টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহ বরাবরই তুঙ্গে। পর্দার বাইরেও তাঁদের রসায়ন নজর কাড়ে সকলের। এবার কালীঘাট মন্দিরে পুজো দিতে এসে নিজের ব্যক্তিগত জীবন, অঙ্কুশের সঙ্গে সম্পর্ক এবং নতুন ওয়েব সিরিজ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তবে তাঁদের বিয়ে নিয়ে একটি প্রশ্নের উত্তরে অভিনেত্রীর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। সত্যিই কি কালীঘাট মন্দিরে গিয়ে বিয়ে সেরে ফেলেছেন তাঁরা? অভিনেত্রীর উত্তরেই মিলল সেই ইঙ্গিত।
নতুন ওয়েব সিরিজ ‘শ্বেতকালী ২’-এর প্রচার শুরু করার আগে কালীঘাট মন্দিরে মা কালীর পুজো দিতে গিয়েছিলেন ঐন্দ্রিলা। তাঁর কথায়, সিরিজের প্রথম পর্ব দর্শকদের ভালোবাসা পেয়েছিল বলেই দ্বিতীয় পর্বের কাজ শুরু করার আগে মায়ের আশীর্বাদ নিতে চেয়েছিলেন তিনি। মায়ের গায়ে পরানো শাড়ি নিজের মাথায় ছোঁয়ানোর মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। চোখে জল চলে এসেছিল তাঁর। ঐন্দ্রিলা জানান, অঙ্কুশের সঙ্গে তাঁর একসঙ্গে কালীঘাটে আসা খুব একটা হয় না। তিনি মাসে কয়েকবার মন্দিরে গেলেও অঙ্কুশ সাধারণত আলাদাভাবেই পুজো দিয়ে যান। তবে মন্দিরে আসা, পুজো দেওয়া এবং মায়ের কাছে প্রার্থনা করা তাঁর কাছে বরাবরই বিশেষ অনুভূতির।
কালীঘাটে সদ্য বিয়ে করা বহু দম্পতিকে দেখেছেন ঐন্দ্রিলা। বিয়ের সাজে মন্দির থেকে বেরিয়ে আসা যুগলদের দেখে তাঁদের বিয়ের নানা আচার-অনুষ্ঠান সম্পর্কেও কৌতূহল তৈরি হয়েছে অভিনেত্রীর। সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, একদিন কি এমন খবরও সামনে আসতে পারে যে অঙ্কুশ ও ঐন্দ্রিলা কালীঘাটে বিয়ে করে বেরিয়ে আসছেন? উত্তরে হেসে অভিনেত্রী বলেন, “হয়তো হয়ে গেছে, হয়তো হয়ে গেছে, তোমরা জানো না!” তাঁর এই মজার মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা। যদিও এই কথার মাধ্যমে অঙ্কুশের সঙ্গে নিজের বিয়ে হয়ে যাওয়ার কোনও নিশ্চিত ঘোষণা করেননি ঐন্দ্রিলা। ফলে তাঁদের বিয়ে নিয়ে প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।
অঙ্কুশের সঙ্গে পর্দায় আবার জুটি বাঁধা নিয়েও মুখ খোলেন অভিনেত্রী। টেলিভিশনের ধারাবাহিকে তাঁদের জুটিকে আবার কবে দেখা যাবে, সেই প্রশ্নের উত্তরে ঐন্দ্রিলা সরাসরি অঙ্কুশের দিকেই বল ঠেলে দেন। অঙ্কুশ এখন নিজেও সিনেমা করছেন, পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করছেন। তাই ঐন্দ্রিলার প্রশ্ন, প্রযোজক হিসেবে অঙ্কুশের কি তাঁকে নিয়ে কাজ করার কথা ভাবা উচিত নয়? অভিনেত্রীর কথায়, তিনি তো পারিশ্রমিক নিয়েও কোনও কথা বলেননি। তা হলে কেন তাঁকে নিয়ে কাজ হবে না? তাঁর এই মন্তব্যে অঙ্কুশের সঙ্গে আবার পর্দায় জুটি বাঁধার ইচ্ছা স্পষ্ট হয়েছে। অন্যদিকে, টেলিভিশন থেকে দূরে থাকার কারণ হিসেবে ঐন্দ্রিলা জানান, তিনি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চান। তবে টেলিভিশনের প্রতি তাঁর ভালোবাসা কমেনি।
আরও পড়ুনঃ ‘বাজলো তোমার আলোর বেণু’ গানে আজও মহালয়ার ভোরে অমর সুপ্রীতি ঘোষ! রবীন্দ্রনাথের আশীর্বাদ থেকে নিজের বাড়ি তৈরির স্বপ্ন, এমন গুণী শিল্পীর জীবনের কাহিনি কেন আজও অন্তরালে? নীরবেই চলে গেছে জন্মশতবর্ষ, মৃ’ত্যুর পরে তাঁর পরিবারের কী অবস্থা?
এদিকে, ‘শ্বেতকালী ২’ নিয়ে যথেষ্ট আশাবাদী ঐন্দ্রিলা। তাঁর কথায়, এবারের গল্প আগের চেয়ে আরও গাঢ় ও বিপজ্জনক। নতুন পর্বে তাঁর সঙ্গে রয়েছেন সুরঙ্গনা, অনিন্দ্য, সপ্তর্ষী, ঋদ্ধিমা-সহ একাধিক পরিচিত মুখ। বাংলা বিনোদন জগতের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। ছোটবেলা থেকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে তাঁর চিন্তা রয়েছে বলে জানান তিনি। তবে নতুন সিরিজটি দর্শকদের ভালোবাসা পাবে বলেই আশা করছেন ঐন্দ্রিলা। এখন দেখার, ‘শ্বেতকালী ২’ কতটা সাফল্য পায় এবং অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহলের উত্তর কবে মেলে।






