বিগ বস বাংলার ঘরে প্রতিদিনই বদলাচ্ছে সমীকরণ। কখনও খাবার নিয়ে বিবাদ, কখনও প্রতিযোগীদের মধ্যে মনোমালিন্য, আবার কখনও বন্ধুত্বের আড়ালে গেম প্ল্যান, সব মিলিয়ে দর্শকদের মধ্যে বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে প্রতিযোগী হিসেবে সৌরভ দাসের প্রবেশ নতুন মাত্রা যোগ করেছে এই খেলায়। অল্প সময়ের মধ্যেই নিজের স্বতন্ত্র ব্যক্তিত্ব, বুদ্ধিদীপ্ত কথাবার্তা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। সম্প্রতি সৌরভের খেলা এবং বিগ বসের বাড়ির অন্যান্য প্রতিযোগীদের আচরণ নিয়ে মুখ খুললেন তাঁর বাবা, মা ও বোন। তাঁদের আলোচনায় উঠে এল জিতু কমল, সৃজলা গুহ এবং রাজবীরকে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য। বিশেষ করে জিতুর কৌশল, সৃজলার আচরণ এবং রাজবীরের ব্যবহারে যে তাঁরা খুব একটা সন্তুষ্ট নন, তা স্পষ্ট করে দিয়েছেন পরিবারের সদস্যরা।
প্রথমেই সৌরভের ক্যাপ্টেন্সি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের মতে, অল্প সময়ের মধ্যেই বাড়ির অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পেরেছেন সৌরভ। ভোটের মাধ্যমে ক্যাপ্টেন নির্বাচিত হওয়াও তাঁর গ্রহণযোগ্যতার প্রমাণ। সৌরভের মা জানান, তিনি কখনওই খুব বেশি কর্তৃত্ব ফলিয়ে নেতৃত্ব দেননি। বরং বাড়ির প্রত্যেককে নিজের মতামত জানানোর সুযোগ দিয়েছেন। খাবার টেবিলে কার কী পছন্দ, কে কোন খাবার খাবেন, সেই বিষয়েও সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন। তাঁর এই গণতান্ত্রিক মনোভাব বিশেষভাবে ভালো লেগেছে পরিবারের। সৌরভের বাবা জানান, বাড়িতে ঢোকার পর থেকেই ছেলে পরিবেশ বুঝে নিজের মতো করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে। পরিচিত-অপরিচিত নির্বিশেষে সকলের সঙ্গে কথা বলে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলেছে সে।
অন্যদিকে, জিতু কমল প্রসঙ্গে সৌরভের পরিবারের এক সদস্যের মন্তব্য, জিতু যথেষ্ট বুদ্ধিমান এবং অনেক ক্ষেত্রেই নিজের মতো করে পরিস্থিতি পরিচালনা করার চেষ্টা করেন। উদাহরণ হিসেবে রাজবীরকে নিয়ে সৌরভের সঙ্গে তাঁর কথাবার্তার প্রসঙ্গও তোলেন তিনি। তাঁর মতে, জিতুর কথায় প্রভাবিত হয়ে সৃজলা অনেক সময় এমন বিতর্কে জড়িয়ে পড়ছেন, যেখানে প্রথমে তাঁর সরাসরি কোনও ভূমিকা ছিল না। মাটন নিয়ে তনুশ্রী ও জিতুর মধ্যে যে বচসা শুরু হয়েছিল, সেখানে সৃজলার উচ্চস্বরে প্রতিবাদ করাকে মোটেও ভালোভাবে দেখেননি তাঁরা। পরিবারের মতে, ভুল হয়ে থাকলে প্রথমেই তা স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত ছিল। তাঁদের ধারণা, জিতু অনেক সময় আড়ালে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এমনকি সৌরভের প্রবেশের পর জিতুর আচরণে কিছুটা পরিবর্তন এবং প্রতিযোগিতার মনোভাবও তাঁদের নজরে এসেছে। তবে পুরো বিষয়টিকে তাঁরা সম্ভাব্য নিরাপত্তাহীনতার জায়গা থেকেই দেখছেন, নিশ্চিত সত্য হিসেবে নয়। অন্যদিকে, রাজবীরকে নিয়েও যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন সৌরভের পরিবারের সদস্যরা। তাঁদের মতে, রাজবীরের