বিগ বস বাংলা-র ঘরে প্রতিদিনই বদলাচ্ছে সমীকরণ। কখনও বন্ধুত্ব, কখনও প্রেম, আবার কখনও প্রতিযোগীদের মধ্যে বিবাদ ও বিতর্ক ঘিরে জমে উঠছে রিয়্যালিটি শোয়ের আসর। আর এই শোয়ের অন্যতম চর্চিত প্রতিযোগী সৌরভ দাস। তাঁর খেলা, অভিনয় এবং সহ-প্রতিযোগীদের সঙ্গে সম্পর্ক নিয়ে দর্শকদের মধ্যে চলছে নানা আলোচনা। সম্প্রতি সৌরভের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁর বিগ বসের সফর এবং ঘরের ভিতরের বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাওয়া হয়। সেখানেই রাজবীর ও নন্দিনীর সম্পর্ক থেকে শুরু করে সৌরভের ব্যক্তিত্ব, খেলার কৌশল একাধিক বিষয়ে নিজেদের মতামত জানালেন তাঁর বাবা, মা এবং বোন।
ছেলেকে বিগ বসের ঘরে প্রতিদিন দেখছেন সৌরভের বাবা-মা। তাঁর অভিনয় এবং মজার মুহূর্তগুলি বেশ উপভোগ করছেন তাঁরা। সৌরভের মা জানান, ছেলের হাঁটুর অস্ত্রোপচার এবং পরবর্তী কিছু শারীরিক জটিলতার কারণে বিগ বসে যোগ দিতে কিছুটা দেরি হয়েছিল। ছেলেকে এতদিন যোগাযোগের বাইরে থাকতে হবে ভেবে প্রথমে যথেষ্ট দুশ্চিন্তায় ছিলেন তাঁরা। তবে পরিবারের প্রত্যেকের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে গিয়েছিল সৌরভ। মায়ের কথায়, সৌরভ ভীষণ যত্নশীল, দয়ালু এবং পরিবারের প্রতি দায়িত্বশীল একজন মানুষ। অন্যদিকে, বাবা জানান, ছোটবেলা থেকেই সৌরভের মধ্যে দুষ্টুমি থাকলেও বর্তমানে সেই দুষ্টুমিকেই সৃজনশীলতার সঙ্গে কাজে লাগাচ্ছে সে। তাঁর অভিনয়ের বিভিন্ন চরিত্র নিয়ে গভীরভাবে ভাবার ক্ষমতা এবং দর্শকদের পছন্দ-অপছন্দ বোঝার দক্ষতারও প্রশংসা করেন তিনি।
তবে বিগ বসের ঘরে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়ে পরিবারের প্রতিক্রিয়া ছিল বেশ স্পষ্ট। সৌরভের মা এই ঘনিষ্ঠতাকে মোটেও ভালো চোখে দেখছেন না। তাঁর কথায়, “এটা না শুধু প্রেম, এটা একটা নোংরামির পর্যায়ে পৌঁছে গেছে। এটা এক্সট্রিম হয়ে গেছে।” তাঁর মতে, বিগ বস একটি পারিবারিক অনুষ্ঠান, যেখানে ছোটরাও চোখ রাখে। তাই সম্পর্কের প্রকাশের ক্ষেত্রেও একটা সীমারেখা থাকা প্রয়োজন। বিষয়টি এতটাই বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছেছিল যে তাঁরা অনুষ্ঠান দেখা বন্ধ করে দেওয়ার কথাও ভেবেছিলেন। সৌরভের বোন অবশ্য বিষয়টিকে কিছুটা অন্যভাবে দেখেছেন। তাঁর মতে, বন্ধুত্ব বা কারও প্রতি ভালো লাগা তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু সেই অনুভূতি প্রকাশেরও বিভিন্ন মাত্রা রয়েছে। বাবা-মায়ের পাশে বসে রাজবীর ও নন্দিনীর ঘনিষ্ঠতা দেখতে কিছুটা অস্বস্তি হয়েছে তাঁর। পাশাপাশি তাঁর মত, এই সম্পর্কের কারণে রাজবীরের খেলাতেও কিছুটা মনোযোগের অভাব তৈরি হয়েছে। নন্দিনী এখন সিক্রেট রুমে থাকায় রাজবীরের খেলায় কী পরিবর্তন আসে, সেটাও দেখার অপেক্ষায় তিনি।
অন্যদিকে, ছেলের খেলার ধরন নিয়ে যথেষ্ট গর্বিত সৌরভের বাবা। তাঁর মতে, বিগ বসের মতো প্রতিযোগিতামূলক মঞ্চে থেকেও সৌরভ নিজের স্বতন্ত্র পরিচয় এবং শালীনতা বজায় রাখছে। কোনওভাবেই জেতার জন্য নেতিবাচক আচরণ বা অন্যায় কৌশলের আশ্রয় নিতে চায় না সে। বরং বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং নির্মল আনন্দের মধ্য দিয়েই এগিয়ে যেতে চায়। বাবা আরও জানান, অভিনয়ের ক্ষেত্রে কোনও চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য সৌরভ যে ধরনের প্রস্তুতি নেয় এবং অল্প সময়ের মধ্যে কোনও বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, তা সত্যিই প্রশংসনীয়। পরিবারের আশা, এই গুণগুলিকে বজায় রেখেই আরও ভালো খেলবে সে। পাশাপাশি সৌরভের সহজে মানুষকে বিশ্বাস করার স্বভাবের কথাও তুলে ধরেন তাঁর বাবা। এই স্বভাবের কারণে জীবনে বহুবার আঘাত পেলেও বন্ধুত্ব ও ভালোবাসার জায়গাটি বদলায়নি তাঁর।
আরও পড়ুনঃ “শান্তিতে একটা খু*ন করতে পারব না…মোবাইলে সাজেশন আসছে, কোন অ’স্ত্র দিয়ে মা’রলে কষ্ট কমবে” মানুষের দৈনন্দিন জীবনকে অত্যন্ত সহজ করেছে এআই, কিন্তু কারণ বিশেষ ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা? হাতেনাতে প্রমাণ পেয়েছেন মানসী সিনহা? গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা ভাগ অভিনেত্রীর!
এদিকে, ভাইফোঁটায় দাদাকে কাছে না পাওয়ার আক্ষেপও রয়েছে সৌরভের বোনের। প্রতি বছরের মতো এবার ভাইফোঁটা দিতে না পারলেও তাঁর আশা, সেদিন বিগ বসের ঘরে কোনও একটি খেলায় জিতবে দাদা। সৌরভের পছন্দের প্রতিযোগীদের প্রসঙ্গে তাঁর মা জানান, মনামীকে তাঁর ভালো লাগত। রাজবীরের সঙ্গে নন্দিনীর সম্পর্কের বিষয়টি বাদ দিলে রাজবীরকেও ভালো লাগত তাঁর। জিতুকে শক্তিশালী প্রতিযোগী বলে মনে করলেও সাম্প্রতিক কিছু ঘটনায় তাঁর সম্পর্কে ধারণায় খানিকটা পরিবর্তন এসেছে। অন্যদিকে, নিরঞ্জনের নীতিবোধ এবং দুর্নিবারের খেলাও পছন্দের তালিকায় রয়েছে পরিবারের। সব মিলিয়ে, ছেলের খেলা নিয়ে গর্ব থাকলেও বিগ বসের ঘরের সম্পর্কের সমীকরণ নিয়ে যে যথেষ্ট অসন্তুষ্ট সৌরভের পরিবার, তা তাঁদের কথাতেই স্পষ্ট।






