অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর খবর সামনে আসতেই স্তব্ধ হয়ে যায় গোটা টলিপাড়া। গত ২৯ মার্চ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলেবাবা পার কারেগা’ সিজন টু-এর শুটিং করতে গিয়ে দীঘার তালসারি সমুদ্রেই মৃত্যু হয় তাঁর। এক মুহূর্তে সব কিছু থমকে যায়, শুটিং সেট থেকে শুরু করে দর্শকদের মনেও নেমে আসে শোকের ছায়া। সেই ঘটনার পর থেকেই ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হতে থাকে।
এই ধারাবাহিকের প্রথম সিজনে কাজ করেছিলেন মধুমিতা সরকার ও নীল ভট্টাচার্য। তবে সেই সময় অনেকেই মন্তব্য করেছিলেন, লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিক প্রত্যাশিত টিআরপি না পাওয়ায় বন্ধ করে দেওয়া হয় প্রথম পর্ব। এরপর দ্বিতীয় সিজনে বড় চমক হিসেবে আনা হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তাতেও ভাগ্য ফেরেনি মেগার, উল্টে ঘটে যায় এমন মর্মান্তিক ঘটনা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শুধুই কি কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আরও বড় অব্যবস্থা?
তবে এত কিছুর পরেও ধারাবাহিক বন্ধ করার পথে হাঁটেননি প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়। বরং শোনা যাচ্ছে শুরু হতে চলেছে ‘ভোলেবাবা পার কারেগা’র তৃতীয় সিজন। এবার গল্প এগোবে দুই বোন ‘রূপাঞ্জনা’ ও ‘নীলাঞ্জনা’-কে ঘিরে। এই দুই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী ও নবাগত শ্রেয়া বসাককে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, একজন অভিনেতার মৃত্যু ঘিরে এত বিতর্কের মধ্যেই কি নতুন সিজন শুরু করা উচিত?
রাহুলের মৃত্যুর পর থেকেই প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শনিবার রিজেন্ট পার্ক থানায় উপস্থিত হন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারসহ বহু শিল্পী। চিরঞ্জিত চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তদের মতো প্রথম সারির অভিনেতাদের উপস্থিতি এই ঘটনাকে আরও গুরুত্ব দিয়েছে।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে যখন একের পর এক প্রশ্ন উঠছে, ঠিক তখনই নতুন সিজন শুরু করার সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যেখানে প্রযোজনা সংস্থার তরফে এখনও পর্যন্ত পরিষ্কারভাবে জানানো যায়নি ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেখানে এত দ্রুত নতুন করে শুটিং শুরু করার তাড়াহুড়ো কেন? একজন অভিনেতার অকাল মৃত্যু, নিরাপত্তা নিয়ে বড় অভিযোগ, শিল্পী মহলের ক্ষোভ, এসবের কোনও সুস্পষ্ট সমাধান না করেই কি নতুন গল্পে এগিয়ে যাওয়া উচিত?
আরও পড়ুনঃ আজ রাতেই তালসারিতে যাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার! সকালে রিজেন্ট পার্ক থানায় এফআইআর, এবার দ্বিতীয় দফার এফআইআরের প্রস্তুতি! স্বামী রাহুলের মৃ’ত্যুর পাঁচ দিন পেরিয়েও ন্যায়ের অপেক্ষা! মিলবে কি বিচার?
সমালোচকদের মতে, এই সিদ্ধান্ত শুধু অমানবিকই নয়, দায় এড়ানোর চেষ্টাও হতে পারে। কারণ, ঘটনার প্রকৃত সত্য সামনে না এনে যদি নতুন সিজনের মাধ্যমে দর্শকের দৃষ্টি ঘোরানোর চেষ্টা হয়, তাহলে তা শিল্প জগতের জন্য ভীষণ খারাপ বার্তা বহন করবে। লীনা গঙ্গোপাধ্যায়ের মতো অভিজ্ঞ প্রযোজকের কাছ থেকে এমন পদক্ষেপ অনেকেই প্রত্যাশা করেননি। এখন প্রশ্ন একটাই, এই সিদ্ধান্ত কি শুধুই ব্যবসার স্বার্থে, নাকি সত্যিই সমস্ত বিতর্ককে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা? সময়ই তার উত্তর দেবে ।






