যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতীম রায়কে নিয়ে এক টেলিভিশন বিতর্কে মন্তব্য করেছিলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। একটি টিভি শোয়ে অধ্যাপকের গবেষণা এবং ল্যাবে তাঁর অবদান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেই মন্তব্য নিয়েই এবার সরব হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
সমাজমাধ্যমে অধ্যাপক পার্থপ্রতীম রায়ের গবেষণা সংক্রান্ত একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন শ্রীলেখা। সেখানেই সজল ঘোষের মন্তব্যের সমালোচনা করেন তিনি। অভিনেত্রীর বক্তব্য, একজন অধ্যাপককে তাঁর গবেষণা নিয়ে এভাবে প্রশ্ন করা এবং তাঁর যোগ্যতা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা মোটেই গ্রহণযোগ্য নয়।
শ্রীলেখা আরও লেখেন, জনপ্রতিনিধির মুখের ভাষা নিয়ে তাঁর আপত্তি রয়েছে। তাঁর মতে, কোনও অধ্যাপককে নিজের গবেষণার প্রমাণ দিতে বলা এবং এভাবে কথা বলা অসম্মানজনক। নিজের পোস্টে সজল ঘোষকে কড়া ভাষায় আক্রমণও করেছেন অভিনেত্রী।
এর পাশাপাশি পুরনো একটি প্রসঙ্গও টেনে আনেন শ্রীলেখা। এর আগে তাঁকে নিয়ে সজল ঘোষের করা মন্তব্যের কথা মনে করিয়ে দিয়ে অভিনেত্রী জানান, সেই ঘটনা তিনি ভুলে যাননি। অন্যায় দেখলে ভবিষ্যতেও মুখ খুলবেন বলেই নিজের পোস্টে স্পষ্ট করেছেন শ্রীলেখা।
আরও পড়ুনঃ “আমি কখনও পরিচালকদের কাছে কাজ চাইতে যাইনি, কিন্তু এখন…” হঠাৎই পর্দা থেকে আড়ালে কেন কৃষ্ণ কিশোর মুখার্জী? ‘মিঠিঝোরা’র মতো জনপ্রিয় ধারাবাহিক ছেড়ে এখন কী করছেন অভিনেতা, অভিনয় থেকে কি সত্যিই নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি?
প্রসঙ্গত, এর আগে ছাত্র আন্দোলনে যোগ দেওয়া এবং হাতে থাকা একটি পোস্টারকে কেন্দ্র করে শ্রীলেখাকে কটাক্ষ করেছিলেন সজল ঘোষ। অভিনেত্রীকে নিয়ে তাঁর সেই মন্তব্যও বিতর্ক তৈরি করেছিল। এবার যাদবপুরের অধ্যাপককে নিয়ে টিভি বিতর্কে করা মন্তব্যকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এল দু’জনের বাকযুদ্ধ।






‘সজল ঘোষ অত্যন্ত অ’সভ্য’, যাদবপুরের অধ্যাপককে নিয়ে মন্তব্যে বিজেপি বিধায়ককে পাল্টা শ্রীলেখা