“অনেকেই ভাবেন আমি হয়তো…” স্ত্রী পায়েল দে-এর সঙ্গে দাম্পত্য ভাঙনের গুঞ্জন, প্রায় ছয় মাস পর্দা থেকে দূরে দ্বৈপায়ন দাস! অবশেষে ধারাবাহিকে ফিরতেই, অভিনেতা জানালেন কোন কারণ?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ দ্বৈপায়ন দাসকে বেশ কিছুদিন পর আবার ধারাবাহিকে দেখতে পেয়ে খুশি দর্শকরা। প্রায় ছয় মাসেরও বেশি সময় তাঁকে ছোটপর্দায় দেখা যায়নি। অনেকেই ভেবেছিলেন, হয়তো অভিনয় থেকে দূরে সরে গিয়েছেন তিনি। তবে সেই জল্পনায় জল ঢেলে অভিনেতা ফিরেছেন নতুন ধারাবাহিক ‘গঙ্গা’-য়। এবার তাঁকে দেখা যাচ্ছে নায়কের দাদার চরিত্রে, যা আগের চরিত্রগুলোর থেকে বেশ আলাদা। দীর্ঘ বিরতির পর তাঁর প্রত্যাবর্তন নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছিল দর্শকমহলে। কেন তিনি কাজ থেকে সরে ছিলেন, তা নিয়েও নানা প্রশ্ন উঠেছিল। অবশেষে সেই কারণ নিজেই স্পষ্ট করলেন অভিনেতা।

এর আগে দ্বৈপায়নকে দর্শক দেখেছিলেন ‘দুই শালিখ’ ধারাবাহিকে। সেই কাজ শেষ হওয়ার পর হঠাৎই পর্দা থেকে উধাও হয়ে যান তিনি। এই সময়ের মধ্যে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও নানা আলোচনা হয়। স্ত্রী তথা অভিনেত্রী পায়েল দে-র সঙ্গে সম্পর্ক নিয়ে সমাজমাধ্যমে কম চর্চা হয়নি। যদিও দু’জনেই বারবার জানিয়েছেন, ব্যক্তিগত বিষয়কে আলোচনার বাইরে রাখতেই তাঁরা স্বচ্ছন্দ। দ্বৈপায়ন নিজেও প্রচারের আলো থেকে খানিক দূরেই থাকতে ভালোবাসেন। সাক্ষাৎকার, প্রচার কিংবা অযথা চর্চা তাঁর পছন্দ নয় বলেই ঘনিষ্ঠ মহলের দাবি। তাই দীর্ঘদিন দেখা না যাওয়ায় নানা গুঞ্জন তৈরি হলেও তিনি নীরবই ছিলেন।

অভিনেতা জানান, ‘দুই শালিখ’-এর পর কিছুদিন তিনি নিজের ইচ্ছাতেই কাজ থেকে বিরতি নিয়েছিলেন। টানা কাজের ব্যস্ততার পর একটু সময় নিজের মতো কাটাতে চেয়েছিলেন। কিন্তু সেই বিরতির মধ্যেই জীবনে নেমে আসে কঠিন সময়। তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর মাকে হারানোর গভীর শোক তাঁকে আরও ভেঙে দেয়। সেই কারণেই কয়েক মাস তিনি নিজেকে কাজের জগৎ থেকে সরিয়ে রাখেন। এই সময়ের মধ্যে বেশ কিছু নতুন কাজের প্রস্তাব এলেও সেগুলি তিনি গ্রহণ করেননি। পরিবারের পাশে থাকা এবং নিজেকে সামলে তোলাই তখন তাঁর কাছে বেশি জরুরি ছিল।

আরও পড়ুন: টেলিপাড়ায় জোর গুঞ্জন! প্রযোজনা ছাড়ছেন লীনা গঙ্গোপাধ্যায়? রাহুল অরুণোদয় মৃ’ত্যু বিতর্কে ক্ষতিগ্রস্ত ‘ম্যাজিক মোমেন্টস’, বন্ধ একের পর এক ধারাবাহিক! তাই কি এই সিদ্ধান্ত কর্ণধারের?

এই বিরতির সময় অনেকেই মনে করেছিলেন, অভিনেতা বুঝি শুধু ঘুরে বেড়াচ্ছেন। কারণ সমাজমাধ্যমে তাঁর ট্রাভেল ভ্লগ বেশ নজর কাড়ে। তবে দ্বৈপায়ন স্পষ্ট করে জানিয়েছেন, বাস্তবে বিষয়টি একেবারেই তেমন নয়। তিনি যখন কোথাও বেড়াতে যান, তখন সেই সফরের ভিডিও তৈরি করে ধীরে ধীরে আপলোড করেন। তাই বাইরে থেকে দেখে মনে হয়, তিনি যেন সবসময় ভ্রমণেই ব্যস্ত। আসলে সেই ধারণা পুরোপুরি ঠিক নয়। অভিনয়ের বাইরে ভ্লগিং তাঁর পছন্দের কাজ হলেও, সেটাই তাঁর একমাত্র ব্যস্ততা নয় বলে জানান অভিনেতা।

এখন তিনি নতুন উদ্যমে ফিরেছেন ‘গঙ্গা’ ধারাবাহিকে। সেখানে তাঁর চরিত্র উদয়ন, যে পরিবারের অন্য সদস্যদের মতো সরকারি চাকরিজীবী নয়। বরং সে রান্না ভালোবাসে এবং পেশায় একজন শেফ। এখনও পর্যন্ত চরিত্রটিকে ইতিবাচক ভাবেই দেখানো হয়েছে, যা দর্শকদেরও নজর কেড়েছে। ভবিষ্যতে চরিত্রের মোড় কোন দিকে ঘুরবে, তা অবশ্য এখনই বলা যাচ্ছে না। ব্যক্তিগত কঠিন সময় পেরিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়ানোয় দ্বৈপায়নের এই প্রত্যাবর্তনকে অনেকেই নতুন শুরু হিসেবে দেখছেন। দর্শকদেরও আশা, সামনে আরও বেশি করে তাঁকে দেখা যাবে।

You cannot copy content of this page