মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনার পর থেকে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে দোহাড়িয়া এলাকায় নিজের বাড়ির কাছেই দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তিনি। সেই ঘটনার পর মধ্যমগ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যেই সামনে এসেছে অভিনেতা রণজয় বিষ্ণুর পরিবারের প্রসঙ্গ। কারণ, মধ্যমগ্রামের দেবদাসপল্লি এলাকাতেই রণজয়ের বাড়ি। যদিও অভিনেতা এখন সেখানে থাকেন না, তবু তাঁর মা ও পরিবারের অনেক সদস্য এখনও ওই এলাকাতেই থাকেন। তাই ঘটনার পরে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছিলেন অনুরাগীরাও।
পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই মুখ খুললেন অভিনেতা। রণজয় জানান, পরিবারের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। সকাল ও বিকেলে কথা হচ্ছে সবার সঙ্গে। তাঁর দাবি, বর্তমানে পরিবারের সদস্যরা নিরাপদেই আছেন। অভিনেতা বলেন, “আমাদের বাড়ি দেবদাসপল্লি অঞ্চলে। পুরো এলাকাই উত্তপ্ত হয়ে রয়েছে, এ কথা ঠিক।” এলাকায় টানটান পরিস্থিতি থাকলেও তাঁদের পরিবারে সরাসরি কোনও সমস্যা তৈরি হয়নি বলেই জানান তিনি। খবর পাওয়ার পর থেকেই তিনি বাড়ির সকলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
পরিবারের সদস্যদের পরিস্থিতি জেনে কিছুটা স্বস্তি পেয়েছেন অভিনেতা। বাইরে থেকে সব নজরে রাখছেন বলেও ইঙ্গিত দেন তিনি। রাজনৈতিক অশান্তির আবহে নিজের পরিবারের অবস্থানও স্পষ্ট করেছেন রণজয়। তিনি বলেন, “কিন্তু আমাদের পরিবারের কেউ কোনও দিন সক্রিয় ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।” তাঁর মতে, রাজনৈতিক পরিচয় না থাকায় পরিবার বাড়তি সমস্যায় পড়েনি। একই সঙ্গে তিনি আরও বলেন, “যুক্ত থাকলে আজ কী উত্তর হত জানি না।” এই মন্তব্যের মাধ্যমে এলাকার উত্তেজনাপূর্ণ পরিবেশের কথাও বুঝিয়ে দেন অভিনেতা। যদিও পরিস্থিতি নিয়ে তিনি অতিরিক্ত আতঙ্কিত নন।
বরং পরিবারের সদস্যরা ঠিক আছেন, সেটাই এই মুহূর্তে তাঁর কাছে বড় স্বস্তির বিষয়। তাই আপাতত চিন্তার কারণ নেই বলেই জানিয়েছেন তিনি। এদিকে ব্যক্তিগত জীবনে এই সময়টা রণজয়ের জন্যও বেশ ব্যস্ততার। বর্তমানে তাঁকে দর্শক দেখছেন ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে। নতুন এই ধারাবাহিক শুরু হওয়ায় কাজের চাপও বেড়েছে অভিনেতার। নিয়মিত শুটিং, দীর্ঘ সময় কাজ এবং ব্যস্ত সময়সূচির মধ্যেই চলছে তাঁর দিনযাপন। এর মধ্যেই আবার শারীরিক অসুস্থতায় পড়েছেন তিনি। অভিনেতা ধুম জ্বরে ভুগছেন বলেই জানা গিয়েছে। শরীর খারাপ থাকা সত্ত্বেও কাজ বন্ধ রাখেননি তিনি। দায়িত্ব সামলে শুটিং চালিয়ে যাচ্ছিলেন।
আরও পড়ুনঃ “সেদিন অপমান ও অস্বস্তিতে কেঁদেছিলাম…সাহায্য চেয়েও কাউকে পাইনি, রাজ আমার কোনও কথাই শুনতে চায়নি” রাজ চক্রবর্তীর ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিক সেটের অপ্রীতিকর অভিজ্ঞতা ফাঁস করলেন বর্ষীয়ান অভিনেত্রী সঙ্ঘমিত্রা!
বৃহস্পতিবারও জ্বর নিয়েই শুটিং ফ্লোরে উপস্থিত ছিলেন রণজয়। তবে পরে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আর দেরি না করে চিকিৎসকের কাছে যান তিনি। পরিবারের সদস্যরা নিরাপদে আছেন, এই খবর তাঁকে মানসিকভাবে কিছুটা স্বস্তি দিয়েছে। কিন্তু নিজের অসুস্থতার কারণে তিনি অস্বস্তিতে রয়েছেন। একদিকে পরিবারের এলাকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, অন্যদিকে কাজের চাপ ও অসুস্থতা, দুই মিলিয়ে কঠিন সময় পার করছেন অভিনেতা। তবু পেশাদারিত্ব বজায় রেখে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এখন পরিবারের সুস্থতা ও নিজের দ্রুত আরোগ্যই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।






