বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ফিনালে যত এগিয়ে আসছে, প্রতিযোগীদের মধ্যে উত্তেজনা ততই বাড়ছে। প্রতিদিনই বাড়ির অন্দরে নতুন নতুন ঘটনা এবং বিতর্ক তৈরি হচ্ছে। তবে এবারের সপ্তাহে সবচেয়ে বেশি আলোচনায় জিতু কমল (Jeetu Kamal)। কখনও সৃজলার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ, কখনও সৌরভ দাসের সঙ্গে টিকিট টু ফিনালে টাস্ক, আবার কখনও বিগ বসের বাড়িতে তাঁর আচরণ, সব মিলিয়ে বারবার খবরের শিরোনামে উঠে আসছেন অভিনেতা। এর মধ্যেই শনিবারের বিশেষ ‘দাদার দরবার’ পর্বে জিতুকে নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শুধু জিতু নন, এদিন রাজবীর দে, নিরঞ্জন মণ্ডল এবং তনুশ্রীকেও নিজেদের আচরণের জন্য জবাব দিতে হয়েছে। তবে জিতুকে নিয়ে সৌরভের একাধিক মন্তব্য নতুন করে চর্চা শুরু করেছে।
এদিনের পর্বে প্রথমেই উঠে আসে রাজবীর দে এবং জিতু কমলের সমীকরণের কথা। অভিনেত্রী তৃণা সাহা নিজের ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’-এর প্রচারে এসে প্রতিযোগীদের সঙ্গে একটি মজার খেলায় অংশ নেন। সেখানে বাড়ির সদস্যদের কাছে জানতে চাওয়া হয়, কে কাকে কোন তকমা দিতে চান। এই খেলায় সৃজলাকে ‘ভিক্টিম কার্ড’ এবং জিতুকে ‘ভিলেন’ তকমা দেওয়া হয়। রাজবীরও জিতুকে ভিলেন বলে উল্লেখ করেন। এরপর সৌরভ জিতুকে মনে করিয়ে দেন, একটা সময়ে রাজবীরের হয়েই তিনি খেলতেন। কিন্তু রাজবীর পাল্টা দাবি করেন, তিনি কখনও জিতুকে নিজের হয়ে খেলতে বলেননি। সৌরভ জানান, বাড়ির ভিতরে কী ঘটেছে, তা তাঁর অজানা নয়। এরপর রাজবীর শোয়ের এডিটিং নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, শোয়ে অনেক কিছুই হয়তো কেটে বাদ দেওয়া হয়, যার ফলে দর্শকরা প্রতিযোগীদের সব আচরণ দেখতে পান না। এই কথা শুনে রেগে যান সৌরভ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিগ বসে কিছুই কেটে বাদ দেওয়া হয় না। এমনকী রাজবীরকে উদ্দেশ্য করে বলেন, এই শোয়ে আসাই তাঁর উচিত হয়নি এবং ভবিষ্যতে এডিটিং নিয়ে এমন মন্তব্য না করার জন্য সতর্ক করেন।
এরপর জিতু কমলের প্রসঙ্গ উঠতেই সৌরভের প্রশ্নের মুখে পড়েন অভিনেতা। টিকিট টু ফিনালে টাস্ক জিতে সরাসরি ফাইনালে পৌঁছনোর সুযোগ পেয়েও জিতু সেটি ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, অন্য কারও চেয়ে বেশি যোগ্য মনে হলে তবেই তিনি ফাইনালে যেতে চান। এই প্রসঙ্গেই সৌরভ জানতে চান, টিকিট টু ফিনালের কি জিতুর কাছে কোনও মূল্য নেই? নিজের অভিনয় জীবনে পাওয়া কোনও পুরস্কারও কি তিনি এভাবে ফিরিয়ে দিয়েছেন? জিতু জানান, অতীতেও দু’বার তিনি অন্য কাউকে বেশি যোগ্য মনে করে পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন। অভিনেতার এই উত্তরে আরও ক্ষুব্ধ হন সৌরভ। তিনি প্রশ্ন করেন, “তুমি কি সবকিছুর ঊর্ধ্বে? কখনও শুনেছ অস্ট্রেলিয়া ভাল খেলেছে বলে ভারত ট্রফি ফিরিয়ে দিয়েছে?” সৌরভের এই উদাহরণের পর কার্যত চুপ হয়ে যান জিতু। সঞ্চালকের বক্তব্য, কোনও প্রতিযোগিতায় জেতার পর সেই সম্মান বা পুরস্কারের মূল্য দেওয়া প্রয়োজন। নিজের পছন্দ অনুযায়ী পুরস্কার গ্রহণ বা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে জিতুর অবস্থান যে সৌরভের পছন্দ হয়নি, তা এদিনের কথাবার্তাতেই স্পষ্ট হয়ে যায়।
