বাংলা বিনোদন জগতে গান, সিনেমা কিংবা ধারাবাহিকের মাধ্যমে প্রতিনিয়ত দর্শকদের কাছে পৌঁছে যায় বাংলা ভাষা। কিন্তু সেই বিনোদনের জগতেই বাংলা শব্দের ভুল ব্যবহার এবং অন্য ভাষার প্রভাব নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন ওঠে। বিশেষ করে গান কিংবা ধারাবাহিকের সংলাপে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়, যার প্রকৃত অর্থ নিয়ে তৈরি হতে পারে বিভ্রান্তি। এবার বাংলা ভাষার এমনই কিছু শব্দের ব্যবহার নিয়ে সরব হলেন বাংলা টেলিভিশনের বর্ষীয়ান অভিনেত্রী সঙ্ঘমিত্রা ভট্টাচার্য (Sanghamitra Bhattacharjee), কুমকুম নামেও খ্যাত তিনি। শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) গাওয়া একটি জনপ্রিয় বাংলা গান থেকে শুরু করে ধারাবাহিকের পরিচিত সংলাপ, সবেতেই ভাষার ব্যবহার নিয়ে নিজের আপত্তির কথা প্রকাশ করেছেন তিনি।
টেলিভিশন জগতের পরিচিত মুখ সঙ্ঘমিত্রা ভট্টাচার্য, যিনি কুমকুম ভট্টাচার্য নামেও পরিচিত, দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এ ঠাকুমার চরিত্রেও তাঁকে দেখা গিয়েছে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময়ে সমাজ মাধ্যমে নিজের মতামত ও বক্তব্য তুলে ধরেন অভিনেত্রী। এবার একটি ভিডিওতে বাংলা ভাষার শব্দচয়ন এবং বিনোদন জগতে তার ভুল প্রয়োগ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এসেছে, বাংলা ভাষার নিজস্ব শব্দের অর্থ না বুঝে অন্য ভাষার ব্যবহার অনুসরণ করার প্রবণতা ক্রমশ বেড়ে চলেছে। অভিনেত্রীর আপত্তির কেন্দ্রে রয়েছে শ্রেয়া ঘোষালের গাওয়া ‘প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই’ গানটির একটি শব্দ।
গানটি রাজ চক্রবর্তী পরিচালিত শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত ২০১৯ সালের বাংলা ছবি ‘পরিণীতা’র জনপ্রিয় গান ‘তোমাকে’। এই গানে ‘ধ্যান’ শব্দটির ব্যবহার নিয়েই প্রশ্ন তুলেছেন সঙ্ঘমিত্রা। তাঁর বক্তব্য, ধ্যান বলতে সাধারণত মেডিটেশন বা মনকে একাগ্র করার প্রক্রিয়াকে বোঝানো হয়। সেখানে ধ্যানের মাধ্যমে অন্য কারও চিন্তাভাবনাকে নিজের মধ্যে নিয়ে আসার বিষয়টি কীভাবে বোঝানো হচ্ছে, সেই প্রশ্নই তুলেছেন তিনি। অভিনেত্রীর মতে, হিন্দিতে ‘ধ্যান সে পার হো’ কিংবা ‘ধ্যান দেখে কুচ করো’ বললে মনোযোগ দিয়ে কোনও কাজ করার অর্থ প্রকাশ পায়। কিন্তু বাংলায় একই শব্দের ব্যবহার এবং তার অর্থের ব্যাখ্যা নিয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন।
তাঁর এই বক্তব্যের মূল প্রশ্ন, বাংলা ভাষায় কোনও শব্দ ব্যবহারের আগে তার যথাযথ অর্থ ও প্রেক্ষাপট বোঝা হচ্ছে কি না। শুধু গান নয়, বাংলা ধারাবাহিকের সংলাপ নিয়েও আপত্তি রয়েছে অভিনেত্রীর। তাঁর কথায়, ধারাবাহিকে প্রায়ই শোনা যায় ‘কেউ সাথ দেয় না’ কিংবা ‘তুমি সারা জীবন আমার সাথ দেবে তো?’ ধরনের সংলাপ। তাঁর প্রশ্ন, বাংলা ভাষায় কথা বলতে গিয়ে কেন বারবার ‘সাথ’ শব্দটির ব্যবহার করা হচ্ছে? একইভাবে কথার মধ্যে ‘কেন কি’ ব্যবহার করার প্রবণতা নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি। অভিনেত্রীর বক্তব্য, কারণ বোঝাতে বাংলায় নিজস্ব শব্দ থাকা সত্ত্বেও অন্য ভাষার প্রভাব থেকে এমন কিছু শব্দবন্ধ ব্যবহার করা হচ্ছে, যা তাঁর কাছে অস্বস্তিকর।
আরও পড়ুনঃ “টু মেনি পিপল ইন সিনেমা অ্যান্ড থিয়েটার হ্যাভ জয়েন্ড পলিটিক্স!” “পলিটিক্যাল চেঞ্জ মানেই শিল্প সাফার করবে, এটাই এখন এক্সপেকটেশন!” “১০০ জন নায়কের মধ্যে যদি ৯০ জন পলিটিক্স করতে আরম্ভ করে, তাঁর শিল্পী কোথায়? শুধু পলিটিশিয়ান!” শিল্পের মাধ্যমেও নিজস্ব রাজনৈতিক মতামত দেওয়া যায়! রাজনৈতিক পরিচয়ের ভিড়ে হারিয়ে যাচ্ছে শিল্পীসত্তা, টলিউড নিয়ে বি*স্ফোরক অঞ্জন দত্ত!
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই ধরনের ভুল নিয়ে প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রেও শিল্পীদের নানা অসুবিধা রয়েছে বলে জানিয়েছেন সঙ্ঘমিত্রা। তাঁর কথায়, কোনও কাজের সঙ্গে যুক্ত থেকে ভাষার ভুল ব্যবহার নিয়ে বেশি কিছু বলতে গেলে কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়। সেই ভয়েই অনেক সময় ইচ্ছা থাকলেও চুপ করে থাকতে হয়। বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই তাঁর এই প্রশ্ন এবং আপত্তি। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলা বিনোদন জগতে জনপ্রিয়তা ও দর্শকের মনোরঞ্জনের পাশাপাশি বাংলা শব্দের সঠিক ব্যবহার এবং ভাষার নিজস্বতা রক্ষার দিকেও কি আরও বেশি নজর দেওয়া উচিত নয়?






