বিগ বস বাংলার ঘরে ক্যাপ্টেন্সির লড়াইয়ে সৃজলার নাকে চোট লাগার ঘটনা নিয়ে এবার সরব হলেন তাঁর সহ অভিনেত্রীরা। ঘটনার পর সৃজলার পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, বিগ বসে সেদিন যা দেখেছেন, তা তাঁর কল্পনারও বাইরে। ঘটনাটি দেখে তিনি মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সৃজলার দ্রুত সুস্থতা কামনা করেছেন। শুধু তাই নয়, প্রকাশ্যেই সৃজলাকে সমর্থন করার কথা জানিয়েছেন অনামিকা। তাঁর বক্তব্যে স্পষ্ট, প্রতিযোগিতার নামে এমন কোনও ঘটনা তিনি মেনে নিতে পারছেন না। সৃজলার পাশে দাঁড়িয়ে তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন করে চর্চা।
অনামিকা তাঁর পোস্টে মূলত জানিয়েছেন, ঘটনার পর তাঁর কাছে বিষয়টি মোটেই সাধারণ খেলার অংশ বলে মনে হয়নি। তাঁর কথায়, “আজ বিগ বসে যা দেখলাম, তা আমার কল্পনারও বাইরে। আজ যেন মানবিকতাই হারিয়ে গেল। সৃজলা, দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি তোমার পাশে আছি।” এরপর নিজের মন্তব্যের ঘর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান অভিনেত্রী। তিনি বলেন, শুধুমাত্র সঠিক বলে মনে হওয়া বিষয়কে সমর্থন করার জন্যই তিনি ওই পোস্ট করেছেন। তাই সেই পোস্টের নিচে কোনও নেতিবাচক মন্তব্য দেখতে চান না বলেও স্পষ্ট করে দিয়েছেন। অনামিকার আরও দাবি, তাঁকে অবাক করেছে যে অনেকেই ঘটনাটিকে সমর্থন করছেন। এমনকি কেউ কেউ বিষয়টিকে শুধু প্রতিযোগিতার উত্তেজনা হিসেবে দেখে বলছেন, খেলা জমে উঠেছে।
এই ধরনের প্রতিক্রিয়াতেও আপত্তি জানিয়েছেন অনামিকা। তিনি জানিয়েছেন, এমন নেতিবাচকতা বা অপ্রয়োজনীয় বিতর্ক নিজের সমাজমাধ্যমের পাতায় দেখতে চান না। ঘটনাটি নিয়ে তাঁর অবস্থানও একেবারে স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী। অনামিকার বক্তব্য, “আমার কাছে যা ঘটেছে, সেটা ভুল ছিল। আর কোনও কিছু ভুল বলে মনে হলে, সেটার কথা বলা বা তার বিরুদ্ধে দাঁড়ানো আমার কাছে স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া।” তিনি আরও বোঝাতে চেয়েছেন, প্রতিযোগিতা এবং খেলা নিজেদের জায়গায় থাকতেই পারে। কিন্তু কোনও খেলাকে কেন্দ্র করে মানুষের প্রতি মানবিক আচরণের বিষয়টি কখনও পিছিয়ে যেতে পারে না। তাই শেষ পর্যন্ত তাঁর বার্তা, “খেলা নিজের জায়গায়, কিন্তু কোনও খেলাই মানবতার ঊর্ধ্বে হতে পারে না।”
অন্যদিকে সৃজলার চোটের ঘটনা নিয়ে আরও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর আর এক সহ অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা মিত্র। নন্দিনী দত্তকে উদ্দেশ্য করেই সমাজ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সঙ্ঘশ্রী জানিয়েছেন, প্রসাধন কক্ষে নন্দিনীর এমন একটি দিক তিনি আগেই দেখেছিলেন। সেই সময় বিষয়টিকে তিনি হয়তো নিরাপত্তাহীনতা বা নিজের কোনও দুর্বলতা থেকে তৈরি আচরণ বলে ভেবেছিলেন। কিন্তু এবারকার ঘটনা দেখে নন্দিনী সম্পর্কে তাঁর ধারণা আরও কঠোর হয়েছে বলে জানান অভিনেত্রী। নিজের পোস্টে নন্দিনীর আচরণ নিয়ে অত্যন্ত তীব্র এবং ব্যক্তিগত ভাষাও ব্যবহার করেছেন তিনি। পাশাপাশি এই ঘটনার জন্য নন্দিনীর পরিবারের সদস্যদেরও টেনে এনেছেন সঙ্ঘশ্রী, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ “উত্তেজনায় কখনও কখনও ভুল হয়ে যেতেই পারে…ওর ও মন আছে” বিগ বসের ঘরে সৃজলার ভয়াবহ চো’ট, নন্দিনীর ধাক্কায় র*ক্তাক্ত অভিনেত্রী? ঘটনার পর তাঁর প্রোফাইলে কী পোস্ট? ইচ্ছাকৃত নয়, অবস্থান স্পষ্ট করে কী লিখলেন নন্দিনীর টিম?
সঙ্ঘশ্রীর বক্তব্যের শেষ অংশেও ছিল বিগ বস বাংলার কর্তৃপক্ষের প্রতি সরাসরি আবেদন। তিনি জানিয়েছেন, সৃজলার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কোনওভাবেই স্বাভাবিক খেলার অংশ হিসেবে দেখা উচিত নয়। নন্দিনীকে উদ্দেশ্য করে তাঁর মন্তব্য, “প্রসাধন কক্ষের ভিতরে তোমার এমন একটি দিক আমি দেখেছিলাম। ভেবেছিলাম সেটা হয়তো শুধু নিরাপত্তাহীনতা, কিন্তু এখন তোমার আচরণ দেখে আমি অত্যন্ত হতাশ ও বিরক্ত।” এর পরেই তিনি আরও কঠোর ভাষায় নন্দিনীর সমালোচনা করেন এবং লেখেন, “তোমার এই আচরণের জন্য তোমার বাবা-মায়েরও লজ্জা পাওয়া উচিত।” সঙ্ঘশ্রীর পোস্টে নন্দিনীর বিরুদ্ধে হিংসাত্মক আচরণের অভিযোগও উঠে এসেছে। বিগ বস বাংলার কর্তৃপক্ষের উদ্দেশে তাঁর আবেদন, “এই ধরনের হিংসা বন্ধ করা উচিত।” সৃজলার চোটকে কেন্দ্র করে দুই সহ অভিনেত্রীর এমন প্রকাশ্য প্রতিক্রিয়ায় এখন ঘটনাটি নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।






