আবারও এসভিএফের প্রধান চরিত্রের মুখ বদল! নায়িকাকে নিয়ে বিতর্ক, অসুস্থতার জেরে ‘শুধু তোমারি জন্য’ ছাড়ার ঘোষণা শুভ্রজিৎ সাহার! রাহুলের চরিত্রে যোগ দিচ্ছেন কোন জনপ্রিয় অভিনেতা?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’-এর (Shudhu Tomari Jonyo) দর্শকদের জন্য এদিন এল এক বড় ধাক্কা। ধারাবাহিকের নায়ক রাহুল চরিত্রে অভিনয় করা অভিনেতা ‘শুভ্রজিৎ সাহা’ (Subhrojit Saha) এদিন সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে জানিয়েছেন, তিনি আর এই চরিত্রে অভিনয় করবেন না! কিছুদিন আগেই দুর্ঘটনায় তাঁর পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার খবর সামনে এসেছিল। সেই সময় চিকিৎসকের পরামর্শ ছিল সম্পূর্ণ বিশ্রাম। কিন্তু শারীরিক সমস্যার মধ্যেও তিনি ধারাবাহিকের কাজ চালিয়ে গিয়েছিলেন। অবশেষে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে তাঁকে অভিনয় থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। অভিনেতার এই ঘোষণা প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে হতাশার সুর শোনা যাচ্ছে।

পোস্টে শুভ্রজিৎ লিখেছেন, “সব কিছুর যেমন শুরু থাকে, তেমনই শেষও থাকে। কিন্তু শেষটা যে এভাবে হবে, তা কখনও ভাবিনি।” তিনি জানান, লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি জানার পরও প্রায় দু’সপ্তাহ ধরে একদিন অন্তর শুটিং করেছেন। পরে পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসকেরা জানান, বিশ্রাম না নিয়ে কাজ চালিয়ে যাওয়ার কারণে পায়ে আরও কিছু জটিলতা তৈরি হয়েছে। তবুও ধারাবাহিকের চলমান গল্পকে মাঝপথে ফেলে দিতে চাননি তিনি। তাই নিজের কষ্টকে উপেক্ষা করেই কাজ চালিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শারীরিক অবস্থাই তাঁকে থামতে বাধ্য করেছে।

অভিনেতা আরও জানিয়েছেন, পায়ে প্লাস্টার পড়ার পরও কয়েকদিন তিনি শুটিং করেছেন। তাঁর কথায়, “পায়ে প্লাস্টার পড়ার পরেও কয়েকদিন কাজ করেছি। কারণ ‘শুধু তোমারই জন্য’-এর চলমান গল্পটা অসম্পূর্ণ রেখে যেতে চাইনি।” এমনকি ধারাবাহিকের প্রথম প্রচার ঝলক প্রকাশের মাত্র তিন দিন আগে কপালে গুরুতর চোট লেগে সেলাই পড়েছিল বলেও উল্লেখ করেন তিনি। তবুও সেই অবস্থায় শুটিং করেছিলেন। সমুদ্রের দৃশ্যের জন্য সেলাই নিয়েই জলযানে চড়ে শুটিং করার কথাও তুলে ধরেছেন অভিনেতা। তাঁর এই বক্তব্য থেকেই স্পষ্ট, চরিত্র এবং কাজের প্রতি কতটা দায়বদ্ধ ছিলেন তিনি।

তবে দীর্ঘ সময় ধরে হুইলচেয়ারে বসে শুটিং করা, কোমর ও হাতে ব্যথা নিয়ে কাজ চালিয়ে যাওয়া এবং বাড়ি ফিরে অসহ্য যন্ত্রণা সহ্য করা ধীরে ধীরে তাঁর পক্ষে অসম্ভব হয়ে উঠছিল। অভিনেতা জানান, তিনি সীমিত সময় কাজ করার অনুমতি চেয়েছিলেন। কিন্তু ধারাবাহিকের প্রয়োজন ছিল দীর্ঘ সময়ের শুটিং। সেই কারণেই প্রযোজনা সংস্থা এবং গল্পের স্বার্থকে সম্মান জানিয়ে তাঁকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। পোস্টে তিনি লিখেছেন, “গল্পের স্বার্থে, প্রোডাকশনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং আমার শারীরিক অবস্থাকে প্রাধান্য দিয়ে, এই মুহূর্তে ‘রাহুল’ চরিত্রটার পথচলা আমার সাথে এখানেই থামল।”

আরও পড়ুনঃ “ইন্ডাস্ট্রিতে শুধুই দাদা’গিরি আর রাজনীতি ছিল, মুখ দেখে কাজ দিত…” অবসর ভেঙে ফের অভিনয়ে রত্না ঘোষাল! তিন বছর পর জনসমক্ষে ফিরে বড় ঘোষণা বর্ষীয়ান অভিনেত্রীর! ইতিমধ্যেই শুরু করেছেন শুটিং, দেখা যাবে কোথায়?

অন্যদিকে অভিনেতার এই পোস্ট সামনে আসতেই ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে সামাজিক মাধ্যম। অনেকেই লিখেছেন, রাহুল চরিত্রে শুভ্রজিৎ ছাড়া অন্য কাউকে কল্পনা করাই কঠিন। সম্প্রতি ধারাবাহিকে নায়ক-নায়িকার সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছিল, তাই এই সময়ে তাঁর বিদায়ের খবরে আরও বেশি মন খারাপ দর্শকদের। তবে পোস্টের শেষেও শুভ্রজিৎ দর্শকদের ধারাবাহিকটি দেখে যাওয়ার অনুরোধ করেছেন এবং দ্রুত সুস্থ হয়ে নতুন রূপে ফিরে আসার আশ্বাস দিয়েছেন। এখন দর্শকদের অপেক্ষা, রাহুল চরিত্রে কাকে দেখা যাবে এবং সুস্থ হয়ে কবে আবার পর্দায় ফিরবেন শুভ্রজিৎ সাহা।

You cannot copy content of this page