টলিউডে(Tollywood) বহু বছর ধরে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন কোয়েল মল্লিক(Koel Mallick)। একাধিক সফল ছবিতে কাজ করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। দীর্ঘদিন ধরেই বড় পর্দায় তাঁর উপস্থিতি একটু কমলেও দর্শকদের কাছে তাঁর জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত সিদ্ধান্ত—সব ক্ষেত্রেই বরাবরই সংযত ও ভেবেচিন্তে পদক্ষেপ নিতে দেখা যায় তাঁকে।
এবার সেই কোয়েল মল্লিককে ঘিরেই নতুন আলোচনা শুরু হয়েছে। অভিনয়ের জগৎ পেরিয়ে তিনি পা রাখলেন সম্পূর্ণ অন্য এক ময়দানে। রাজনীতিতে তাঁর প্রবেশ ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে মনে করছেন, আবার অনেকেই প্রশ্ন তুলেছেন তাঁর নতুন ভূমিকা নিয়ে। কারণ এবার তিনি মনোনীত হয়েছেন তৃণমূল কংগ্রেস-এর রাজ্যসভার প্রার্থী হিসেবে।
গতকাল মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অনুভূতির কথা জানান কোয়েল মল্লিক। তিনি বলেন, জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে তাঁর। এই দায়িত্বকে তিনি অত্যন্ত গুরুতর ও সম্মানের বলে মনে করছেন। অভিনেত্রীর কথায়, “সবার আশীর্বাদ ও ভালোবাসা যেন আমার সঙ্গে থাকে। আমি যেন মানুষের সেবা করতে পারি, দেশের জন্য কাজ করতে পারি।” তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত আগে থেকে পরিকল্পনা করা ছিল না, কিন্তু দেশের সেবা করার সুযোগ পাওয়া তাঁর কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়।
এই সিদ্ধান্তকে ঘিরেই এবার মুখ খুলেছেন টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কোয়েলের রাজনৈতিক যাত্রাকে তিনি সাধুবাদ জানিয়েছেন। তাঁর কথায়, কোয়েল অত্যন্ত সিরিয়াস ও দায়িত্ববান একজন মানুষ। নিজের জন্য যা ঠিক মনে হয়েছে, সেই সিদ্ধান্তই নিয়েছেন তিনি। ঋতুপর্ণা মনে করেন, নিশ্চয়ই সিনিয়রদের পরামর্শ নিয়েই কোয়েল এই পদক্ষেপ নিয়েছেন এবং ভবিষ্যতে ভালো কিছুই হবে।
আরও পড়ুনঃ টিআরপিতে আবারও বাজিমাত ‘পরিণীতা’র, কাছাকাছি ‘রাঙামতি’! ক্রমশ ‘জোয়ার ভাঁটা’ কোণঠাসা করছে ‘বিদ্যা ব্যানার্জি’কে! ‘পরশুরাম’এর জায়গা কোথায়? সাপ্তাহিক তালিকায় সেরা পাঁচে কারা?
তবে নিজের ক্ষেত্রে রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে একেবারেই ভিন্ন মত প্রকাশ করেছেন ঋতুপর্ণা। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজনীতির বিষয়টি তিনি খুব একটা বোঝেন না এবং সে বিষয়ে নিজেকে খুব অবগত বলেও মনে করেন না। তাই রাজনীতির রঙ নিজের গায়ে লাগানোর কথা তিনি ভাবেননি। বরং তিনি সাংস্কৃতিক ক্ষেত্রেই নিজেকে ব্যস্ত রাখতে চান বলে জানিয়েছেন অভিনেত্রী। কোয়েলের নতুন পথচলা নিয়ে তাই এখন কৌতূহল আরও বাড়ছে—অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও তিনি কতটা সফল হন, সেটাই দেখার।






