বলিউড অভিনেত্রী শেফালি শাহ বরাবরই নিজের মত স্পষ্টভাবে বলতে পছন্দ করেন। ব্যক্তিগত জীবন থেকে সমাজের নানা বিষয় নিয়ে অকপটে কথা বলতে দেখা যায় তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক এবং সন্তান নেওয়া নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন অভিনেত্রী। তাঁর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।
লিলি সিংকে দেওয়া সাক্ষাৎকারে শেফালি বলেন, কম বয়সে বিয়ে করার সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তাঁর মতে, জীবনের এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষকে আরও সময় দেওয়া উচিত। তিনি বলেন, একজন মানুষকে ভালোভাবে জানা এবং জীবনে নানা অভিজ্ঞতা অর্জনের পরেই সম্পর্কে জড়ানো উচিত। বিয়ে মানে শুধু ভালোবাসা নয়, তার সঙ্গে অনেক দায়িত্বও জড়িয়ে থাকে বলেও মন্তব্য করেন তিনি।
সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শেফালি জানান, মানসিকভাবে পরিণত না হলে বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি বলেন, সমাজে বিয়ে এবং সন্তান নেওয়া নিয়ে অনেক চাপ তৈরি করা হয়। এই প্রসঙ্গে মজার ছলে অভিনেত্রী বলেন, সন্তান নেওয়ার বদলে কুকুর পোষা অনেক ভালো। তাঁর মতে, কুকুরই এমন প্রাণী যারা নিঃশর্তভাবে ভালোবাসতে জানে।
সাক্ষাৎকারে টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিবর্তন নিয়েও কথা বলেন শেফালি। তিনি জানান, আগে ধারাবাহিকের নির্দিষ্ট গল্প এবং শেষ থাকত। এখন টিআরপি এবং দীর্ঘ পর্বের চাপে গল্পের গুণগত মান অনেক সময় কমে যায়। অভিনেত্রীর মতে, আগে ভালো গল্প তৈরির উপর বেশি গুরুত্ব দেওয়া হত, এখন সংখ্যার দিকেই বেশি নজর থাকে।
আরও পড়ুনঃ “মা দুর্গার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানা মোটেই উচিত হয়নি রাজ-শুভর!’’ আর জি কর কান্ডের পরেই রাজের ইস্তফা দেওয়া উচিৎ ছিল! মন্তব্য রাজের শ্যালিকা দেবশ্রীর
ব্যক্তিগত জীবনে শেফালি প্রথমে অভিনেতা হর্ষ ছায়াকে বিয়ে করেছিলেন, যদিও কয়েক বছরের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়। পরে তিনি চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান রয়েছে। পাশাপাশি নিজের দুই পোষ্য অ্যাশ এবং সিম্বাকেও পরিবারের সদস্যের মতোই ভালোবাসেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের সঙ্গে নানা মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় তাঁকে।






