বিগ বস বাংলার ঘরে ৫৭ দিনের যাত্রার অবসান ঘটল অভিনেতা ভরত কলের। খেলার নিয়ম মেনেই প্রতিযোগিতার মঞ্চ থেকে বিদায় নিতে হয়েছে তাঁকে। তবে ঘরের বাইরে বেরিয়ে এলেও দর্শকদের মনে যে তিনি বিশেষ জায়গা করে নিয়েছেন, তা স্পষ্ট। ভরতের বিদায়ে মন খারাপ তাঁর অনুরাগীদের। এবার অভিনেতার পাশে দাঁড়িয়ে সমাজমাধ্যমে আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী মৈত্রী মিত্র। তাঁর কথায়, প্রতিযোগিতা থেকে ভরত বিদায় নিলেও তাঁদের কাছে তিনিই বিজয়ী।
ভরত কলকে নিয়ে নিজের সমাজ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন মৈত্রী। সেখানে অভিনেতার বিগ বসের যাত্রার নানা মুহূর্ত তুলে ধরেছেন তিনি। ভরতের প্রশংসা করে মৈত্রী লিখেছেন, ‘We are proud of you Bharat da’। অর্থাৎ, ভরতকে নিয়ে তাঁরা গর্বিত। খেলার নিয়মে তাঁকে চলে আসতে হলেও তাতে তাঁর প্রতি ভালোবাসা কমবে না বলেই জানিয়েছেন অভিনেত্রী। বরং দর্শকদের মনে ভরত যে জায়গা করে নিয়েছেন, সেটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
বিগ বসের ঘরে ভরতের ৫৭ দিনের যাত্রা দেখতে দেখতে কখনও হেসেছেন, কখনও কেঁদেছেন, আবার কখনও অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত হয়েছেন মৈত্রী। তাঁর মতে, এতদিনের পরিচিত ভরত কলের বাইরেও এক নতুন মানুষকে চিনেছেন তিনি। অভিনেতার প্রাণশক্তি, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা, ভারসাম্য বজায় রাখা এবং রসবোধ তাঁকে মুগ্ধ করেছে। কখনও প্রতিবাদ করার প্রয়োজন হলে রুখে দাঁড়িয়েছেন ভরত, আবার কখনও কাউকে বোঝানোর দরকার হলে শান্তভাবে নিজের কথা বলেছেন। কখনও দাদার মতো, কখনও বাবার মতো, আবার কখনও বন্ধুর মতো সকলের পাশে থেকেছেন তিনি।
ভরতের নেতৃত্ব দেওয়ার ক্ষমতারও প্রশংসা করেছেন মৈত্রী। তাঁর কথায়, ঘরের অন্য সদস্যদের একসঙ্গে নিয়ে চলা, সকলের খেয়াল রাখা এবং বিপদে পাশে দাঁড়ানোর মধ্যে দিয়েই নিজের পরিচয় দিয়েছেন অভিনেতা। জিতুর সঙ্গে মালিকের টাস্কে ভরতের প্রবল এনার্জি যেমন নজর কেড়েছে, তেমনই সামান্য খাবার খাওয়ার কারণে অপমানিত হওয়ার মুহূর্তে তাঁর অসহায়তাও মৈত্রীকে ছুঁয়ে গিয়েছে। সারাদিনে যত সমস্যাই আসুক, দিনের শেষে বাড়ির সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দে মেতে ওঠা এবং প্রত্যেকের খেয়াল রাখাই ভরতের বিশেষত্ব বলে মনে করেন তিনি।
আরও পড়ুনঃ “এখানে পুজোআচ্চা হবে না”, স্বামী ও শাশুড়ির কড়া নিষেধাজ্ঞা! বিদেশি রীতিতে অভ্যস্ত, পুজো করলে নাকি ‘স্টেটাস’ নষ্ট হবে এমনই ছিল শ্বশুরবাড়ির ধারণা! বিয়ের পর কোনও পুজোর নামও নেওয়া যেত না! তবু হার মানেননি, কীভাবে সেই বাড়িতেই ৩৫ বছর আগে লক্ষ্মীপুজো শুরু করেছিলেন অনামিকা সাহা?
সবশেষে ভরতের বিগ বসে আসার উদ্দেশ্য নিয়েও নিজের মতামত জানিয়েছেন মৈত্রী। তাঁর মনে হয়েছে, হয়তো শুধু খেতাব জেতার জন্য নয়, জীবনের একটি নতুন দিককে কাছ থেকে অনুভব করতে, আনন্দ করতে এবং নতুন অভিজ্ঞতা অর্জন করতেই এই যাত্রায় এসেছিলেন অভিনেতা। ভরতের সঙ্গে সঙ্গে দর্শকরাও জীবনের মূল্যবোধ সম্পর্কে অনেক কিছু শিখেছেন বলে মনে করেন তিনি। তাই প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও ভরতের এই যাত্রা তাঁদের কাছে অসম্পূর্ণ নয়। বরং মৈত্রীর স্পষ্ট বার্তা, ‘BB Season 3 আপনি ছাড়া অসম্পূর্ণ।’ পোস্টের শেষে ভালোবাসা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘We all love you BharatKaul’। ভরতের বিদায়ের পর মৈত্রীর এই আবেগঘন বার্তা অনুরাগীদের মনেও নতুন করে আবেগ তৈরি করতে পারে।






