বাংলা অভিনয় জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিনি। তবে অনেকেই জানেন না, এই নামটাই তাঁর জন্মের নাম নয়। সম্প্রতি নিজের জীবনের নানা অজানা স্মৃতি ভাগ করে নিতে গিয়ে অভিনেতা জানিয়েছেন, ছোটবেলায় তাঁর নাম ছিল ‘মোহন’। পরে পরিবারের এক বিশেষ মানুষের ভালোবাসার কারণেই সেই নাম বদলে যায়। শুধু নাম বদলের গল্পই নয়, সেই স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর শৈশবের অনেক আবেগও।
পরান বন্দ্যোপাধ্যায় জানান, মাত্র পাঁচ মাস বয়সেই তিনি মাকে হারান। এরপর তাঁর বাবা সংসার ছেড়ে নিজের মতো জীবন বেছে নেন। সেই সময় তাঁকে বড় করে তোলার দায়িত্ব নেন তাঁর পিসি কমলা বন্দ্যোপাধ্যায়, যাঁকেই তিনি মায়ের মতো ভালোবাসতেন। অভিনেতার কথায়, বাবা খুব ভালো গান গাইতেন, কিন্তু সংসারী মানুষ ছিলেন না। সারাদিন গ্রামের এদিক-ওদিক ঘুরে বেড়াতেন, মানুষের বাড়িতে খাওয়া-দাওয়া করেই দিন কাটত। গভীর রাতে বাড়ি ফিরে তিনি দূর থেকেই ডাক দিতেন, “বাবা, মোহন ঘুমাইসে?” আর সেই ডাকই একসময় নতুন মোড় নেয়।
অভিনেতা জানান, সেই সময় তিনি দাদুর কাছেই থাকতেন। তাঁর বাবা যখন “মোহন” বলে খোঁজ নিতেন, তখন দাদু উত্তর দিতেন, “হ, আমার পরান ঘুমাইসে।” দাদুর মুখে স্নেহভরা সেই ‘পরান’ ডাকই ধীরে ধীরে পরিবারের সকলের মুখে ছড়িয়ে পড়ে। একসময় এমন অবস্থায় পৌঁছায় যে ‘মোহন’ নামটা প্রায় হারিয়েই যায়, সবাই তাঁকে ‘পরান’ নামেই চিনতে শুরু করেন। পরবর্তীকালে অভিনয় জগতে প্রবেশ করার পরও তিনি এই নামেই পরিচিতি পান এবং দর্শকদের কাছেও ‘পরান বন্দ্যোপাধ্যায়’ নামটিই স্থায়ী হয়ে যায়।
তবে শুধু নাম নয়, সেই নামের বানান নিয়েও একসময় সমস্যায় পড়তে হয়েছিল অভিনেতাকে। তিনি জানান, কলেজ স্ট্রিটের প্রকাশকেরা তাঁকে বলেছিলেন, বাংলা অভিধান অনুযায়ী সঠিক বানান হবে ‘পরাণ’। তাই বইয়ে সেই বানানই ব্যবহার করতে চান তাঁরা। প্রথমদিকে সেই মত মেনে নিলেও পরে অভিনেতা নিজের সিদ্ধান্ত বদলান। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিজের নাম তিনি ‘পরান’ হিসেবেই লিখবেন। এই সিদ্ধান্তের পিছনেও রয়েছে একটি বিশেষ কারণ, যা তিনি নিজেই সাক্ষাৎকারে শোনান।
আরও পড়ুনঃ “কিছু কিছু চরিত্র এলে এখনও আমার কথাই মনে পড়ে…মেগা সিরিয়ালে এখনও আমাকে ডাকাডাকি করে” সত্যজিৎ রায়ের প্রথম রঙিন ছবি ‘কাঞ্চনজঙ্ঘা’-র নায়িকা তিনি, আজও ডাক আসে অভিনয়ের! তবু কেন পর্দায় দেখা যায় না অলকানন্দা রায়কে? নিজেই জানালেন, তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও অভিনয় থেকে দূরে থাকার কারণ! রয়েছে কী কোনও ক্ষোভ?
পরান বন্দ্যোপাধ্যায় বলেন, “তত দিনে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সমস্যার সমাধান করে দিয়েছেন। ওঁর গান ‘আমার পরান যাহা চায়’তে কবিগুরু ‘পরান’ লিখেছিলেন। ‘পরাণ’ লেখেননি। নীচে তার ফুট নোটও দিয়েছিলেন।” অভিনেতার কথায়, রবীন্দ্রনাথ ব্যাখ্যা করেছিলেন যে ‘পরান’ শব্দটি ‘প্রাণ’-এর কোমল রূপ, তাই সেখানে ‘ণ’-এর বদলে ‘ন’ ব্যবহার করা হয়েছে। সেই যুক্তিকেই তিনি গ্রহণ করেন এবং তারপর থেকে নিজের নামের বানান ‘পরান’ হিসেবেই লিখে আসছেন। আজও সেই নামেই তিনি বাংলা অভিনয় জগতের অন্যতম প্রিয় শিল্পী।






