বসন্ত মানেই ভালোবাসার উদযাপন, আর ‘ভ্যালেনটাইন্স ডে’কে ঘিরে বিশেষ পরিকল্পনা কমবেশি সবারই থাকে। তবে, এই বিশেষ দিনটিকেই তাঁদের প্রেমের স্বীকৃতির দিন হিসেবে বেছে নিয়েছিলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। প্রতিবারের মতোই তাই এই বছরও ব্যক্তিগত এক স্মৃতি ভাগ করে নিলেন কাঞ্চন। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারির সেই বিশেষ দিনটির কথা মনে পরতেই তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেন একাধিক ছবি।
আইনি বিয়ের মুহূর্ত থেকে শুরু করে, মেয়ে কৃষভির সঙ্গে একাধিক পারিবারিক মুহূর্তও রয়েছে সেখানে। দিনটির তাৎপর্য বোঝাতে গিয়ে তিনি যে কথাগুলি লিখেছেন, তা অনেকেরই নজর কেড়েছে বিশেষভাবে। কাঞ্চনের পোস্টে লেখা ছিল, ‘১৩ -এই ফেব্রুয়ারি ২০২৪ এর গভীর রাতে তুমি প্রশ্ন করেছিলে, ‘তুমি কি আমাকে সত্যি বিয়ে করতে চাও, ভেবে বল।’ আমি হ্যাঁ বলেছিলাম। ১৪-এই ফেব্রুয়ারি সকালে আমরা দু’জনে, শুধু দু’জনে যাই আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। আমাদের সাক্ষী আমরাই, আর উকিল বাবু।
আর একজন ছিলেন যাকে সবাই ঈশ্বর বলেন।’ এরপর তিনি আরও যোগ করেন, ‘সেই দিন আমার জীবনের ভুল রাস্তায় চলা গাড়িটাকে ইউ টার্ন করিয়ে তুমি ঠিক রাস্তায় চালালে। এখন আমার জীবনের গাড়ির চালক তুমি, আমি শুধু হেল্পার। আর আমাদের গাড়ির নতুন প্যাসেঞ্জার ছোট্ট কৃষভি। আমাদের জীবনের গাড়ি চলুক দুর্বার গতিতে, কিন্তু সাবধানে। শুভ বিবাহবার্ষিকী।’ প্রসঙ্গত, ২০২৪ সালের শুরুতেই কাঞ্চনের আইনি বিচ্ছেদ হয়, প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দ্বিতীয় পক্ষে তাঁর পুত্র সন্তান ওশ মানসিকভাবে ভেঙে পড়ে এই ঘটনায়।
এমনকি কাঞ্চন প্রথমবারে অভিনেত্রী অনিন্দিতার সঙ্গেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ফলে এই বিয়ে কাঞ্চনের জীবনে তৃতীয় অধ্যায়। সেই সময় বয়সের ফারাক নিয়ে সমালোচনাও কম হয়নি। তবু নানান কটাক্ষের মাঝেও তিনি এবং শ্রীময়ী চট্টরাজ নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন। রেজিস্ট্রি বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই সামাজিক বিয়েও সম্পন্ন করেন তাঁরা। ২০২৪ সালের নভেম্বর মাসে জন্ম নেয় তাঁদের কন্যা কৃষভি। সেই নতুন সদস্যের আগমন যেন তাঁদের সম্পর্ককে আরও এক ধাপ পূর্ণতা দিয়েছে।
আরও পড়ুনঃ “‘লক্ষ্মীর ভাণ্ডার’ খারাপ নয়, তবে এটা সরকারের দানও নয়…ট্যাক্সের টাকা ফেরত নিন!” বাজেট ঘোষণার পর, ভাতা বৃদ্ধি ঘিরে রাজনৈতিক অস্বস্তি বাড়তেই, তোপ দাগলেন মিঠুন চক্রবর্তী!
এদিনের পোস্টেও সেই পারিবারিক ছবিগুলিই বেশি করে চোখে পড়েছে। ব্যক্তিগত জীবনের নানান উত্থান-পতনের পর এখন স্থিরতার বার্তাই যেন দিতে চেয়েছেন কাঞ্চন। তাঁর লেখায় সম্পর্ককে ‘জীবনের গাড়ি’ বলে তুলনা করা আর নিজেকে ‘হেল্পার’ বলার সরল ভাষাই যেন এই সম্পর্কের স্বাচ্ছন্দ্যের প্রমাণ। এদিকে শ্রীময়ীও স্বামীর গালে চুম্বনের ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। সব মিলিয়ে এই বছরের ভ্যালেনটাইন্স ডে তাঁদের কাছে বিশেষ হয়ে রইল।