শারীরিক দক্ষতা এবং বিভিন্ন শারীরিক কাজকর্ম নজর কাড়লেও তাঁর কথাবার্তা ও আচরণ অনেক সময় সেই ইতিবাচক দিকগুলিকে ছাপিয়ে যাচ্ছে। বিশেষ করে বাড়ির বয়োজ্যেষ্ঠ প্রতিযোগীদের সঙ্গে তাঁর ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পরিবারের এক সদস্যের কথায়, সিনিয়র ভরত কলকে নাম ধরে অসম্মানজনকভাবে সম্বোধন করা কিংবা অন্য প্রতিযোগীদের ‘ভেড়ার দল’ বলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
শুধু তাই নয়, সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় কথা বলার সময়ও রাজবীরের আচরণ তাঁদের চোখে পড়েছে। তাঁদের মতে, বড়দের সম্মান দেওয়া এবং কথা বলার সময় সংযত থাকা একজন মানুষের প্রাথমিক শিক্ষা। পাশাপাশি বাড়ি থেকে বেরিয়ে যাওয়া প্রতিযোগীদের নাম মুছে দেওয়ার ঘটনাটিও ভালোভাবে নেননি তাঁরা। তাঁদের বক্তব্য, যাঁরা নিজেদের যোগ্যতায় এই প্রতিযোগিতায় এসেছিলেন, তাঁদের এভাবে অসম্মান করা উচিত নয়। রাজবীর নিজেকে বারবার অন্যদের দ্বারা কোণঠাসা বলে তুলে ধরছেন বলেও মনে করছেন সৌরভের পরিবারের সদস্যরা। তাঁদের মতে, বাড়িতে রাজবীর যথেষ্ট সুযোগ এবং নিজের খেলা তুলে ধরার পরিসর পাচ্ছেন। তাই সবকিছুকেই ষড়যন্ত্র হিসেবে দেখার কোনও কারণ নেই। তাঁর জনপ্রিয়তা থাকলেও আচরণে পরিবর্তন আনা জরুরি বলেই মনে করছেন তাঁরা।
আরও পড়ুনঃ “ভুল করে পা মাড়ানো আর জেনে শুনে লাথি মা’রা এক নয়!” “খু*ন আর দুর্ঘ’টনার কি এক হয়? যদি তুমি জেনে শুনে কাউকে লাথি মে’রে চলে যেতে চাও…” স্ত্রী দেবযানী চক্রবর্তীর সঙ্গে এক বাড়িতে থাকেন না? মুখ খুললেন ঋষি কৌশিক! পুরনো সেই বিতর্কে এবার কাকে পরোক্ষভাবে নিশানা অভিনেতার? দুই ঘটনার তুলনা টেনে দিলেন কীসের ইঙ্গিত?
এছাড়াও রাজবীর ও নন্দিনীর সম্পর্ক এবং নন্দিনীর এলিমিনেশন নিয়েও নিজেদের মতামত জানিয়েছেন তাঁরা। পরিবারের এক সদস্যের মতে, নন্দিনী যথেষ্ট শক্তিশালী প্রতিযোগী ছিলেন এবং তাঁর মধ্যে প্রথম পাঁচে পৌঁছনোর সম্ভাবনা ছিল। বিশেষ করে সিক্রেট রুমে যাওয়ার সুযোগ পাওয়ার পর তাঁর সামনে নিজেকে নতুনভাবে প্রমাণ করার রাস্তা খুলে গিয়েছিল। কিন্তু আবেগের বশে কিছু সিদ্ধান্ত নেওয়ার কারণে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি করেছেন নন্দিনী। রাজবীরের তুলনায় নন্দিনী অনেক বেশি শক্তিশালী প্রতিযোগী ছিলেন বলেও মনে করেন তাঁরা। তাঁদের ধারণা, রাজবীরের যাত্রায় নন্দিনীর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তবে শুধু রাজবীর বা জিতু নন, সৃজলার আচরণ নিয়েও পরিবারের বক্তব্য স্পষ্ট। তাঁদের মতে, সৃজলার উচিত একজনের সঙ্গে আলাদা করে সময় না কাটিয়ে বাড়ির প্রত্যেকের সঙ্গে মিশে খেলা বোঝা। কারণ, একজনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা তৈরি হলে অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে। সব মিলিয়ে সৌরভ দাসের পরিবারের বক্তব্যে স্পষ্ট, বিগ বসের ঘরে শুধু গেম প্ল্যান বা জনপ্রিয়তা নয়, প্রতিযোগীদের ব্যবহার, ভদ্রতা এবং অন্যদের প্রতি সম্মান দেখানোর বিষয়টিও তাঁদের কাছে সমান গুরুত্বপূর্ণ।






