একটার পর একটা বিতর্কের কেন্দ্রে চলে আসার পর থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ‘সায়ক চক্রবর্তী’ (Sayak Chakraborty)। কয়েকদিন আগেও যাঁর নিয়মিত ভ্লগ, লাইভ আর প্রমোশনাল পোস্টে ভরে থাকত টাইমলাইন, সেখানে এখন দেখা যাচ্ছে নীরবতা। আপাতত নিজেকে সময় দিচ্ছেন তিনি। তবু নেটমাধ্যমে আলোচনা থেমে নেই। পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় মাংস খাওয়া ঘিরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি, তারপর সেই অভিজ্ঞতা নিয়ে তাঁর ভিডিও মিলিয়ে যে বিতর্কের সূত্রপাত, তার রেশ এখনও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন স্তরে।
এই পরিস্থিতির মাঝেই তিনি হঠাৎ ফিরে এসে কোনও বক্তব্য নয়, বরং প্রকৃতির কয়েকটি ছবি শেয়ার করেন সায়ক। প্রজাপতি, কাঠবিড়ালি থেকে শাপলা ও চাঁদের ছবি যেন শব্দের বদলে অনুভূতির ভাষায় কথা বলছিল। এরপরেও শিবরাত্রি উপলক্ষে তিনি আবারও একটি ছবি পোস্ট করেন, সেখানে শিব ঠাকুর হাত বাড়িয়ে আছে এমন ছবি রয়েছে। যিনি সাধারণত স্পষ্ট বক্তব্যে অভ্যস্ত, তাঁর এই চুপ থাকা অনেকের নজর কেড়েছে। অনেকে বলছেন, এটা হয়তো সচেতন দূরত্ব।
আবার কেউ মনে করছেন, নিজের ভেতরের ব্যথা সামলে নেওয়ার সময় নিচ্ছেন। এই আবহে আলোচনায় সম্প্রতি উঠে আসে তাঁর দাদা, সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী-র একটি পোস্ট। তিনি এক লেখকের ভাবনা শেয়ার করেন, যেখানে মানুষের অপূর্ণতা, ভুল আর ভাঙনের কথা বলা হয়েছে। সরাসরি ভাইয়ের প্রসঙ্গ না থাকলেও, অনেকের মতে সময়টা এমন যে এই লেখাটি আলাদা অর্থ বহন করছে। কেউ কমেন্টে সায়কের খোঁজ নিলে তিনি সংক্ষেপে জানান, “দু’জনেই ভালো থাকার চেষ্টা করছে।”
ছোট বাক্য, কিন্তু তাতে ক্লান্তি আর দৃঢ়তার ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন অনেকে। এর মধ্যেই নতুন করে চর্চায় এসেছে সায়কের একটি পুরোনো সাক্ষাৎকার। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “আমার দাদা অনেক রকমের বই পরে, লেখালিখি করে। কিন্তু আমি পড়াশোনা থেকে অনেক দূরে। বই ছুঁয়েও দেখি না। দাদা তো বলে যে ‘ভাই তোর মধ্যে কোনও জ্ঞান নেই!’ আর আমি নিজেও এটা মানি যে আমার মধ্যে সত্যিই কোনও জ্ঞান নেই, আমি আছি এমনি বেঁচে আরকি!”
আরও পড়ুনঃ ছোটপর্দায় নতুন সমীকরণ! এবার নতুন গল্পে জুটি বাঁধছেন স্বস্তিকা-সৌম্যদীপ! দর্শকের প্রত্যাশা তুঙ্গে! এই ধারাবাহিক কি ভাঙবে আগের সাফল্যের রেকর্ড? কোন চ্যানেলে, কবে থেকে আসছে?
সেই কথাগুলো এখন ফের সামনে আসায় অনেকেই ভিন্ন প্রেক্ষিতে বিচার করছেন দুই ভাইয়ের সম্পর্ক ও মানসিকতার পার্থক্য! সব মিলিয়ে পরিস্থিতি এখন সংবেদনশীল। একদিকে সমালোচনা, অন্যদিকে নীরবতার মাঝখানে রয়েছেন সায়ক। আপাতত প্রকাশ্যে কোনও ব্যাখ্যা দেননি তিনি। কিন্তু বিরতির এই সময়, দাদার পরোক্ষ সমর্থন এবং পুরোনো সাক্ষাৎকার ঘিরে নতুন আলোচনা মিলিয়ে বোঝা যাচ্ছে, বিতর্ক থামলেও কথাবার্তা থামেনি। সময়ই বলবে, এই বিরতির পর তিনি কী নতুন চমক নিয়ে ফিরবেন।






