প্রতিটি অভিনেতার জীবনেই কিছু না কিছু অপূর্ণ ইচ্ছে থেকে যায়। পর্দায় নানা রকম চরিত্রে অভিনয় করার সুযোগ এলেও, কিছু চরিত্র যেন চিরকালই ‘স্বপ্ন’ হয়ে থেকে যায়। দর্শকের মনে যেমন কিছু চরিত্র আইকনিক হয়ে ওঠে, তেমনই অভিনেতাদের কাছেও সেই চরিত্রগুলো একধরনের চ্যালেঞ্জ। কিন্তু সবসময় কি সেই সুযোগ মেলে? নাকি কিছু ইচ্ছে অপূর্ণই থেকে যায় সময়ের সঙ্গে?
টলিউডের পরিচিত মুখ গৌরব চক্রবর্তী বরাবরই নিজের অভিনয়ের মাধ্যমে আলাদা জায়গা করে নিয়েছেন। বিভিন্ন ধারার চরিত্রে কাজ করলেও তিনি কখনও নিজেকে নির্দিষ্ট কোনও ছাঁচে বাঁধেননি। পরিবারের অভিনয়ের ঐতিহ্য থাকলেও নিজের দক্ষতা দিয়েই তিনি দর্শকের মন জয় করেছেন। ধীরে ধীরে ওটিটি প্ল্যাটফর্মেও তিনি নিজের উপস্থিতি মজবুত করছেন।
সম্প্রতি ১০ এপ্রিল ২০২৬-এ মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’। আড্ডাটাইমস প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত এই সিরিজে তিনি অভিনয় করেছেন সত্যান্বেষী ব্যোমকেশের চরিত্রে। পরিচালক অরিত্র সেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘অর্থমনর্থম’ গল্প অবলম্বনে তৈরি করেছেন এই সিরিজ। এখানে ব্যোমকেশকে একটু ভিন্নভাবে, আধুনিক উপস্থাপনায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যদিও মূল ভাবনাটি রয়েছে লেখকের সৃষ্ট চরিত্রের কাছাকাছি।
নতুন সিরিজের সাফল্যের মাঝেই নিজের অপূর্ণ ইচ্ছার কথাও স্পষ্টভাবে জানিয়েছেন গৌরব চক্রবর্তী। তাঁর কথায়, “ফেলুদা হওয়া তো এ জন্মে আর হলো না।” এর পিছনে কারণও খোলাখুলি ব্যাখ্যা করেন তিনি। সত্যজিৎ রায় তাঁর লেখায় ফেলুদা চরিত্রের জন্য যে উচ্চতার কথা উল্লেখ করেছিলেন প্রায় ৬ ফুট ২ ইঞ্চি, সেই জায়গায় তিনি পৌঁছাতে পারেন না। তাই ইচ্ছে থাকলেও বাস্তবে সেই চরিত্রে অভিনয় করা সম্ভব নয় বলেই মনে করেন গৌরব।
আরও পড়ুন: “আগের কোয়েলকেই পছন্দ করতাম, এইসব দেখে আর ভালো লাগছে না” “একে জিতিয়ে কি লাভ?” মানিকতলার ভোট প্রচারে কোয়েল মল্লিককে ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়! রাজনীতিতে নামতেই কি বদলে গেল টলিকুইনের ইমেজ? ক্রমেই কি দর্শকের ভালোবাসা হারাচ্ছেন অভিনেত্রী?
তবে ব্যোমকেশ চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে তিনি একেবারে অন্য পথ বেছে নিয়েছেন। প্রথমবার যখন এই চরিত্রে অভিনয় করেন, তখন বাবার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছিলেন, আগের কারও অভিনয় না দেখে, বই থেকে নিজের মতো করে চরিত্রটি বুঝতে হবে। সেই পথেই হেঁটেছেন তিনি। গৌরবের কথায়, তিনি সবসময় চেষ্টা করেন বইয়ের পাতায় যে ব্যোমকেশকে দেখা যায়, তাকেই পর্দায় জীবন্ত করে তুলতে। নতুন সিরিজেও সেই একই চেষ্টাই করেছেন, শুধু উপস্থাপনায় এসেছে সামান্য আধুনিক ছোঁয়া।






