“এখন ওর পরিচয়েই সবাই আমায় চেনে, বিয়েবাড়িতে গেলে সেলফি তুলতে আসেন ও বলেন ‘ওই তো রাজবীরের মা’…” “আমার মনে হয় না রাজবীর বিগ বসের পলিটিক্সের শিকার!” “এটা তো কোনও তিন-চার ঘন্টার সিনেমা নয়, সারাজীবনের ব্যাপার, তাই…” নন্দিনীর সঙ্গে সম্পর্ক এগোনোর আগে কী ভাবছেন রাজবীরের মা? ছেলের জয় নিয়েও আত্মবিশ্বাসী রীতা দে আর আর কী বললেন?

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই পর্দা নামবে ‘বিগ বস বাংলা’র (Bigg Boss Bangla) এবারের সিজনের। ফিনালের আগে প্রতিযোগীদের নিয়ে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। বিশেষ করে শিলিগুড়ির ছেলে রাজবীর দে-কে (Rajveer Dey) নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে বিস্তর আলোচনা। বলিউডে কাজের অভিজ্ঞতা থাকলেও টলিউডের (Tollywood) দর্শকদের কাছে তিনি একেবারেই নতুন মুখ ছিলেন। কিন্তু বিগ বসের মঞ্চে পা রাখার পর থেকেই নিজের খেলা এবং ব্যক্তিত্বের মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেছেন রাজবীর। অল্প সময়ের মধ্যেই তাঁর অনুরাগীর সংখ্যাও বেড়েছে চোখে পড়ার মতো। ছেলের এই জনপ্রিয়তা এবং সাফল্য দেখে স্বাভাবিকভাবেই গর্বিত তাঁর মা রীতা দে। সম্প্রতি ছেলের খেলা, দর্শকদের ভালোবাসা এবং নন্দিনীর সঙ্গে তাঁর সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন তিনি।

রাজবীরের জনপ্রিয়তা যে শুধু বিগ বসের ঘরের মধ্যেই সীমাবদ্ধ নেই, তা বেশ বুঝতে পারছেন তাঁর মা। শিলিগুড়িতে ছেলেকে নিয়ে মানুষের আগ্রহ এবং ভালোবাসার কথা জানিয়ে রীতা বলেন, “এখন তো ওর পরিচয়েই লোকজন আমায় চেনেন। শিলিগুড়ির সবাই ওকে খুব ভালবাসে। পরিচিতরা ওকে ভোট করে, সাপোর্ট করে। বিয়েবাড়িতে গেলে আমার সঙ্গে লোকজন সেলফি তুলতে আসেন। বলেন, ওই তো রাজবীরের মা…আমার তো গর্ব হয়ই। বুঝতে পারি এই শো-এর মাধ্যমে ও কত লোকের মন জিতে নিয়েছে।” অর্থাৎ ছেলের পরিচয়েই এখন তাঁকে চিনছেন অনেকে। বিগ বসের ঘরে শেষ নমিনেশনেও রাজবীরের নাম রয়েছে। ফলে দর্শকদের ভোটে তিনি নিরাপদ জায়গায় পৌঁছতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে রীতা দে-র বিশ্বাস, দর্শক যেভাবে রাজবীরকে সমর্থন করছেন, তাতে এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁরা ছেলের পাশেই থাকবেন। তাঁর কথায়, “যেভাবে ওকে সবাই সাপোর্ট করছে, আমার মনে হয় এই সময় ওর পাশে থাকবেন দর্শক।”

ছেলেকে কি বিগ বস বাংলার বিজয়ী হিসেবে দেখতে চান রীতা? এই প্রশ্নের উত্তরে অবশ্য মায়ের স্বাভাবিক আবেগই প্রকাশ পেয়েছে। তিনি মনে করেন, প্রত্যেক মা-ই চান তাঁর সন্তান জীবনে সাফল্য পাক। তবে রিয়্যালিটি শোয়ের প্রতিযোগিতায় জয়-পরাজয় দুটোই থাকে, সেটাও ভালোভাবে জানেন তিনি। রীতার কথায়, “আমি তো ওর মা, সব মা-ই চাইবে যাতে তার সন্তান জেতে। তবে এটা খেলা, আর খেলায় হার-জিৎ সব থাকবে। তবে আমার মতে, রাজবীর উইনার হওয়ার যোগ্য। ও যেভাবে নিজেকে এতদূর নিয়ে এসেছে, তাতে এই শো ওর জেতা উচিত।” বিগ বসের ঘরে বিভিন্ন প্রতিযোগীর মধ্যে যে কৌশল এবং সমীকরণ তৈরি হয়, তা নিয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি। অনেকেই শোয়ের মধ্যে রাজনীতি বা দলাদলির অভিযোগ তুলছেন। তবে রীতা মনে করেন, রাজবীর কোনও রাজনৈতিক খেলার শিকার হয়নি। বরং এই প্রতিযোগিতার নিয়মই এমন, যেখানে প্রত্যেকেই নিজের জায়গা পাকা করতে চাইবেন। তাঁর মতে, প্রত্যেকেরই নিজস্ব খেলার পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী তাঁরা এগিয়ে চলেছেন।

