ভোট শুধু দায়িত্ব পালন নয় ভোট আমার কাছে উৎসব! ছোটবেলায় মা আঙ্গুলে দাগ কেটে মেটাতেন ভোটের উৎসাহ! ভোট আবহে অকপট ইন্দ্রানী হালদার

ছোটবেলার এক মিষ্টি স্মৃতিই আজও যেন ভাসিয়ে নিয়ে যায় ইন্দ্রাণীকে। ভোট মানে শুধু দায়িত্ব নয়, বরং আবেগের এক গভীর জায়গা তাঁর কাছে। তখন ভোট দেওয়ার বয়স হয়নি, কিন্তু বড়দের আঙুলে কালির দাগ দেখে কৌতূহল সামলাতে পারতেন না। প্রশ্ন করতেন, কেন তাঁর আঙুলে নেই সেই দাগ। শেষে আবদার মেটাতে মা দোয়াতের নীল কালি দিয়ে আঙুলে দাগ করে দিতেন, আর বলতেন তিনিও ভোট দিয়েছেন। সেই ছোট্ট ঘটনাই তাঁর মনে গেঁথে দেয় ভোটের প্রতি এক আলাদা টান।

প্রথমবার সত্যিকারের ভোট দেওয়ার অভিজ্ঞতা ছিল আরও বেশি রোমাঞ্চকর। বহু প্রতীক্ষার পর যখন আঙুলে সেই আসল কালি পড়ল, তখন তিনি বুঝতে পারলেন এর প্রকৃত গুরুত্ব। মনে হয়েছিল, তিনি এখন দেশের একজন দায়িত্ববান নাগরিক। পরিবারে রাজনীতি নিয়ে আলোচনা হত নিয়মিত, তবে কখনও কোনও মত চাপিয়ে দেওয়া হয়নি। নিজের বিচারবুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পেয়েছিলেন সবসময়, যা তাঁকে আরও সচেতন করে তোলে।

ভোটের দিনটা তাঁর কাছে শুধু দায়িত্ব পালনের দিন নয়, বরং একটা উৎসবের মতোও। ছোটবেলায় সেই দিন বাড়িতে রান্না হত বিশেষ খাবার, ভোট দিয়ে ফিরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতেন। নিউ আলিপুরে বড় হয়ে ওঠা ইন্দ্রাণী জানিয়েছেন, তিনি সবসময় শান্তিপূর্ণ ভোটই দেখেছেন। কোনও অশান্তির স্মৃতি তাঁর মনে নেই, যা তাঁর অভিজ্ঞতাকে আরও ইতিবাচক করে তুলেছে।

বর্তমানে নির্বাচন ব্যবস্থায় কড়াকড়ি অনেক বেড়েছে বলে মনে করেন তিনি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে, চেকিংও বাড়ানো হয়েছে। তবে সম্প্রতি এক মহিলার কাছ থেকে গয়নার টাকা আটকানোর ঘটনা তাঁকে ভাবিয়েছে। নিয়ম প্রয়োজন হলেও, তা যেন সাধারণ মানুষের অসুবিধার কারণ না হয়, সেই দিকেও নজর দেওয়া জরুরি বলে মত তাঁর।

আরও পড়ুন: ভূতুড়ে স্টেশনে কি সত্যিই আছে ভূত? বিশ্বাসের আড়ালে লুকানো সত্যির অনুসন্ধান! সব জট খুলতে, নবাগত পরিচালক চন্দ্রোদয় পাল ও সুচন্দ্রা X ভানিয়া নিয়ে আসছেন নতুন ছবি ‘পরবর্তী স্টেশন বেগুনকোদর’!

এবারের নির্বাচনে তিনি প্রচারেও অংশ নিয়েছেন, যা ছিল এক নতুন অভিজ্ঞতা। আমতা ও মহিষাদলে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। দীর্ঘদিন পর জনসংযোগ করে তিনি ভীষণ আনন্দিত। শারীরিক সমস্যার কারণে আগেরবার যেতে না পারলেও, এখন ধীরে ধীরে কাজে ফিরছেন। ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে যুক্ত হতে চান বলেও জানালেন তিনি।

You cannot copy content of this page