অন্যদিকে জিতু ও সৃজলাকে নিয়ে বাড়ির ভিতরে আলোচনা এবং হাসাহাসি করার জন্য নিরঞ্জন মণ্ডলকেও সতর্ক করেন সৌরভ। তাঁদের ব্যক্তিগত সমীকরণ নিয়ে অন্যদের মধ্যে যে ধরনের আলোচনা চলছে, তা নিয়েও প্রশ্ন ওঠে। পরের দিন সেই একই প্রসঙ্গ আবার তুলে সৃজলাকে রাগিয়ে দেওয়ার ঘটনায় তনুশ্রীকেও বকা দেন সঞ্চালক। যদিও পরে নিজের ভুল স্বীকার করে নেন তনুশ্রী। এদিনের পর্বে শুধু কথাবার্তা নয়, প্রতিযোগীদের আচরণ নিয়েও সৌরভের অসন্তোষ প্রকাশ পায়। এর আগে টিকিট টু ফিনালে টাস্কে সৌরভ দাসকে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় জিতুকে নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনায় সৌরভের হাতেও চোট লাগে। প্রতিযোগিতার নিয়ম এবং জিতুর খেলার ধরন নিয়ে দর্শকদের একাংশ প্রশ্ন তুলেছিলেন। সৌরভ দাসের স্ত্রী দর্শনা বণিকও সমাজমাধ্যমে স্বামীর পাশে দাঁড়িয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। ফলে দাদার দরবারে জিতুর টিকিট ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ ওঠায় আগের বিতর্কও নতুন করে আলোচনায় চলে আসে।
আরও পড়ুন: “অরিন্দম নির্ভরযোগ্য, দেবাংশু ছিল ঝড়… বিয়ে করা উচিত হয়নি!” “ও বলেছিল, তুমি আমার জীবনের অন্যতম সেরা বন্ধু!” “অরিন্দমই আমাদের ছেলেকে মানুষ করেছে” বিচ্ছেদের পরেও প্রথম স্বামীর সঙ্গে অটুট যোগাযোগ! তাঁর মৃ’ত্যুর আগের রাতে কেন অঝোরে কেঁদেছিলেন অভিনেত্রী? প্রথম বিয়ে ভাঙার কারণ থেকে প্রাক্তনের শেষ মুহূর্ত ও আকস্মিক মৃ’ত্যু! দুই স্বামীকে নিয়ে জীবনের অজানা অধ্যায়ের গল্প শোনালেন খেয়ালী দস্তিদার?
এদিকে শনিবারের পর্বের পাশাপাশি রবিবারের ‘দাদার দরবার’-এর নতুন প্রোমোতেও জিতুকে নিয়ে আরও একটি বিতর্কের ইঙ্গিত মিলেছে। সেখানে সৌরভ প্রতিযোগীদের বিগ বসের বাড়িতে কাটানো কিছু সুন্দর মুহূর্ত দেখাতে চান। পর্দায় একের পর এক স্মরণীয় মুহূর্ত ভেসে উঠলেও জিতুকে মাথা নিচু করে বসে থাকতে দেখা যায়। তিনি সেই ভিডিওর দিকে তাকাননি। পাশে বসে থাকা সৃজলা তাঁকে বারবার ভিডিওটি দেখতে বললেও জিতু কোনও আগ্রহ দেখাননি। এই আচরণেই ক্ষুব্ধ হন সৌরভ। জিতুকে উদ্দেশ্য করে তিনি বলেন, “জিতু তুমি একটা ফ্রেমও দেখনি। এত বড় বিগ বসের শোকে এরকমভাবে ইগনোর আর অপমান করলে কেন? তোমাকে সৃজলা বলল মধ্যিখানে যে দেখ, তাও দেখলে না। এত বড় অপমান, তোমাকে জবাব দিতে হবে।” যদিও প্রোমোতে জিতুর কোনও জবাব দেখা যায়নি। ফলে রবিবারের পর্বে এই প্রশ্নের উত্তরে অভিনেতা কী বলেন, সেটাই এখন দেখার। একদিকে টিকিট টু ফিনালে নিয়ে বিতর্ক, অন্যদিকে বিগ বসের স্মরণীয় মুহূর্ত দেখতে না চাওয়ায় সৌরভের অসন্তোষ, সব মিলিয়ে জিতুকে ঘিরে বিগ বস বাংলার অন্দরে উত্তেজনা ক্রমশ বাড়ছে।






