২০২৫ সালের ১৯ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। দীর্ঘদিনের প্রেমের পর তাঁদের সম্পর্ক পেয়েছিল পরিণতি। বিয়ের পর দেখতে দেখতে প্রায় দেড় বছর পার হয়ে গিয়েছে। তবে সময়ের সঙ্গে তাঁদের সম্পর্কের মিষ্টি রসায়নে যেন একটুও ভাটা পড়েনি। বরং খুনসুটি, দুষ্টুমি আর একে অপরকে নিয়ে মজা করার মুহূর্ত এখনও একই রকম রয়েছে। সম্প্রতি এমনই এক মজার ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন শ্বেতা। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রুবেল-শ্বেতার দাম্পত্যের মিষ্টি মুহূর্ত নিয়ে শুরু হয়েছে আলোচনা।
বৃহস্পতিবার মাঝরাতে শ্বেতার ভাগ করে নেওয়া সেই ভিডিয়োয় দেখা যায়, মাথার উপরে অদ্ভুতভাবে একটি ঝুঁটি বেঁধে বসে রয়েছেন রুবেল। এরপর মজা করে নিজের পরিচয় দিচ্ছেন ‘শ্বেতা’ হিসেবে। অন্যদিকে পাশে বসে থাকা স্ত্রীকেই তিনি ‘রুবেল’ বলে পরিচয় করিয়ে দিচ্ছেন। কখনও আবার শ্বেতার নাম দিচ্ছেন ‘ঝুটকি শ্বেতা’, কখনও বা ‘ক্ল্যাচার দেবী’। এমনকি স্ত্রীর সঙ্গে অভিনেতা অজয় দেবগনেরও তুলনা টানছেন তিনি। সব মিলিয়ে রুবেলের দাবি, ‘কত যে রূপ আছে আমার বউয়ের’। স্বামীর এমন পাগলামিতে হেসেই অস্থির হয়ে পড়েন শ্বেতা, আর তাঁদের এই স্বতঃস্ফূর্ত মুহূর্তই মন জয় করে নেয় নেটিজেনদের।
রুবেল ও শ্বেতার এই ভিডিয়ো দেখে অনুরাগীরাও নানা মন্তব্য করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘এত এত অভিনেতা অভিনেত্রীর বিচ্ছেদের ভিড়ে তোমাদের এই এক হয়ে থাকাটা দারুণ লাগে’। অন্য একজন আবার জানতে চেয়েছেন, ‘তোমরা কি সিরিয়াল আর করবে না। কতদিন দেখিনি তোমাদের সিরিয়াল’। আরেকজনের কথায়, ‘হ্যাঁ সত্যি এরকম মিষ্টি মিষ্টি পাগলামি চলতে থাকুক’। অর্থাৎ তাঁদের দাম্পত্যের মিষ্টি মুহূর্ত যেমন প্রশংসা পেয়েছে, তেমনই ছোট পর্দায় তাঁদের ফেরার দাবিও উঠেছে। কারণ বেশ কিছুদিন ধরেই একসঙ্গে কোনও ধারাবাহিকে দেখা যায়নি রুবেল ও শ্বেতাকে। তাই নতুন ভিডিয়ো ঘিরে তাঁদের অনুরাগীদের আগ্রহও স্বাভাবিকভাবেই বেড়েছে।
প্রসঙ্গত, ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের শুটিংয়ের সময়ই রুবেল ও শ্বেতার বন্ধুত্ব আরও গভীর হয়। কাজের সূত্রে তৈরি হওয়া সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত হয়। ধারাবাহিক শেষ হওয়ার পর তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রেমের কথা স্বীকার করেন। এরপর দীর্ঘ প্রেমের পর ২০২৫ সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। অভিনয়ের ক্ষেত্রেও দুজনের শেষ কাজের মধ্যে বেশ কিছুটা সময়ের ব্যবধান রয়েছে। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্বেতাকে শেষবার দেখা গিয়েছিল, আর রুবেলের শেষ কাজ ‘তুই আমার হিরো’। তারপর থেকে নতুন কোনও ধারাবাহিকে তাঁদের একসঙ্গে দেখা না যাওয়ায় অনুরাগীদের অপেক্ষাও দীর্ঘ হয়েছে।
আরও পড়ুনঃ “নির্লজ্জতারও একটা সীমা থাকে, এরা মতপ্রকাশের স্বাধীনতার অজুহাতে নেতাজির ভাবমূর্তি নষ্ট করছে!” “অন্য কারও ক্ষেত্রে সামান্য কিছু হলেই এফআইআর, মামলা, হেন’স্থা আর এখানে সব নীরব? বাহ! কী চমৎকার দ্বিচারিতা!” ‘উনি কারও রাজনৈতিক সম্পত্তি নন’, নেতাজিকে নিয়ে কুরু*চিকর মিম ছড়াতেই গর্জে উঠলেন শ্রীলেখা মিত্র! প্রশাসনের নীরবতা নিয়ে তুললেন প্রশ্ন?
তবে সেই অপেক্ষা খুব শিগগিরই শেষ হতে পারে বলে খবর। অর্গানিক স্টুডিওর ব্যানারে আসতে চলেছে একটি নতুন প্রেমের গল্প। আর সেই গল্পের নায়ক ও নায়িকা হিসেবে নাকি থাকছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। ইতিমধ্যেই তাঁদের লুক সেট হয়ে গিয়েছে বলেও খবর ছড়িয়েছে। খুব শিগগিরই ধারাবাহিকের প্রচার ঝলকের শুটিংও হয়ে যাওয়ার কথা রয়েছে। যদিও এখনও পর্যন্ত এই নতুন কাজ নিয়ে নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাই নতুন ধারাবাহিকে সত্যিই তাঁদের জুটি ফিরছে কি না, তার উত্তর পেতে এখন অপেক্ষা করতে হবে দর্শকদের।






