বিয়ের সাজে ফ্যাশন শুটে অংশ নিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন গায়িকা ও অভিনেত্রী দেবলীনা নন্দী। প্রেম দিবসে অনুষ্ঠান করতে তিনি পৌঁছে গিয়েছিলেন আগরতলা শহরে। কিন্তু তাঁর পেশাগত ব্যস্ততার মধ্যেই ব্যক্তিজীবন নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে। স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের সম্ভাবনা নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে অনুরাগী মহলে।
এই জল্পনার সূত্র তাঁর সাম্প্রতিক কিছু ছবি। দেবলীনা সাধারণত সিঁথিতে অল্প সিঁদুর রাখতেন, যা ছিল তাঁর পরিচিত সাজের অংশ। কিন্তু সাম্প্রতিক ছবিগুলিতে সেই চিহ্ন আর দেখা যাচ্ছে না। বিষয়টি নজর এড়ায়নি অনুসরণকারীদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ব্যক্তিজীবনে কি সত্যিই বড় কোনও পরিবর্তন এসেছে। বিষয়টি জানার জন্য সংবাদমাধ্যম যোগাযোগের চেষ্টা করলেও তাঁর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
দেবলীনার সঙ্গে যোগাযোগ না হওয়ায় বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ সূত্রে জানা যায়, আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের মামলা এখনও দায়ের করেননি তিনি। তবে চলতি বছরের জানুয়ারিতে স্বামী প্রবাহের বিরুদ্ধে বধূ নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ২২ জানুয়ারি সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ এবং পরিবারের উদ্দেশে নোটিস পাঠানো হয়।
পুলিশি সূত্রে আরও জানা গেছে, নোটিস পাওয়ার পরই বাবা মাকে নিয়ে থানায় হাজিরা দেন প্রবাহ। তদন্তে তিনি এবং তাঁর পরিবার সহযোগিতা করছেন বলেই জানা যায়। আপাতত তাঁকে গ্রেফতার করা হয়নি। মামলাটি এখনও আদালতে ওঠেনি, তবে তদন্ত প্রক্রিয়া চলছে নিয়মমাফিক। ঘটনার আইনি দিক কী মোড় নেয়, তা নিয়ে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
আরও পড়ুনঃ ‘মন মানে না’-র দুর্দান্ত সাফল্যে রাতারাতি তারকা! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ঝলমলে আত্মপ্রকাশ, তবুও সেই নায়িকা হঠাৎ উধাও? তিন দশক পর নীরবতা ভেঙে মুখ খুললেন শিল্পা ভট্টাচার্য! টলিউড ছাড়ার আসল কারণ জানালেন নিজেই!
এদিকে বিয়ের সময় পাওয়া গয়না, টাকা এবং আসবাব স্ত্রীধন হিসেবে পুলিশের সহায়তায় নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন দেবলীনা। বর্তমানে দুজনেই আলাদা থাকছেন। পাশাপাশি প্রবাহের কাছ থেকে খোরপোশ চেয়ে আবেদনও জানিয়েছেন তিনি। ব্যক্তিগত টানাপোড়েনের মাঝেও কাজের জগতে সক্রিয় থাকার চেষ্টা করছেন অভিনেত্রী, আর সেই কারণেই তাঁর জীবনের এই অধ্যায় ঘিরে কৌতূহল আরও বাড়ছে।






