স্টার জলসার পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছে ব্লুজ প্রোডাকশনের নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম ঝলক, আর সেই প্রোমো ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। বহুদিন পর একেবারে অন্য ধরনের চরিত্রে ফিরছেন অভিনেত্রী সুস্মিতা দে। তাঁর বিপরীতে রয়েছেন নবাগত সৌম্যদীপ দত্ত। প্রথম প্রোমোতেই অ্যাকশন, রহস্য, আবেগ এবং সামাজিক বার্তার মিশেলে তৈরি হয়েছে এক ভিন্ন স্বাদের গল্প। দর্শকদের একাংশের মতে, শুরু থেকেই ধারাবাহিকটি অন্যরকম চমক নিয়ে হাজির হতে চলেছে। আর সেই কারণেই প্রথম ঝলক প্রকাশের পর থেকেই কৌতূহল ক্রমশ বাড়ছে।
প্রোমোতে দেখা যায়, চারদিকে বিয়ের আনন্দ, আলো আর সানাইয়ের সুর। বর আলেখ্য মণ্ডপে কনের জন্য অপেক্ষা করছে। ঠিক সেই সময় কনের সাজে হাসপাতালে পৌঁছে যায় হবু কনে। কিন্তু সেখানে গিয়ে লাল বেনারসি ছেড়ে গলায় স্টেথোস্কোপ এবং পরনে চিকিৎসকের পোশাক পরে নেয় সে। কারণ তার একটাই লক্ষ্য, গরিব মানুষের জন্য কেনা পেসমেকার যেন বিপুল টাকায় বিক্রি না হয়। দৃঢ় কণ্ঠে সে বলে, “গরীবদের জন্য কেনা প্রেসমেকার আমি লাখ লাখ টাকায় বিক্রি করতে দেব না।” চিকিৎসা ক্ষেত্রের এই দুর্নীতির পর্দাফাঁস করতেই সে বড় বিপদের মুখে পড়ে যায়।
গল্পের মোড় আরও নাটকীয় হয়ে ওঠে এরপর। চিকিৎসা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর মূল্য দিতে হয় সেই সাহসী চিকিৎসককে। নিজের বিয়ের রাতেই তাকে খুন করা হয় বলে ইঙ্গিত মিলেছে প্রোমোতে। তবে সেখানেই গল্পের শেষ নয়। বরং এরপরই শুরু হবে নতুন অধ্যায়। প্রোমো দেখে অনেকের ধারণা, সুস্মিতা দে এই ধারাবাহিকে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। সম্ভবত দুই যমজ বোনের চরিত্রে দেখা যাবে তাঁকে। এক বোনের মৃত্যুর পর অন্য বোন প্রতিশোধের আগুন নিয়ে ফিরে আসবে বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়! করতে হয়েছে জরুরি ভিত্তিতে অ’স্ত্রোপচার! থমকে গেল নতুন ছবির কাজ, অনিশ্চিত কলকাতা সফরও! কী হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবার, এখন কেমন আছেন তিনি?
প্রোমোর শেষ অংশে দেখা যায়, নতুন রূপে হাজির হয় ‘তিলোত্তমা মুখার্জি’। একাধিক অ্যাকশন দৃশ্যেও দেখা যায় তাঁকে। এই সময় তাঁর মুখে শোনা যায় স্নেহাশিস চক্রবর্তীর লেখা সংলাপ, “কবি বলেছিলেন, কলকাতা কল্ললিনী তিলোত্তমা হবে। কিন্তু তিলোত্তমারা আজ ভালো নেই। এবার তাদের ভালো রাখতে আসছি আমি, তিলোত্তমা মুখার্জি।” এই সংলাপের পর থেকেই দর্শকদের মধ্যে ধারাবাহিকটি নিয়ে উৎসাহ আরও বেড়ে গিয়েছে। সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং প্রতিশোধের গল্প কীভাবে এগোয়, এখন সেটাই দেখার অপেক্ষা।
এই নতুন ধারাবাহিকে সুস্মিতা দে ও সৌম্যদীপ দত্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভাস্বর চট্টোপাধ্যায়, অনন্যা বিশ্বাস-সহ ব্লুজ প্রোডাকশনের পরিচিত একাধিক শিল্পীকে। বর্তমানে স্টার জলসায় স্নেহাশিস চক্রবর্তীর ‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ সম্প্রচারিত হচ্ছে। এবার তাঁর তৃতীয় নতুন ধারাবাহিক হিসেবে আসছে ‘তিলোত্তমা’। এই প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন রূপসা চক্রবর্তীও। যদিও এখনও পর্যন্ত ধারাবাহিকটি কোন সময়ে সম্প্রচারিত হবে, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
View this post on Instagram






