাবে আগামী কয়েক সপ্তাহের টিআরপি তালিকায়। অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অবদান এবং তাঁর ব্যক্তিগত জীবনের সেই অজানা সংগ্রামের গল্পও নতুন করে আলোচনায় উঠে এসেছে।






