বসন্তের রঙ যেন তাঁদের জীবনে অনেক আগেই লেগেছিল। তবে চলতি বছরের ২ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়ে আনুষ্ঠানিকভাবে জীবনের নতুন অধ্যায় শুরু করেন প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহা। বিয়ের এক মাস পূর্ণ হতেই এলো দোল। আর সেই প্রথম হোলিতেই রঙে, হাসিতে আর খুনসুটিতে ভরিয়ে তুললেন নিজেদের নতুন সংসার।
বিয়ের পর প্রথম এক মাস কেমন কাটল? সেই প্রশ্নের উত্তরে দু’জনের মুখেই ফুটে উঠল হাসি। আগের বছর অক্টোবরেই তাঁদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গিয়েছিল। তাই মজার ছলে বললেন, দাম্পত্য জীবন নাকি “ফিফটি পার্সেন্ট” আগেই শুরু হয়ে গিয়েছিল। তবে সামাজিক বিয়ের পরই নাকি পূর্ণতা পেয়েছে সম্পর্কটা। ঝগড়া, মারপিট, হাসাহাসি, ভালোবাসা—সব মিলিয়েই জমজমাট তাঁদের সংসার।
প্রিয়াঙ্কা জানালেন, বিয়ের পর শুভ্রজিৎ নাকি আরও বেশি প্রোটেক্টিভ হয়ে উঠেছেন। “বউ কোথায় যাচ্ছে, কী করছে, সাবধানে আছে তো?”—এইসব খোঁজখবর এখন নিত্যদিনের ব্যাপার। যদিও শুভ্রজিতের দাবি, প্রিয়াঙ্কাও কিছু কম নন। বরং তিনি এক কাঠি উপরে! কে কার উপর বেশি নজর রাখেন, তা নিয়ে শুরু হয় খুনসুটি। রংবাজি কার বেশি চলে, সেই প্রশ্নেও মজার উত্তর—শুভ্রজিৎ বললেন, “বউ বলে কথা, ওরই বেশি চলে!”
বিয়ের স্মৃতির কথাও জানিয়েছেন শুভ্রজিৎ, বউকে বেনারসি পরে প্রথমবার দেখে তিনি নাকি কিছুক্ষণ ‘ব্ল্যাঙ্ক’ হয়ে গিয়েছিলেন। সিঁদুরদানের মুহূর্ত ছিল তাঁর কাছে সবচেয়ে স্পেশাল। অন্যদিকে প্রিয়াঙ্কা জানালেন, বিয়ের প্রস্তুতির বড় অংশটাই তিনি নিজে সামলেছেন। ছ’মাস ধরে পরিকল্পনা, কস্টিউম থেকে ইভেন্ট—সব কিছুতেই তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। সেই দিনটার প্রতিটি মুহূর্ত আজও তাঁদের মনে টাটকা।
আরও পড়ুনঃ “ভীষণ মিস করছি, দোলের দিন মায়ের…” আবেগে ভাসলেন রাহুল মজুমদার! মেয়ের সঙ্গে প্রথম রঙ খেলা, আনন্দের মাঝেও কেন মন খারাপ অভিনেতার? রঙের উৎসবে পারিবারিক সমীকরণের কোন দিক ফাঁস করলেন অভিনেতা?
গতকাল দোলের দিন ছাদে পরিবারকে সঙ্গে নিয়ে রঙের উৎসবে মেতে উঠেছিলেন তারকা দম্পতি। বহু নিমন্ত্রণ থাকলেও, বিশেষ দিনটা তাঁরা কাটালেন ঘরোয়া আবহেই। একে অপরকে রঙ মাখানো, ক্যামেরার সামনে হাসি, আর মাঝেমধ্যে অভিমান-মানভঞ্জন—সব মিলিয়ে যেন রঙিন কোলাজ। তাঁদের কথাতেই স্পষ্ট, দাম্পত্যে দুষ্টুমি আছে, টুকটাক অভিমানও আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে বোঝাপড়া আর ভালোবাসা। দোলের দিন তাঁদের সেই আনন্দ দেখলেই বোঝা যায়—নতুন সংসার মজার ছলেই হোক, বেশ ভালই এগোচ্ছে।






