বিনোদন জগতে (Entertainment Industry) প্রবেশের পথ সবার জন্য এক নয়। কেউ বছরের পর বছর অডিশন দেন, পোর্টফোলিও জমা করেন, প্রত্যাখ্যানের তিক্ততা সহ্য করে তারপর একদিন সুযোগ পান। আবার কেউ কেউ পরিবার থেকেই পেয়ে থাকেন সেই দরজা খোলার চাবি। তাই নেপোটিজম (Nepotism) বনাম স্ট্রাগল (Struggle) বিতর্ক নতুন কিছু নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই আলোচনা টলিউডে যেমন হয়েছে, তেমনই বলিউডেও হয়েছে।
এই তালিকায় বারবার উঠে আসে কোয়েল মল্লিকের নাম। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে হিসেবে তিনি যে প্রথম সুযোগ পেয়েছিলেন, তা কখনও অস্বীকার করেননি। কিন্তু শুধু সুযোগ পাওয়াই তো শেষ কথা নয়। বহু তারকা সন্তানের ক্যারিয়ার কয়েকটি ছবির মধ্যেই থেমে গেছে। সেখানে কোয়েল বছরের পর বছর নিজের অভিনয়, পরিশ্রম ও স্ক্রিন প্রেজেন্স দিয়ে দর্শকদের মন জয় করেছেন। বাণিজ্যিক হোক বা পারিবারিক ছবি—নিজের জায়গা শক্ত করে নিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গেই মুখ খুলেছেন অভিনেত্রী। সোজাসাপ্টা স্বীকার করে নিয়েছেন, তাঁর কাছে অস্বীকার করার কোনও জায়গা নেই যে তিনি সুযোগ পেয়েছিলেন। যারা অডিশন দিয়ে, পোর্টফোলিও জমা করে, একেবারে শূন্য থেকে শুরু করেন—তাদের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা। তাঁদের সংগ্রামকে তিনি স্যালুট জানান।
কোয়েল আরও বলেন, তাঁকে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি যেখানে বলা হয়েছে—“হেঁটে দেখাও”, “কাঁদলে কেমন লাগে দেখাও” বা “হাসলে কেমন লাগে দেখাও”। এই অভিজ্ঞতা তাঁর হয়নি বলেই তিনি জানেন না, সেই লড়াইটা কতটা কঠিন। তাঁর কথায়, কোনও রাস্তা দিয়ে না হাঁটলে সেই পথের কাঁটা বোঝা যায় না। তাই যাঁরা সেই পথ পেরিয়ে এসেছেন, তাঁদের অভিজ্ঞতার গভীরতা তিনি কল্পনাও করতে পারেন না।
আরও পড়ুনঃ “সব ঠিক হওয়ার আশাতেই মানিয়ে নিই…কমবেশি আমরা প্রত্যেকেই একা, মা-হারা প্রাণের জীবনটা কি ভীষণ কষ্টের!” ব্যস্ত জীবনে খোঁজ নিতে ভয় পাই, একটু পাশে দাঁড়াতে পারি না? বিতর্কের পর ফিরে, ভাইরাল হনুমান শাবক ‘পাঞ্চ’কে ঘিরে মানবিক বার্তা সায়কের!
তবে তারকা পরিবারের সন্তান হওয়ার অন্য দিকও রয়েছে। কোয়েলের মতে, বাবা-মায়ের ব্যাকগ্রাউন্ড থাকলে সবসময় তুলনা চলতেই থাকে। প্রত্যাশার চাপও বেশি থাকে। আর শেষ কথা বলে দর্শকই, একটি ছবিতে বিপুল টাকা বিনিয়োগ হয়—সেখানে যদি দর্শক গ্রহণ না করেন, তবে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব নয়। তাই সুযোগ পাওয়া এক বিষয়, কিন্তু দর্শকের গ্রহণযোগ্যতাই শেষ পর্যন্ত একজন শিল্পীর ভবিষ্যৎ নির্ধারণ করে—এটাই স্পষ্ট বার্তা দিয়েছেন অভিনেত্রী।






