এত বছর পর ছোটপর্দায় শেষ শুরু হয়েছে বাংলা বিগ বস, আর সেই ঘরেই এতদিন প্রতিযোগী হিসেবে ছিলেন অভিনেত্রী সোহিনী পাল। প্রয়াত অভিনেতা ও রাজনীতিবিদ তাপস পালের মেয়ে সোহিনীকে ঘিরে দর্শকদের আগ্রহও কম নয়। এবার মেয়ের বিগ বসে অংশগ্রহণ, তাঁর স্বভাব এবং শোয়ে নিজের জায়গা তৈরি করার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন সোহিনীর মা নন্দিনী পাল মুখোপাধ্যায়। নিজেও ২০১৩ সালে বিগ বস বাংলার প্রতিযোগী ছিলেন নন্দিনী। তাই পুরনো অভিজ্ঞতার সঙ্গে বর্তমান সিজনের তুলনা টেনে মেয়ের এই নতুন যাত্রা নিয়ে একাধিক অজানা কথাই জানালেন তিনি।
নন্দিনীর কথায়, তাঁর সময়ের বিগ বসের সঙ্গে বর্তমান সময়ের রিয়্যালিটি শোর অনেকটাই পার্থক্য রয়েছে। ২০১৩ সালে বিগ বসের বাড়িতে প্রথম দিকে প্রতিযোগীদের মধ্যে তেমন ঝগড়া-বিতর্ক ছিল না বলেই জানান তিনি। বরং সকলের মধ্যে একটা পারস্পরিক সম্মান এবং পরিবারের মতো সম্পর্ক তৈরি হয়েছিল। নিজের প্রসঙ্গে নন্দিনী জানান, তিনি খুব একটা ঝগড়া করতে পারেন না। যুক্তি দিয়ে কথা বলা এবং যেটা ঠিক মনে হয় সেটাই বলা তাঁর স্বভাব। সেই সময় বিগ বসের বাড়িতে ঝামেলা হলে তিনি অনেক সময় সেখান থেকে সরে গিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়তেন বলেও মজার ছলে জানান নন্দিনী।
বর্তমান বিগ বস নিয়ে কথা বলতে গিয়ে অর্থ এবং পারিশ্রমিকের প্রসঙ্গও উঠে আসে নন্দিনীর কথায়। অনিন্দ্য সেনগুপ্তের বিগ বসে আসার কারণ হিসেবে উপার্জনের কথা বলা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে নন্দিনী বলেন, মানুষের জীবনে কাজের পাশাপাশি অর্থেরও প্রয়োজন রয়েছে। তাঁর মতে, বিগ বসে অংশগ্রহণ করার প্রস্তাব যখন কাউকে দেওয়া হয়, তখন সেই কাজের বিনিময়ে পারিশ্রমিক নেওয়াটা অস্বাভাবিক নয়। একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, বিগ বসের মতো প্ল্যাটফর্ম একজন প্রতিযোগীকে পরিচিতি ও ভবিষ্যতের কাজের সুযোগও দিতে পারে। তবে শুধু বিগ বসে অংশগ্রহণ করলেই ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যায় না বলেও নিজের বক্তব্যে স্পষ্ট করেন তিনি।
মেয়ে সোহিনীকে নিয়েও খোলামেলা কথা বলেন নন্দিনী। তাঁর দাবি, তাপস পালের মেয়ে হওয়ার কারণে সোহিনীর পরিচিতির একটা সুবিধা থাকলেও নিজের কাজের ক্ষেত্রে সোহিনী বরাবরই নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করেছে। অঞ্জন দত্তের ছবি ‘বউ ব্যারাকস ফরএভার’-এর মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। পরবর্তীতে একাধিক বাংলা ছবিতে কাজ করার পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন সোহিনী। নন্দিনী জানান, সোহিনী কখনও বাবার পরিচয় ব্যবহার করে কাজ পাওয়ার পক্ষে ছিলেন না। এমনকি বাবাকে নিজের হয়ে সুপারিশ করতেও বারণ করেছিলেন তিনি। নিজের চেষ্টায় অডিশন দিয়ে কাজ পাওয়ার ইচ্ছাই ছিল তাঁর।
আরও পড়ুনঃ ‘তুমি তো অত্যন্ত খারাপ সম্পর্ক কাটিয়ে এসেছো, তাই এসব সহ্য করতে তুমি অভ্যস্ত…’ সুখী সংসারের আশায় বারবার এমন কথাই শুনতে হয়েছে কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী অনিন্দিতা দাসকে! ১৯ কোটির প্রলোভন, তিনবার ভর্তি হয়েছেন হাসপাতালে!অভিনেতার সঙ্গে বিচ্ছেদের পর একাধিক সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী! জীবনে বারবার একই ঘটনারই পুনরাবৃত্তি থেকে কি শিক্ষা পেলেন, জানালেন তিনি?
সোহিনীর বিগ বস যাত্রা নিয়ে মা হিসেবে নন্দিনীর বক্তব্য, জয়-পরাজয় নিয়ে তিনি খুব একটা ভাবেন না। মেয়েকে ছোটবেলা থেকেই ফলাফলের চেয়ে নিজের নেওয়া চ্যালেঞ্জ উপভোগ করতে উৎসাহ দিয়েছেন বলে জানান তিনি। বিগ বসের বাড়িতে সোহিনী নিজের মতো করে থেকেছে এবং দর্শকদের ভালোবাসা নিয়ে বেরিয়ে এসেছে, সেটাই তাঁর কাছে বড় কথা। নন্দিনীর কথায়, বিগ বস সোহিনীকে বড় একটি প্ল্যাটফর্ম দিয়েছে। এরপর সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে কতটা এগিয়ে যেতে পারবেন সোহিনী, সেটাই এখন দেখার।






