রাজ্যের ভোট মিটে এখন চারদিকে শুধু ফলাফল নিয়ে আলোচনা, বুথ ফেরত সমীক্ষা আর রাজনৈতিক টানটান উত্তেজনা। ঠিক এই সময়েই সমাজ মাধ্যমে সামনে এল এক অন্য সুখবর। নেটদুনিয়ায় ‘বাঁকুড়া মিমস’-এর জনপ্রিয় মুখ উন্মেষ গঙ্গোপাধ্যায় নীরবে সেরে ফেললেন নিজের বিয়ে। কোনও আগাম ঘোষণা নয়, কোনও প্রচার নয়, একেবারে গোপনীয়তার মধ্যেই সম্পন্ন হল শুভপরিণয়। হঠাৎ করেই বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই চমকে যান অনুরাগীরা। যাঁর প্রতিটি পোস্ট মুহূর্তে ভাইরাল হয়, তাঁর ব্যক্তিগত জীবনের এত বড় খবর এভাবে চাপা থাকায় কৌতূহল আরও বেড়েছে।
ভোটের আবহে এই খবর যেন বাড়তি চমক এনে দিয়েছে নেটমাধ্যমে। অনেকে বলছেন, রাজনৈতিক ফলের আগে উন্মেষ নিজের জীবনের ফল প্রকাশ করে দিলেন। উন্মেষকে বহু মানুষ চেনেন তাঁর ব্যতিক্রমী মিমস, রাজনৈতিক ব্যঙ্গ আর মজাদার পোস্টের জন্য। তবে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় তিনি রেখেছিলেন একেবারে ব্যক্তিগত পরিসরে। জানা গিয়েছে, পাত্রী তাঁর দীর্ঘদিনের পরিচিত এবং ভালোবেসেই তাঁকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন উন্মেষ। কাছের মানুষদের উপস্থিতিতেই ঘরোয়া পরিবেশে চার হাত এক হয়েছে।
বিয়ের অনুষ্ঠানে বাড়তি জাঁকজমক না থাকলেও ছিল আন্তরিকতার ছাপ। সমাজ মাধ্যমে বিয়ের ছবি শেয়ার হতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। অনেকেই অবাক হয়ে প্রশ্ন তুলেছেন, এত বড় খবর এতদিন গোপন রাখা হল কীভাবে। আবার কেউ বলছেন, ব্যক্তিগত সুখকে প্রচারের বাইরে রাখতেই হয়তো এই সিদ্ধান্ত। বিয়ের ছবিতে সাবেক বাঙালি রীতির ছাপ স্পষ্ট। কনে লাল বেনারসি, চন্দনের সাজ আর ঐতিহ্যবাহী অলঙ্কারে ধরা দিয়েছেন উজ্জ্বল রূপে। অন্যদিকে উন্মেষকে দেখা গিয়েছে ধুতি, পাঞ্জাবি ও চাদরে একেবারে বাঙালি বরের সাজে।
ছবিগুলিতে ছিল সরলতা, হাসি আর পরিবারের উষ্ণ উপস্থিতি। স্ট্যান্ড আপ কমেডিয়ান ভাস্কর মান্না এই মুহূর্তের কিছু ছবি ভাগ করে নেওয়ার পরই বিষয়টি সামনে আসে। তারপর থেকেই অনুরাগীরা নতুন দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। অনেকে মন্তব্য করেন, জীবনের নতুন অধ্যায়ে উন্মেষকে এমন হাসিখুশি দেখেই ভালো লাগছে। আবার কেউ বলেন, এই সরল আয়োজনই সবচেয়ে সুন্দর। উন্মেষকে যারা নিয়মিত অনুসরণ করেন, তাঁদের বড় অংশই রাজনীতি, ভোট বা সামাজিক ব্যঙ্গাত্মক পোস্টের মাধ্যমে তাঁকে চিনেছেন। তাই হঠাৎ বিয়ের খবর সামনে আসতেই অনেকেই মজার ছলে নানা মন্তব্য করতে শুরু করেন।
কেউ লিখেছেন, ভোটের রেজাল্ট নিয়ে ভাবার আগে উন্মেষ নিজের জীবনের রেজাল্ট বের করে ফেললেন। কেউ আবার জানতে চেয়েছেন, এত গোপনে বিয়ে করার রহস্য কী। কেউ মজা করে প্রশ্ন করেছেন, “ঘোতন জানে তো দাদা?” আবার অনেকে বৌভাতের নিমন্ত্রণ চেয়ে মন্তব্য করেছেন। সব মিলিয়ে হাসি-মজা আর শুভেচ্ছায় জমে উঠেছে মন্তব্য বিভাগ। উন্মেষের ভক্তরাও এই সুখবরকে ইতিবাচক মুহূর্ত হিসেবেই দেখছেন। কর্মজীবনের নানা ওঠাপড়া পেরিয়ে এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন উন্মেষ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুনঃ দারুণ সুখবর! ৫৪ বছরে ফের বাবা হচ্ছেন কাঞ্চন মল্লিক? দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা শ্রীময়ী? কবে আসছে কৃষভির ভাই বা বোন? টলিপাড়ায় শুরু কানাঘুষো!
সমাজ মাধ্যমে জনপ্রিয়তা থাকলেও ব্যক্তিগত সম্পর্ককে তিনি যে আলাদা গুরুত্ব দেন, এই বিয়ের আয়োজনেই তা স্পষ্ট। প্রচারের আলো থেকে দূরে থেকে কাছের মানুষদের নিয়ে নতুন পথচলা শুরু করলেন তিনি ও তাঁর জীবনসঙ্গিনী। ভোটের ফল যা-ই হোক, উন্মেষের জীবনে এই সময়টা নিঃসন্দেহে বিশেষ হয়ে থাকবে। অনুরাগীদের আশা, আগামীতেও কাজের পাশাপাশি সংসার জীবনেও তিনি সফল হবেন। এখন নেটিজেনদের একটাই কথা, নতুন দম্পতির জন্য রইল অনেক শুভেচ্ছা। আর সঙ্গে প্রশ্ন, বৌভাতের দাওয়াত কবে?






