আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন রাজ্যের সর্বোচ্চ সম্মান গ্রহণের পর এক অদ্ভুত দ্বৈত অনুভূতির মধ্যে পড়েছেন গায়িকা ‘ইমন চক্রবর্তী’ (Iman Chakraborty)। একদিকে ‘বঙ্গবিভূষণ’-এর মতো মর্যাদাপূর্ণ স্বীকৃতি, অন্যদিকে সামাজিক মাধ্যমে কটাক্ষের ঝড়! নিজের পুরস্কার হাতে ছবি পোস্ট করে তিনি যে ভাষায় কৃতজ্ঞতা জানিয়েছেন, তা নিয়েই শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে মুখ্যমন্ত্রীকে “মাতৃসমা” বলে সম্বোধন করায় অনেকেই প্রশ্ন তুলেছেন তাঁর অবস্থান নিয়ে। রাজনৈতিক আবহে এই ধরনের আবেগঘন বক্তব্যকে অনেকে সহজভাবে নেননি।
ফলে প্রশংসার পাশাপাশি সমালোচনাও এসেছে সমান তালে। প্রসঙ্গত, প্রতিবছরের মতোই এই বছরও পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত অনুষ্ঠানে ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংগীতে বিশেষ অবদানের জন্য ইমনকে রাজ্যের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়। তাঁর পোস্টে প্র’য়াত মায়ের ছবির সামনে পুরস্কার রেখে লেখা কয়েকটি লাইন অনেকের মন ছুঁয়েছে। তিনি জানিয়েছেন, এই স্বীকৃতি তাঁর কাছে শুধুই ব্যক্তিগত সাফল্য নয়, বরং এক ধরনের আশীর্বাদ।
সংগীতচর্চায় আরও মনোযোগী থাকার অঙ্গীকারও করেছেন তিনি। শেষ করেছেন “জয় জগন্নাথ” লিখে, যা নিঃসন্দেহে তাঁর বিশ্বাস এবং আস্থার দিকটাকেই স্পষ্ট করেছে। তবে, রাজ্য-রাজনীতির বর্তমান পরিস্থিতিতে বিষয়টি নিছক সাংস্কৃতিক পরিসরে আটকে থাকেনি। বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মেরুকরণ তুঙ্গে। অতীতে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকার প্রসঙ্গ টেনে কেউ কেউ তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনও মন্তব্য এসেছে যে, তিনি নাকি ভবিষ্যতে নির্বাচনী টিকিটের আশা করছেন!
যদিও এসব মন্তব্যের জবাব সরাসরি দেননি ইমন। বরং নিজের কাজ আর সংগীত নিয়েই থাকতে চান বলেই ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, এই অনুষ্ঠানে ইমনের পাশাপাশি আরও বহু বিশিষ্ট শিল্পী ও ব্যক্তিত্ব সম্মানিত হয়েছেন। ‘বঙ্গবিভূষণ’ পেয়েছেন শিবাজী চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, গণেশচন্দ্র হালুই এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ‘বঙ্গভূষণ’ সম্মান পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, কার্তিক দাস বাউল ও অদিতি মুন্সী। এতজন গুণী মানুষের স্বীকৃতি পাওয়ার দিনে বিতর্কের কেন্দ্রে চলে আসেন ইমনই!
আরও পড়ুনঃ “মা গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি” মায়ের চিন্তায় মন ভার, বড় আয়োজন নয়! প্রার্থনাতেই কাটবে দোলন রায়ের জন্মদিন, তবুও আয়োজনে থাকছে কী? জানালেন স্বামী দীপঙ্কর দে!
জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পীর কেরিয়ারে একের পর এক সাফল্য যোগ হচ্ছে। লোকগীতি থেকে রবীন্দ্রসংগীত, সব ক্ষেত্রেই তিনি নিজের স্বতন্ত্র ভঙ্গিতে শ্রোতাদের মন জয় করেছেন। তবু সামাজিক মাধ্যমে তাঁর সাম্প্রতিক পোস্ট ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে জনসমক্ষে থাকা মানুষদের জন্য প্রশংসা ও সমালোচনা, দুটোই সমান বাস্তব। পুরস্কার যে সম্মান এনে দেয়, সেই সম্মানের সঙ্গেই কখনও কখনও জুড়ে যায় অপ্রত্যাশিত বিতর্কও।






