অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় এবার নতুন মোড়। সর্বভারতীয় চলচ্চিত্র কর্মী সংগঠনের পক্ষ থেকে অভিযোগ জানানোর পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে প্রধানমন্ত্রীর দফতর। সেই অভিযোগের ভিত্তিতে ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর এবং রাজ্যের মুখ্যসচিবকে ঘটনার পূর্ণাঙ্গ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংগঠনের অভিযোগ, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং একাধিক ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। তাদের দাবি, এই গাফিলতির ফলেই প্রাণ হারাতে হয়েছে রাহুলকে। ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা SIT গঠনের আবেদনও জানিয়েছে সংগঠনটি।

অভিযোগপত্রে প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়, প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স, সংস্থার সঙ্গে যুক্ত শৈবাল বন্দ্যোপাধ্যায়সহ শুটিংয়ের সঙ্গে জড়িত আরও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। সংগঠনের মতে, নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব ঠিকভাবে পালন করা হয়নি বলেই এই দুর্ঘটনা ঘটেছে।
সরকারি অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে নির্দেশ জারি হওয়ার পর বিষয়টি বালেশ্বর জেলার পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে তদন্ত প্রক্রিয়া আরও দ্রুত এগোবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ “প্রতিবাদ করেছি, তবে ডিম ছুড়ে নয়!” তৃণমূলের আমলেও ‘ব্যান কালচার’ নিয়ে নীরব প্রতিবাদ চালিয়ে গিয়েছিলেন দাবি অপরাজিতা আঢ্যর! স্বরূপ- অরূপের ঘনিষ্ট হয়েও কিভাবে চালালেন প্রতিবাদ? সমাজমাধ্যমে কাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী?
চলচ্চিত্র কর্মী সংগঠনের দাবি, এই ঘটনার সঠিক বিচার না হলে ভবিষ্যতে শুটিং সেটে নিরাপত্তা নিয়ে উদাসীনতা আরও বাড়তে পারে। শিল্পী, কলাকুশলী এবং অন্যান্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দোষীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। একই সঙ্গে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে ভবিষ্যতে প্রযোজনার কাজ থেকে বিরত রাখার আবেদনও করা হয়েছে।