ছেলের খেলার ধরন সম্পর্কে বলতে গিয়ে রীতা আরও জানান, বিগ বসের ঘরে গিয়ে তিনি যতটুকু সময় পেয়েছিলেন, তাতেই রাজবীরকে নিজের মতো করে বোঝানোর চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত ছেলে নিজের বুদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ীই খেলছে। তাঁর কথায়, “অনেকেই দেখি আলোচনা করছেন, বিগ বস হাউজের পলিটিক্স নিয়ে। আমার কিন্তু মনে হয় না রাজবীর কোনও পলিটিক্সের শিকার। এটাই তো এই খেলার ধরণ। সবাই চাইবে অন্যকে সরিয়ে নিজেরটা গুছিয়ে নিতে। এতে তো কারওর দোষ নেই। সবার আলাদা আলাদা গেম প্ল্যান আছে, যে যার মতো করে এগোচ্ছে। আমি ওই শো-এ যেটুকু সময়ের জন্য গিয়েছিলাম তাতে ওকে যতটুকু বোঝাতে পেরেছি, ও নিজের মতো করে গেম প্ল্যান সেট করেছে। আসলে রাজবীর এরকমই, ওর কোনওকিছু সাজানো নয়, যা করে মন থেকে করে।” অর্থাৎ ছেলের স্বাভাবিক আচরণ এবং নিজের মতো করে খেলার সিদ্ধান্তকেই তাঁর সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন মা। রাজবীরের প্রতিটি পদক্ষেপ যে সাজানো নয়, বরং সে নিজের মন থেকেই সবকিছু করে, সেই কথাও স্পষ্ট করেছেন রীতা।

তবে রাজবীরের খেলার পাশাপাশি তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কৌতূহলের শেষ নেই দর্শকদের। বিগ বসের ঘরে নন্দিনী দত্তর (Nandini Dutta) সঙ্গে রাজবীরের ঘনিষ্ঠতা নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে। তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। এমনকী নন্দিনীর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মায়ের সম্মতি কতটা গুরুত্বপূর্ণ, সেই প্রসঙ্গও সামনে এসেছে। রাজবীর যদি মায়ের আপত্তির কথা জানতে পারেন, তাহলে কি সম্পর্ক থেকে পিছিয়ে আসবেন? এই প্রশ্নের উত্তরে রীতা জানিয়েছেন, এই মুহূর্তে ছেলের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত নিজের কেরিয়ার তৈরি করা। অনেক পরিশ্রম করে রাজবীর আজকের জায়গায় পৌঁছেছে। তাই জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক ভালোভাবে ভেবে দেখা প্রয়োজন। নন্দিনীর সঙ্গে ছেলের সম্পর্ক নিয়ে বাইরে থেকে কোনও মন্তব্য করতে চান না তিনি। বরং রাজবীর ও নন্দিনী দু’জনের সঙ্গে আলোচনা করেই ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে চান। তাঁর কথায়, “এখন তো ওর কেরিয়ার গড়ার সময়। অনেক কষ্ট করে ও নিজেকে এই জায়গায় নিয়ে এসেছে। সবদিক দেখে তারপর তো ভাবনাচিন্তা করতে হবে। যদিও আমি বাইরে থেকে ওদের সম্পর্ক নিয়ে কিছু বলতে চাই না। ওদের দু’জনের বিষয়টা নিয়ে আগে আলোচনা করতে হবে। সবদিক দেখে তারপর না হয় এগোনো যাবে।”

আরও পড়ুনঃ “রাজবীর শুধু একসঙ্গে পাউডার রুম থেকে বেরোতে দেখেছিল বলায় চিৎকার করে চরিত্রহননের চেষ্টার দাবী, বললেন পুঁ*তে দেব, খু*ন করে দেব!” “কাল জিতুই তো বলছেন আপনাদের মধ্যে কী হয়েছে, তাহলে এত নাটক কেন?” সেদিন তাহলে রাজবীরকে দাদার দরবারে এত কথা শুনতে হয়েছিল কেন? জিতুর মুখে ঘনিষ্ঠতার ইঙ্গিত শুনেই পাউডার রুমের ঘটনা নিয়ে সৃজলাকে কাঠগড়ায় তুলছেন দর্শকরা!

সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করে রীতা বলেন, “আর এটা তো কোনও তিন-চার ঘন্টার সিনেমা নয়, সারাজীবনের ব্যাপার। তাই ও হয়তো আমার উপরেই এই সিদ্ধান্তটা ছেড়েছে। আমি এই নিয়ে এখনও কিছু ভাবিনি।” অর্থাৎ নন্দিনীকে নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে নারাজ রাজবীরের মা। তাঁর কাছে বিষয়টি শুধুমাত্র বিগ বসের ঘরের কয়েক মাসের পরিচয় বা আবেগের মুহূর্ত নয়, বরং সারাজীবনের সম্পর্কের প্রশ্ন। তাই ছেলের কেরিয়ার, দু’জনের বোঝাপড়া এবং ভবিষ্যতের সমস্ত দিক বিবেচনা করেই এগোতে চান তিনি। অন্যদিকে, রাজবীরের খেলার প্রতি আত্মবিশ্বাস এবং ছেলের জনপ্রিয়তা নিয়ে যথেষ্ট আশাবাদী রীতা। তাঁর মতে, রাজবীর নিজের যোগ্যতায় অনেকটা পথ এগিয়েছে এবং দর্শকদের ভালোবাসাও পেয়েছে। এখন দেখার, বিগ বস বাংলার ট্রফি শেষ পর্যন্ত রাজবীরের হাতে ওঠে কি না। পাশাপাশি নন্দিনীর সঙ্গে তাঁর সম্পর্ক কোন দিকে এগোয়, সেই উত্তর জানতেও অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

You cannot copy content of this page