বিগ বস বাংলা যত ফিনালের দিকে এগোচ্ছে, ততই প্রতিযোগীদের নিয়ে দর্শকদের আবেগ ও উত্তেজনা বাড়ছে। একদিকে জিতু কমল, সৌরভ দাস, মনামী ও দুর্নিবারের মতো পরিচিত মুখ, অন্যদিকে রাজবীর দে, যিনি সাধারণ পরিবার থেকে উঠে এসে এই মঞ্চে নিজের জায়গা তৈরি করেছেন। এবার রাজবীরকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। উল্লেখযোগ্য বিষয়, জিতু কমল তাঁর পারিবারিক বন্ধু হওয়া সত্ত্বেও রাজবীরের প্রতি আলাদা করে সমর্থন জানিয়েছেন সুদীপা। সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ‘দাদার দরবারে’ পর্বে রাজবীরকে দেখে তাঁর মহাভারতের কর্ণের কথা মনে হয়েছে বলে জানান তিনি। শুধু তাই নয়, বিগ বস বাংলার ট্রফি রাজবীরের হাতেই দেখতে চান সুদীপা। তাঁর এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই রাজবীরের অনুরাগীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।
সুদীপা জানিয়েছেন, নিয়মিত বিগ বস বাংলা দেখছেন তিনি। এই অনুষ্ঠান তাঁর প্রতিদিনের মানসিক চাপ ও ব্যস্ততার মধ্যে কিছুটা বিনোদন এনে দেয়। তবে শনিবারের বিশেষ পর্বে রাজবীরের মুখের অভিব্যক্তি তাঁকে বেশ ভাবিয়েছে। সেই মুহূর্তের কথা তুলে ধরে সুদীপা লিখেছেন, ‘জিতু কমল আমাদের পারিবারিক বন্ধু, তবু আমার রাজবীরকে দাদার দরবারে কাল, অধিরথ সূতপুত্র, রাধাগর্ভজাত কর্ণের মতোই মনে হলো।’ রাজবীরের মুখে তখন যেন হতাশা ও মেনে নেওয়ার ছাপ ছিল। তাঁর সেই অভিব্যক্তি দেখে সুদীপার মনে হয়েছে, রাজবীর যেন আগেই বুঝে ফেলেছেন এই লড়াইয়ের শেষ পরিণতি কী হতে পারে। কর্ণের মতোই তাঁর মধ্যে একটা চাপা কষ্ট ও একাকিত্ব ফুটে উঠছিল বলে মনে করেছেন সঞ্চালিকা। এই তুলনার মাধ্যমে রাজবীরের পরিস্থিতি ও তাঁর মনের অবস্থা বোঝানোর চেষ্টা করেছেন সুদীপা।
শুধু রাজবীর নয়, ওই পর্বে মনামী, নিরঞ্জন এবং দুর্নিবারের আচরণও নজরে এসেছে সুদীপার। তাঁর মনে হয়েছে, তাঁদের মধ্যেও যেন কোথাও একটা আগাম হেরে যাওয়ার ভাবনা কাজ করছে। পরিস্থিতি এমন যে, তাঁরা হয়তো মনে মনে ধরে নিয়েছেন, শেষ পর্যন্ত তাঁদের হাতে ট্রফি উঠবে না। অন্যদিকে রাজবীরকে ঘিরে দর্শকদের আবেগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সুদীপা বলেন, সাধারণ মধ্যবিত্ত বাঙালির জীবনের অনেক না পাওয়ার গল্প যেন রাজবীরের মধ্যে দেখা যায়। তাঁর লড়াইয়ের সঙ্গে নিজেদের জীবনের অভিজ্ঞতা মিলিয়ে ফেলছেন বহু মানুষ। ফলে রাজবীরের জয় শুধু একজন প্রতিযোগীর জয় হবে না, অনেক সাধারণ মানুষের স্বপ্নপূরণের মতো হয়ে উঠবে। সেই আবেগই তাঁকে অন্য প্রতিযোগীদের থেকে আলাদা করে তুলেছে বলে মনে করছেন সুদীপা।
রাজবীরের সঙ্গে সাধারণ মানুষের এই সংযোগ ব্যাখ্যা করতে গিয়ে সুদীপা ক্রিকেটের উদাহরণও টেনেছেন। তাঁর মতে, সৌরভ গঙ্গোপাধ্যায় মাঠে ছক্কা মারলে যেভাবে গোটা বাংলার মানুষ আনন্দে মেতে উঠতেন, রাজবীরের জয়ের ক্ষেত্রেও অনেকটা তেমন অনুভূতি কাজ করছে। তিনি এমন কিছু মানুষের প্রতিনিধিত্ব করছেন, যাঁরা জীবনে বহুবার অপমান সহ্য করেছেন, নিজেদের কথা প্রকাশ করতে পারেননি কিংবা চেষ্টা করেও সাফল্য পাননি। সুদীপা লিখেছেন, ‘যে বাঙালি ছেলেটা বসের গালাগাল খেয়ে কোনওদিন উত্তর দিতে পারেনি, যে লোকটা চাকরির পরীক্ষায় বসে বসে শেষে চায়ের দোকানে কাটিয়ে দিল দুপুরগুলো, যে মেয়েটা শাশুড়ির মুখের ওপর বলতে পারেনি যে তার রান্না করতে ভালো লাগে না, সেরকম হাজার হাজার মানুষ চাইছে রাজবীর জিতুক।’ তাঁর মতে, রাজবীরের সাফল্যের মধ্যে নিজেদের অপূর্ণ ইচ্ছা ও স্বপ্নের প্রতিফলন খুঁজে পাচ্ছেন বহু মানুষ।
আরও পড়ুনঃ ক্লাসরুমের বন্ধুত্ব থেকে ১৯ বছরের দাম্পত্য, বিবাহবার্ষিকী উদযাপন করলেন আবির চট্টোপাধ্যায় ও নন্দিনী চট্টোপাধ্যায়! এমবিএ পড়তে গিয়ে প্রথম আলাপ, কীভাবে প্রেমে পড়েছিলেন, কীভাবে বুঝেছিলেন তিনিই আদর্শ জীবনসঙ্গী? অভিনেতার সাফল্যের নেপথ্যে রয়েছেন যিনি, প্রচারের আলো থেকে কেন দূরে থাকেন তাঁর স্ত্রী?
সুদীপা আরও মনে করেন, জীতু, সৌরভ, মনামী কিংবা দুর্নিবারের মতো প্রতিযোগীদের সাফল্যের গল্প দর্শকদের আগে থেকেই জানা। তাঁরা প্রত্যেকেই নিজেদের জায়গা তৈরি করেছেন এবং তাঁদের জয় বা সাফল্য দর্শকদের কাছে নতুন নয়। কিন্তু উত্তরবঙ্গের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা রাজবীর, যাঁকে কিছুদিন আগেও অনেকেই চিনতেন না, তাঁর হাতে ট্রফি উঠলে তা এক অন্যরকম গল্প তৈরি করবে। সেই কারণেই রাজবীরের জয় দেখতে চান সুদীপা। তাঁর মতে, একজন সাধারণ মানুষের নিজের চেষ্টায় এতদূর পৌঁছে যাওয়া এবং শেষ পর্যন্ত বিজয়ী হওয়া অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। পোস্টের শেষে রাজবীরের হাতে ট্রফি দেখার ইচ্ছা প্রকাশ করে তিনি যেন নতুন এক গল্প শুরুর কথা বলেছেন। তাঁর এই আবেগঘন বার্তা এখন বিগ বস বাংলার ফিনালেকে ঘিরে দর্শকদের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।






