রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহ তৈরি হতেই টলিউডের অন্দরেও শুরু হয়েছে নতুন সমীকরণের খেলা। এতদিন যাঁরা প্রকাশ্যে তৃণমূল সমর্থক ছিলেন, তাঁদের অনেকেই এখন নিজেদের অবস্থান নিয়ে নতুন ব্যাখ্যা দিতে শুরু করেছেন। এই পরিস্থিতিতেই সমাজ মাধ্যমে একের পর এক কটাক্ষ ছুড়ে দিচ্ছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee)। কিছুদিন আগেই ভোটে হারের পর রাজ চক্রবর্তী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানাতেই জয়জিৎ নাম না করেই লিখেছিলেন, “রাজনীতি ছাড়লেন, পেনশনটা ছাড়বেন তো?” এবারও তিনি একইভাবে সোশ্যাল মিডিয়ায় একহাত নিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও সোহম চক্রবর্তীকে!
গতকাল রাতে তিনি লেখেন, “কি জোর পাল্টি মারলো রে…হাঁ রে তোদের মান সম্মান নেই রে? ইয়ে পাবলিক হ্যায় সাব জানতে হ্যায়!” তাঁর এই পোস্ট ঘিরে শুরু হয় নতুন আলোচনা। সেই বিতর্কের মধ্যেই এবার আরও তীব্র ভাষায় মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ফেসবুকে খুব ছোট একটি পোস্ট করলেও শ্রীলেখার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। অভিনেত্রী লিখেছেন, “কেউ বাচ্চার দোহাই তো কেউ হরলিক্সের…কতই রঙ্গ দেখি দুনিয়ায় #ধন্দাবাজি।” এই পোস্টেই তিনি কার্যত টলিউডের একাংশের অবস্থান বদলকে নিশানা করেছেন বলে মনে করছেন অনেকেই।
যদিও কোথাও কারও নাম নেননি শ্রীলেখা, তবুও টলিপাড়ার সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে তাঁর পোস্ট মিলিয়ে দেখতেই জল্পনা আরও বেড়েছে। প্রসঙ্গত, রাজনৈতিক আবহ বদলানোর পর অনেক তারকাই নিজেদের অতীত অবস্থান নিয়ে ব্যাখ্যা দিতে শুরু করেছেন। এমন পরিস্থিতিতেই গতকাল ফেডারেশনের গুরুত্বপূর্ণ বৈঠকে অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় অতীতের রাজনৈতিক অবস্থান নিয়ে মুখ খুলেছিলেন। তিনি জানান, আগের সরকারের সময় টলিউডে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে অনেককেই বাধ্য হয়ে আপোস করতে হয়েছে।
পরমব্রতের দাবি, নিজের সদ্যোজাত সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তিনি তৎকালীন শাসকদলের সঙ্গে সমঝোতা করেছিলেন। তাঁর কথায়, “দাঁতে দাঁত চিপে” ক্ষমার সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে। এই বক্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যায়। অন্যদিকে অভিনেতা সোহম চক্রবর্তীও গতকাল প্রাণনাশের হুমকি পাওয়ার পর জানিয়েছেন, আপাতত রাজনীতি থেকে কিছুটা দূরে থাকতে চান। নির্বাচনে পরাজয়ের পর তাঁর এই সিদ্ধান্ত নিয়েও শুরু হয়েছে আলোচনা। রাজনৈতিক ক্ষমতার সময় যে সুবিধা পাওয়া যায়।
আরও পড়ুনঃ আইপিএলের ধাক্কায় টিআরপি তলানিতে! তবু শীর্ষস্থান দখল দুই ধারাবাহিকের! ‘বিদ্যা ব্যানার্জি’র দাপট অব্যাহত, এক ধাক্কায় টপার লিস্ট থেকে নীচে নামল ‘তারে ধরি ধরি’! ‘পরিণীতা’র জায়গা কোথায়? জেনে নিন, এই সপ্তাহের টিআরপি তালিকায় কে কোথায়?
পরিস্থিতি বদলালেই সেই অবস্থান থেকে সরে এসে নানান যুক্তি দেওয়ার প্রবণতাকেই জয়জিৎ এবং শ্রীলেখার পরোক্ষ আক্রমণ বলে মনে করছেন অনেকেই। এক কথায়, রাজনৈতিক হাওয়া ঘোরার সঙ্গে সঙ্গে তারকাদের অবস্থান বদল নিয়েও এখন সরগরম বিনোদন জগৎ। রাজনৈতিক পালাবদলের আবহে তারকাদের পুরনো অবস্থান, বর্তমান মন্তব্য এবং সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া মিলিয়ে এখন টলিউডের অন্দরেই তৈরি হয়েছে নতুন চর্চা। আর সেই চর্চার কেন্দ্রেই রয়েছেন পরমব্রত, সোহম, শ্রীলেখা ও জয়জিৎ।






