বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা ‘অম্বরীশ ভট্টাচার্য’কে (Ambarish Bhattacharya) নিয়ে হঠাৎই শুরু হয়েছে জোর চর্চা। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছিলেন তিনি। একাধিক সাক্ষাৎকারে প্রেম ভাঙার অভিজ্ঞতা নিয়ে কথা বললেও বিয়ে নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না অভিনেতা। এমনকি মজার ছলে তিনি বলেছিলেন, বিয়ে মানেই জীবনের শান্তি শেষ। তাই হঠাৎ করে তাঁর বিয়ের খবর সামনে আসতেই অবাক হয়ে গিয়েছেন অনুরাগীরা। আরও অবাক করার বিষয়, এই বিয়ে নাকি আজকের নয়, প্রায় এক বছর আগেই সম্পন্ন হয়েছে! অথচ এতদিন বিষয়টি প্রকাশ্যে আসেনি। ফলে স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে দর্শকদের মধ্যে।
খবর অনুযায়ী, এক বছর আগে খুব সীমিত পরিসরে এবং ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠান হয়েছিল। কোনও জাঁকজমক ছিল না, ছিল না বড়সড় আয়োজনও। অম্বরীশ নাকি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত ছিলেন। সেই কারণেই বিয়ের বিষয়টিও গোপন রাখা হয়েছিল বলে জল্পনা ছড়ায়। এতদিন ধরে কোনও ছবি বা তথ্য প্রকাশ্যে না আসায় কেউ বিষয়টি আঁচও করতে পারেননি। আচমকা এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান আলোচনা। অনেকেই জানতে চাইছেন, এতদিন কেন এই খবর আড়ালেই রয়ে গেল।
সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে পাত্রীকে ঘিরে। জানা গিয়েছে, অম্বরীশের জীবনের বিশেষ মানুষ বিনোদন জগতের কেউ নন। তিনি পেশায় একজন এয়ারহোস্টেস। দীর্ঘদিনের পরিচয় থেকেই নাকি তাঁদের সম্পর্কের শুরু। এরপর ধীরে ধীরে সেই সম্পর্ক বিয়ের সিদ্ধান্তে পৌঁছায়। যদিও সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা। ফলে এই তথ্য সামনে আসার পর অনেকেই চমকে গিয়েছেন। ব্যক্তিগত জীবনকে এত নিভৃতে রাখার জন্যও অভিনেতাকে প্রশংসা করেছেন অনেকে।
আরও পড়ুন: “সময় আছে ভেবেছিলাম, আসলে সময় ছিল না…অনেক কথা বলা হল না” শেষ মেসেজের পর আর কথা হয়নি, স্বামীকে হারানোর আড়াই মাস পর স্মৃতিচারণে আবেগঘন প্রিয়াঙ্কা! রাহুলকে পাঠানো শেষ মেসেজে কী লিখেছিলেন প্রিয়াঙ্কা, যা নিয়ে আজও তাড়া করে আক্ষেপ?
অম্বরীশের ভক্তদের মধ্যে এই খবর নিয়ে উত্তেজনা আরও বেড়ে যায় যখন জানা যায়, বিয়ের ভিডিওও প্রকাশ্যে আসতে চলেছে। এতদিন গোপন রাখা সেই বিশেষ মুহূর্ত এবার সকলের সামনে আসবে বলেই খবর ছড়িয়ে পড়ে। অভিনেতার ঘনিষ্ঠ মহলের তরফেও এই নিয়ে আরও জল্পনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। যাঁরা দীর্ঘদিন ধরে অম্বরীশের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলী ছিলেন, তাঁদের কাছে এই খবর ছিল বড় চমক। ফলে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত, অম্বরীশ ভট্টাচার্য বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় এবং ব্যস্ত অভিনেতা। কমেডি থেকে সিরিয়াস চরিত্র, সব ক্ষেত্রেই তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তাই তাঁর ব্যক্তিগত জীবনের এই খবরও স্বাভাবিকভাবেই ব্যাপক আগ্রহ তৈরি করে। একাধিক সাক্ষাৎকারে প্রেমের ব্যর্থতা নিয়ে কথা বলা অভিনেতার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে বলেই অনেকের ধারণা তৈরি হয়। আর সেই কারণেই বিষয়টি নিয়ে নেটপাড়ায় চলতে থাকে জোর আলোচনা। অনেকেই বিশ্বাস করে নিয়েছেন যে অভিনেতা সত্যিই গোপনে বিয়ে করেছেন। আপনিও কি সেই দলেই?
দাঁড়ান তাহলে, পুরো ঘটনাটিই আসলে একটি বিশেষ প্রচারের অংশ! পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’-র প্রচারের জন্যই এই পোস্ট করা হয়েছিল। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’-র দ্বিতীয় ভাগ হিসেবে আসছে নতুন এই ছবি। প্রথম ছবিতে অম্বরীশ ভট্টাচার্য ‘ছোটো’ চরিত্রে অভিনয় করেছিলেন। নতুন ছবির গল্পে তাঁর চরিত্রের বিয়ে এবং সেই সম্পর্ক ঘিরেই তৈরি হয়েছে এই প্রচার কৌশল। পাশাপাশি ছবির প্রথম গান ‘তুমি মনে হয় চলে যাবে’ ও প্রকাশ্যে এসেছে। ফলে অম্বরীশের বাস্তব জীবনের বিয়ে নয়, বরং সিনেমার গল্পকেই অভিনব উপায়ে দর্শকদের সামনে তুলে ধরেছেন নির্মাতারা।






