ভোটের ফল ঘোষণার উত্তেজনায় যখন সকাল থেকেই সরগরম পশ্চিমবঙ্গ, ঠিক সেই সময়েই বিনোদন জগতে ছড়িয়ে পড়ে অন্য এক জোর গুঞ্জন। সমাজমাধ্যমে আচমকাই ভাইরাল হয়ে যায় খবর, নাকি ফের অন্তঃসত্ত্বা হয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। শুধু তাই নয়, দাবি করা হয় ৫৮ বছর বয়সে আবারও বাবা হতে চলেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। মুহূর্তের মধ্যেই এই খবর ঘুরতে শুরু করে নানা প্ল্যাটফর্মে। অনেকে বিষয়টি নিয়ে চর্চা শুরু করেন, আবার কেউ কেউ অবাকও হন। তবে খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতেই যোগাযোগ করা হয় শ্রীময়ীর সঙ্গে। এরপরই সামনে আসে পুরো ঘটনার আসল ছবি। গুঞ্জনের জবাবে স্পষ্ট প্রতিক্রিয়া দেন অভিনেত্রী নিজেই।
শ্রীময়ী জানিয়েছেন, এই মুহূর্তে দ্বিতীয়বার মা হওয়ার কোনও পরিকল্পনাই নেই। তিনি বলেন, “কৃষভির জন্মের সময় আমার সিজার হয়েছিল। দু’বছর না হলে তো ডাক্তারই পারমিশন দেবেন না দ্বিতীয়বার মা হওয়ার।” তাঁর এই মন্তব্য থেকেই পরিষ্কার, চিকিৎসার দিক থেকেও এখনই এমন সম্ভাবনা নেই। শুধু গুজব নয়, বিষয়টি নিয়ে ভুল তথ্য ছড়ানোয় বিরক্তিও প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রীর কথায়, “এসব খবর যারা ছড়াচ্ছে তারা নেহাত বোকা।” শ্রীময়ীর বক্তব্যে বোঝা যায়, তিনি এই গুজবকে মোটেই হালকাভাবে নেননি। বরং অযথা ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যে খবর রটানোয় তিনি ক্ষুব্ধ।
এখানেই থামেননি শ্রীময়ী। তিনি আরও বলেন, “আর তাছাড়া, আমি যদি দ্বিতীয়বার মা হই, তাতে তো অন্য কারওর অসুবিধা হওয়ার কথা নয়।” এই মন্তব্যের মাধ্যমে ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে অযথা হস্তক্ষেপের বিরুদ্ধেই যেন বার্তা দিলেন তিনি। একই সঙ্গে জানান, এখন তিনি নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন। শ্রীময়ী স্পষ্ট করে বলেন, “যেখানে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আজ সকাল থেকে উত্তেজনা তুঙ্গে। সেখানে আমার এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। কী অদ্ভুত!” তাঁর এই কথায় বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্ময়ও ধরা পড়ে। অর্থাৎ বড় খবরের দিনে এমন গুজব ছড়ানোয় তিনি অবাক।
অভিনেত্রী আরও জানান, বর্তমানে তিনি নিয়মিত কাজ করছেন এবং নতুন পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাঁর কথায়, “এখন তো কাজে আছি, নিয়মিত কাজ করছি, এখন কোনও পরিকল্পনা নেই-ই।” অর্থাৎ পরিবার বাড়ানো নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেই। প্রসঙ্গত, কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে নিয়ে দীর্ঘদিন ধরেই নেটদুনিয়ায় নানা আলোচনা চলে। তাঁদের সম্পর্ক, বিয়ে, বয়সের ফারাক থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার চর্চা হয়েছে। কিন্তু সব সমালোচনা পাশ কাটিয়ে নিজেদের মতো করেই জীবন কাটাচ্ছেন এই তারকা দম্পতি।
আরও পড়ুনঃ “প্রতিবার মহিষাসুররা আসে, জয় হয় মা দুর্গারই”, মমতাকে ‘মহিষাসুরমর্দিনী’ আখ্যা দিয়েছিলেন রাজ চক্রবর্তী! আইপিএস অফিসারকে মমতার পায়ে ফেলেছিলেন শুভশ্রী গাঙ্গুলী, কিন্তু ভোটের অঙ্কে পিছিয়ে পড়লেন সেই রাজ চক্রবর্তীই! অতিরিক্ত আত্মবিশ্বাসই কী তবে কাল হলো?
কাঞ্চন-শ্রীময়ীর অসমবয়সী প্রেম একসময় বড় আলোচনার বিষয় ছিল। পরে বিয়ে, নতুন সংসার এবং সন্তান কৃষভিকে ঘিরেও বহু মন্তব্য হয়েছে সমাজমাধ্যমে। তবে নেতিবাচক প্রতিক্রিয়ায় খুব একটা গুরুত্ব দেন না তাঁরা। বরং নিজেদের পরিবার ও কাজ নিয়েই এগিয়ে চলেছেন। এবার ফের মা হওয়ার গুঞ্জন ছড়াতেই সেই নীরবতা ভাঙলেন শ্রীময়ী। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এই খবরের কোনও ভিত্তি নেই। ফলে ভাইরাল হওয়া দাবি যে নিছক গুজব, তা তাঁর বক্তব্যেই পরিষ্কার হয়ে গেল। এখন দেখার, এরপরও এই চর্চা কতদিন চলতে থাকে।






