প্রায় ১০ বছর পর ফের স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। ১৫ জন প্রতিযোগীকে নিয়ে ইতিমধ্যেই জমে উঠেছে এই রিয়্যালিটি শোয়ের খেলা। শুরুতেই প্রতিযোগীদের মধ্যে থেকে প্রথম ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিনেতা ভরত কল। ক্যাপ্টেন হওয়ার পর থেকে বাড়ির পরিস্থিতি সামলানোর পাশাপাশি সবকিছু ঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করছেন তিনি। তবে ক্যাপ্টেনের দায়িত্ব সামলাতে গিয়ে ইতিমধ্যেই একাধিকবার সামাজিক মাধ্যমে ট্রোলের মুখেও পড়তে হয়েছে তাঁকে। এই পরিস্থিতিতেই এবার ভরতের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে মুখ খুললেন তাঁর স্ত্রী অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। স্বামীর ক্যাপ্টেন্সি নিয়ে প্রশংসা করার পাশাপাশি বিগ বসের বাড়ির কয়েকজনের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ভরতের নেতৃত্বের প্রশংসা করে প্রথমে একটি ছোট ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন জয়শ্রী। সেই ভিডিওর সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, ‘অন্যায় দেখলে রুখে দাঁড়ায়, দরকারে গলা তোলে, সমালোচনাও সহ্য করে, এটাই ক্যাপ্টেন্সি। অন্যায়ের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ।’ তবে শুধু ওই ভিডিও পোস্ট করেই থেমে থাকেননি অভিনেত্রী। পরে ফেসবুক লাইভে এসে ‘বিগ বস বাংলা’ নিয়ে নিজের বক্তব্য বিস্তারিতভাবে জানান তিনি। জয়শ্রী বলেন, ‘আমি বিগ বস বাংলা নিয়ে, এর আগেও ভিডিও করেছে কিন্তু সরাসরি এমনভাবে কখনও কথা বলিনি।’ তিনি আরও জানান, প্রথম থেকেই তিনি ‘বিগ বস বাংলা’র খুব বড় ভক্ত। তবে এবারে ভরত কল প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ায় আরও বেশি আগ্রহ নিয়ে এই অনুষ্ঠান দেখছেন বলেও জানান জয়শ্রী।
লাইভে জয়শ্রী একটি নির্দিষ্ট ঘটনার কথাও তুলে ধরেন। তিনি জানান, আগের দিন সৃজলাকে রান্নাঘরে রান্না করতে দেখেছিলেন তিনি। সেই সময় ভরত, জয়িতাকে উদ্দেশ্য করে তাঁকে একটু চা করে দিতে বলেছিলেন। সৃজলা রান্না করতে ভালোবাসেন, সেটি সকলেই জানেন বলেও উল্লেখ করেন জয়শ্রী। তাঁর কথায়, ভরত যখন জয়িতাকে চা করে দিতে বলেছিলেন, তখন বাড়ির বাকিরা হাসতে হাসতে বলেছিলেন, ‘দেখো সৃজলা করতে দেয় কিনা।’ অর্থাৎ সেই সময় বিষয়টি নিয়ে সকলে মজার ছলেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন বলে দাবি জয়শ্রীর। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি কীভাবে বদলে গেল, সেই বিষয়টিই পরে তিনি লাইভে তুলে ধরেন।
এরপরই বিগ বসের বাড়ির কয়েকজনের আচরণ নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন জয়শ্রী। তিনি বলেন, ‘কিন্তু এর পরেই যখন রাত বাড়লো তখনই সকলে গিরগিটির মতো রং বদলে ফেলল। তোমরা জানো আমি কাদের কথা বলছি।’ এরপর বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, সকলে মিলে এমনভাবে বোঝাতে চেয়েছেন যে ভরত নাকি বলেছে, ‘জয়িতা তুই চা করে নিয়ে আয়, আবার দেখ সৃজলা তোকে কিছু বলে কিনা।’ এই আচরণের কারণ নিয়েই প্রশ্ন তোলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘তোমরা এরকম কেন করছো? তোমরা কি ভরতকে ভয় পাচ্ছো?’ অর্থাৎ তাঁর অভিযোগ, দিনের একটি সাধারণ ঘটনাকে পরে অন্যভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে এই মন্তব্যের পরেও জয়শ্রী বিগ বসের সব প্রতিযোগীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রত্যেকেই ভালো খেলছেন বলেও মন্তব্য করেছেন।
আরও পড়ুনঃ ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখো, আগের মতই আজও আছে…’ ১০ বছর পরেও একই আছে সব? নীরব রুক্মিণী, দেশু ৭-এর আগে ফের কাছাকাছি দেব-শুভশ্রী? ভাইরাল কমেন্টে তোলপাড়, কমেন্ট যু’দ্ধে ফিরল পুরনো বিতর্ক?
ভরতের ক্যাপ্টেন্সি নিয়ে জয়শ্রীর এই প্রকাশ্য সমর্থন এবং বিগ বসের অন্দরের আচরণ নিয়ে তাঁর প্রশ্ন ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। একদিকে তিনি স্বামীর নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, অন্যায় দেখলে রুখে দাঁড়ানোই আসল ক্যাপ্টেন্সি। অন্যদিকে, একটি চায়ের ঘটনাকে কেন্দ্র করে প্রতিযোগীদের আচরণের পরিবর্তন নিয়েও নিজের আপত্তি স্পষ্ট করেছেন। বিশেষ করে ‘তোমরা কি ভরতকে ভয় পাচ্ছো?’ প্রশ্নটি তাঁর বক্তব্যের অন্যতম আলোচিত অংশ হয়ে উঠেছে। যদিও লাইভের শেষে তিনি সকল প্রতিযোগীকেই শুভেচ্ছা জানিয়েছেন। জয়শ্রীর বক্তব্যে স্পষ্ট, স্বামী ভরত কলের খেলা তিনি যেমন আগ্রহ নিয়ে দেখছেন, তেমনই বাড়ির ভিতরের ঘটনাগুলিও খুঁটিয়ে নজরে রাখছেন। এখন তাঁর এই মন্তব্যের পর ‘বিগ বস বাংলা’র প্রতিযোগীরা বা দর্শকরা কীভাবে প্রতিক্রিয়া জানান, সেদিকেই নজর।






‘অন্যায় দেখলে রুখে দাঁড়ায়, দরকারে গলা তোলে!’ ‘সকলে গিরগিটির মতো রং বদলে ফেলল…তোমরা কি ওঁকে ভয় পাচ্ছো?’ সামাজিক মাধ্যমে লাগাতার সমালোচনা ও কটাক্ষের মাঝেই, স্বামী ভরতের ‘বিগ বস’-এর ক্যাপ্টেন্সির প্রশংসা করেই কাদের বিঁধলেন গর্বিত স্ত্রী জয়শ্রী?