এক আত্মার দুই দেহ! বাংলা টেলিভিশনে প্রথমবার রাধা-কৃষ্ণের চিরন্তন প্রেমের গাথা! প্রকাশ্যে নতুন ধারাবাহিক ‘রাধা মাধব’-এর প্রথম প্রোমো! রাধা হচ্ছেন স্বীকৃতি মজুমদার? কৃষ্ণের ভূমিকায় থাকছেন কোন জনপ্রিয় নায়ক?

বাংলা টেলিভিশনে আরও একটি নতুন ধারাবাহিক নিয়ে চমক দিতে চলেছে স্টার জলসা। সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশ করা হয়েছে বহু প্রতীক্ষিত ‘রাধা মাধব’ ধারাবাহিকের প্রথম প্রোমো। প্রথম ঝলক সামনে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ। রাধা-কৃষ্ণের প্রেম, ভক্তি এবং আধ্যাত্মিক সম্পর্ক যুগ যুগ ধরে মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই এই বিষয়কে কেন্দ্র করে নতুন ধারাবাহিকের ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিস্তর আলোচনা। তবে এখনও চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়নি এটি হিন্দি ধারাবাহিকের ডাব সংস্করণ হবে, যদিও বাংলার জন্য নতুনভাবে তৈরি করা একটি মৌলিক প্রযোজনার সম্ভাবনাই বেশি।

প্রোমোতে দেখা যায়, গাছের নিচে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ। তাঁর সুরে আকৃষ্ট হয়ে ছুটে আসছেন রাধা। চারপাশে শান্ত পরিবেশ, সামনে সরোবর, সেখানে ঘুরে বেড়াচ্ছে হাঁস। এরপর দু’জনকে একই দোলনায় পাশাপাশি বসে থাকতে দেখা যায়। প্রোমোর ভয়েসওভারে শোনা যায়, “এক আত্মার দুই দেহ। প্রেমের পরম গাঁথা। বাংলা টেলিভিশনে প্রথমবার আসছে রাধা মাধব।” যদিও প্রথম প্রোমোটি বর্তমান ট্রেন্ড অনুযায়ী এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে, তবুও তার ভিজ্যুয়াল দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। প্রোমো প্রকাশের পর থেকেই দর্শকদের নানান প্রতিক্রিয়া সামনে এসেছে।

একজন নেটিজেন লিখেছেন, “দয়া করে হিন্দিটার রিমেক করবেন না! নিজেরা লিখুন, ওটায় যা দেখিয়েছে রাধাকৃষ্ণের মানসম্মান নিয়ে টানাটানি লাগবে শেষে। টিজারটা সুন্দর এমনিতে।” আবার আরেকজন মন্তব্য করেছেন, “আশা করি পৌরাণিক গবেষণার কাজটা সঠিকভাবে করা হবে। লোককথার ওপর ভিত্তি করে গল্প বানাবেন না, আর অতিরিক্ত সৃজনশীল স্বাধীনতা নিয়ে এমনভাবে উপস্থাপন করবেন না যাতে বিষয়টি প্রায় কাল্পনিক হয়ে যায়। এই ধরনের শো-এর জন্য প্রয়োজন গভীর পৌরাণিক জ্ঞান, গবেষণা এবং ভক্তিভাবসম্পন্ন দৃষ্টিভঙ্গি।”

এই মন্তব্য থেকেই স্পষ্ট, দর্শকদের প্রত্যাশা অনেকটাই বেশি। এদিকে ঘনিষ্ঠ সূত্রের খবর, অর্গানিক প্রোডাকশনের হাত ধরেই তৈরি হচ্ছে ‘রাধা মাধব’। জানা যাচ্ছে, কৃষ্ণের চরিত্রে অভিনয় করবেন প্রতীক সেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা হিসেবে তিনি ইতিমধ্যেই একাধিক ধারাবাহিকে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন। অন্যদিকে রাধার চরিত্রে দেখা যাবে স্বীকৃতি মজুমদারকে। তিনিও বাংলা টেলিভিশনের পরিচিত মুখ এবং বিভিন্ন ধারাবাহিকে অভিনয়ের জন্য দর্শকদের কাছে প্রশংসিত। যদিও এখনও চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু এই জুটির খবর ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

Bengali serial

আরও পড়ুনঃ “প্রশ্নপত্র ফাঁস পৃথিবীতে নতুন কিছু নয়, তাতে মানসিকভাবে দুর্বলরাই আ’ত্মহ*ত্যার সিদ্ধান্ত নেয়” “এই বিষয় নিয়ে এক লাইনও খবর রাখিনি” নিট প্রশ্নপত্র ফাঁস ঘিরে দিল্লিতে পড়ুয়াদের আন্দোলন নিয়ে রূপা গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষের মন্তব্যে শোরগোল! দেশজুড়ে লাখ লাখ ছেলেমেয়েদের স্বপ্নভঙ্গ, ভবিষ্যৎ কার্যত অন্ধকারে! দায়ে নেবে কে, জানালেন দুই তারকা-রাজনীতিবিদ?

স্টার জলসা যে নতুন নতুন কনটেন্ট নিয়ে নিজেদের সাজিয়ে তুলতে চাইছে, তা সাম্প্রতিক ঘোষণাগুলি থেকেই স্পষ্ট। ২৭ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হচ্ছে ‘তিলোত্তমা’। পাশাপাশি ‘রাঙামতি তীরন্দাজ’ খ্যাত মনীষা মণ্ডলের নতুন ধারাবাহিক নিয়েও জোর আলোচনা চলছে। সেই তালিকায় এবার যোগ হল ‘রাধা মাধব’। এখন সবচেয়ে বড় প্রশ্ন, রাধা-কৃষ্ণের মতো ভক্তি ও পৌরাণিক গুরুত্বপূর্ণ চরিত্রকে কতটা বিশ্বাসযোগ্যভাবে দর্শকদের সামনে তুলে ধরতে পারে নির্মাতারা। সেই উত্তর মিলবে ধারাবাহিক সম্প্রচার শুরু হওয়ার পরই।

You cannot copy content of this page