বিনোদন জগতের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই একটু বেশি। তাঁদের সম্পর্ক, সংসার, সাফল্য কিংবা অতীত সবকিছু নিয়েই সমাজমাধ্যমে চলে বিস্তর আলোচনা। টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও তার ব্যতিক্রম নন। পরিচালক-অভিনেত্রীর এই জুটিকে ঘিরে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তাঁদের পারিবারিক মুহূর্ত থেকে শুরু করে একে অপরকে নিয়ে প্রকাশ্যে বলা মন্তব্যও প্রায়শই ভাইরাল হয়। সম্প্রতি বহুদিন আগের একটি সাক্ষাৎকারের ভিডিও নতুন করে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ফের চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই তারকা দম্পতি।
টলিউডের সফল পরিচালক ও বর্তমানে রাজনীতিবিদ রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ২০১৮ সালের ১১ মে দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই তাঁদের সুখী দাম্পত্য জীবন অনুরাগীদের কাছে বেশ জনপ্রিয়। ২০২০ সালে তাঁদের প্রথম সন্তান ইউভানের জন্ম হয়। এরপর ২০২৩ সালে তাঁদের পরিবারে আসে কন্যাসন্তান ইয়ালিনি। কাজের ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেওয়া এবং একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশের জন্য তাঁরা প্রায়শই প্রশংসিত হন।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরনো সাক্ষাৎকারে রাজ চক্রবর্তীকে প্রশ্ন করা হয়েছিল, পরিচালক হিসেবে এবং স্বামী হিসেবে তিনি শুভশ্রীকে কত নম্বর দিতে চান। উত্তরে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, “স্বামী হিসেবে শুভশ্রীকে ১০-এ ১০-ও কম হবে, ১০০-এ ১০০-ও কম হবে।” তিনি আরও বলেন, “She is the best wife, no next question” অন্যদিকে, অভিনেত্রী হিসেবে শুভশ্রীকে নম্বর দেওয়ার বিষয়টি তিনি দর্শকদের ওপরই ছেড়ে দেন। রাজের এই ভালোবাসার প্রকাশ বহু অনুরাগীর মন জয় করলেও, পুরনো ভিডিওটি নতুন করে সামনে আসতেই তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাজ চক্রবর্তীর অতীত জীবনও। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন যে, এটি রাজের দ্বিতীয় বিয়ে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বিয়ে করার আগে ২০০৬ সালে তিনি শতাব্দী মিত্র নামে এক তরুণীকে বিয়ে করেছিলেন। পরবর্তীকালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। সমাজমাধ্যমের একাংশের দাবি, রাজ চক্রবর্তীর সাফল্যের প্রথম দিকের কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন শতাব্দী মিত্র। কিন্তু বর্তমান সময়ে রাজ প্রকাশ্যে শুভশ্রীকে নিয়ে যতটা আবেগপ্রবণ মন্তব্য করেন, ততটা কখনও তাঁর প্রথম স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে বলতে শোনা যায়নি। সেই কারণেই ভাইরাল হওয়া ভিডিওটিকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ।
আরও পড়ুনঃ “একটা সময়ের পরে সব ফুরিয়ে যাবে…” রাহুল অরুণোদয়কে হারানোর পাঁচ মাস পরেও স্বাভাবিক জীবনে ফিরিয়ে পারেননি অনির্বাণ? এখনও তাড়া করে বেড়ায় ভাইয়ের স্মৃতি! রাহুলকে নিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া স্বীকারোক্তি দাদার, শুনে আবেগপ্রবণ অনুরাগীরাও!
সমাজমাধ্যমে ইতিমধ্যেই এই ভিডিও নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদিকে অনুরাগীদের বড় অংশ রাজ-শুভশ্রীর ভালোবাসার সম্পর্ককে সাধুবাদ জানিয়েছেন এবং রাজের মন্তব্যকে একজন স্বামীর স্বাভাবিক ভালোবাসার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন। অন্যদিকে, অনেকেই প্রশ্ন তুলেছেন জীবনের কঠিন সময়ে পাশে থাকা মানুষের অবদান কি সময়ের সঙ্গে হারিয়ে যায়? সফলতার শিখরে পৌঁছে বর্তমান সম্পর্ককে উদযাপন করা অবশ্যই স্বাভাবিক, তবে অতীতের সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। ফলে বহুদিন আগের একটি ভিডিও ঘিরেই আবারও চর্চার কেন্দ্রে উঠে এসেছে রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজের ব্যক্তিগত জীবনের পুরনো অধ্যায়।






