ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিথি বসুকে দর্শকরা এখনও ‘মা’ ধারাবাহিকের ছোট্ট ঝিলিক হিসেবেই মনে রেখেছেন। সেই তিথিই এবার সমাজমাধ্যমে করা এক ভিডিওকে কেন্দ্র করে সরাসরি স্যান্ডি সাহার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুললেন। নাইটি পরে বিভিন্ন দেশে ঘোরার জন্য পরিচিত স্যান্ডি সাহার নাম এর আগেও নানা বিতর্কে উঠে এসেছে। ঠাকুরপুকুরের গাড়ি দুর্ঘটনা থেকে শুরু করে কনটেন্ট নির্মাতা সায়ক চক্রবর্তীর বিতর্ক, বিভিন্ন সময়ে তাঁর মন্তব্য নিয়েও আলোচনা হয়েছে। এবার একটি পডকাস্টের অংশ ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়েছেন তিথি। তাঁর অভিযোগ, ওই অনুষ্ঠানে একজন মহিলাকে নিয়ে ‘পতিতা’ শব্দ ব্যবহার করে হাসাহাসি করেছিলেন স্যান্ডি। সেই ভিডিও দেখেই নিজের ক্ষোভ প্রকাশ্যে আনেন অভিনেত্রী।
তিথির দাবি, স্যান্ডির সঙ্গে তাঁর পরিচয় প্রায় পাঁচ বছরের। এতদিন তাঁদের মধ্যে মাঝেমধ্যে কথাবার্তাও হয়েছে, কিন্তু স্যান্ডির সম্পর্কে এমন কিছু অভিজ্ঞতা রয়েছে যা এতদিন প্রকাশ্যে আনেননি তিনি। এবার সেই পুরনো যোগাযোগের প্রসঙ্গ টেনে তিথি সরাসরি বলেন, “স্যান্ডিকে আমি পাঁচ বছর চিনি। ও ইন্ডাস্ট্রির অনেক বড় দালাল। মহিলাদের ক্লায়েন্ট জোগাড় করে দেয়। ও নিজেও তাঁদের সঙ্গে বিদেশ ঘোরে।” অভিনেত্রীর আরও দাবি, ওই ক্লায়েন্টদের কেউ বাংলাদেশে থাকেন, আবার কেউ অন্য জায়গারও হতে পারেন। তিথির অভিযোগ, তাঁকেও নাকি একাধিকবার এমন প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকি ক্লায়েন্টের অর্থে বিদেশে যাওয়ার প্রস্তাবও তিনি পেয়েছিলেন বলে দাবি করেছেন অভিনেত্রী।
তিথি আরও জানান, একবার শ্রীলঙ্কায় একজন ভ্লগারের সঙ্গে একটি প্রচারমূলক শুটে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। বিষয়টি নিয়ে আগ্রহী না হয়ে তিনি জানতে চেয়েছিলেন, সঙ্গে কাউকে নিয়ে যাওয়া যাবে কি না। তাঁর দাবি, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিলেন স্যান্ডি। এরপর তিথি স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি কোনওভাবেই এই ধরনের বিষয়ে জড়াতে চান না। অভিনেত্রীর কথায়, স্যান্ডি তাঁকে এমন প্রশ্নও করতেন যে তিনি সবসময় প্রেমিকের সঙ্গে বিদেশে যান কি না, নাকি একাই ভ্রমণ করেন। সেই কথোপকথনের প্রসঙ্গ তুলে তিথি দাবি করেন, শ্রীলঙ্কা যাওয়ার প্রস্তাবের সঙ্গে এই ধরনের প্রশ্ন তাঁর কাছে যথেষ্ট অস্বস্তিকর লেগেছিল। নিজের বক্তব্যের সমর্থনে স্যান্ডির পাঠানো কিছু ভয়েস বার্তা এবং কথোপকথনের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছেন বলেও জানান তিথি।
তবে এই সমস্ত অভিযোগের সূত্রপাত হয়েছে মূলত একটি পডকাস্টের ভিডিওকে কেন্দ্র করে। তিথির বক্তব্য অনুযায়ী, সেখানে দর্শকদের হাসানোর জন্য একটি মেয়ের নামের সঙ্গে ‘পতিতা’ শব্দ জুড়ে মন্তব্য করেছিলেন স্যান্ডি সাহা। সেই অংশটি দেখেই অভিনেত্রীর ক্ষোভ আরও বেড়ে যায়। তিথি প্রশ্ন তোলেন, যাঁর সঙ্গে ক্লায়েন্টের কথা বলে বিদেশ যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে তাঁর দাবি, সেই একই প্রসঙ্গে তাঁর মতো একজন অভিনেত্রীর চরিত্র নিয়েও কেন এমন শব্দ ব্যবহার করা হবে। এরপরই স্যান্ডির উদ্দেশে নিজের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। তাঁর দাবি, একজন মহিলাকে নিয়ে এভাবে প্রকাশ্যে মন্তব্য করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাই এতদিনের পরিচয় থাকা সত্ত্বেও এবার আর চুপ করে থাকতে চাননি তিনি।
আরও পড়ুনঃ জীবন বাঁচানোই কি চিকিৎসকের প্রথম দায়িত্ব? অর্থের কাছে হার মানা চিকিৎসাব্যবস্থা ও আড়ালে চলা অন্ধকার কারবারের বিরুদ্ধে এবার লড়বেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! প্রকাশ্যে পোস্টার এবং মুক্তির তারিখও, কবে আসছে পাভেলের নতুন ছবি ‘ডাক্তার কাকু’?
শেষে স্যান্ডির উদ্দেশে তিথি বলেন, “পডকাস্টে যাকে বলছিস ক্লাইন্ট আছে, শ্রীলঙ্কায় চল, তার সামনেই ঝিলিককে পতিতা বানিয়ে দিলি! নিজের স্ট্যান্ডার্ডটা একটু উঁচু কর।” এরপর তিনি আরও বলেন, “আমি কোনওদিনই তোকে পছন্দ বা অপছন্দ কোনওটাই করতাম না। তবে আজ থেকে শুধুই ঘৃণা করব।” নিজের বক্তব্যের পাশাপাশি ভবিষ্যতে স্যান্ডি তাঁকে নিয়ে ট্রোল করলেও তিনি তাতে গুরুত্ব দেবেন না বলেও স্পষ্ট করেছেন তিথি। অভিনেত্রীর কথায়, তাঁকে নিয়ে কী বলা হচ্ছে তা নিয়ে তাঁর কোনও সমস্যা নেই, কারণ তিনি এই ধরনের মানুষকে পাত্তা দেন না। তাঁর অভিযোগ এবং প্রকাশ করা কথোপকথনকে ঘিরে এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে স্যান্ডি সাহার তরফে এই অভিযোগগুলির বিষয়ে কোনও পাল্টা বক্তব্য সামনে এসেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।






