ফের সোশাল মিডিয়ায় রাহুল অরুণোদয়ের প্রসঙ্গ তুলে আলোচনায় অভিনেত্রী মৌমিতা পন্ডিত। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে শাড়ি পরা দুটি ছবি প্রকাশ করেন তিনি। ছবির সঙ্গে দেওয়া বক্তব্যেই উঠে আসে রাহুলের বলা একটি ব্যক্তিগত কথা। আর সেই কথাই প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। এর আগে রাহুলের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন অভিনেত্রী। হোলির দিন রাহুলের সঙ্গে তাঁর একটি ভিডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছিল। এবার পুরনো সেই সম্পর্কের প্রসঙ্গের মধ্যেই রাহুলের বলা বিশেষ একটি কথা নিজের লেখায় তুলে ধরলেন মৌমিতা।
কিছুদিন আগে টিভি নাইন বাংলার কাছে রাহুলের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন মৌমিতা। তিনি জানিয়েছিলেন, প্রায় আট বছর ধরে তিনি হোলি খেলতেন না। স্বামী অরিদীপ্তর মৃ’ত্যুর পর মানসিক আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বলেও জানিয়েছিলেন অভিনেত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, সেই কঠিন সময় থেকে তাঁকে ধীরে ধীরে বের করে আনার চেষ্টা করেছিলেন রাহুল। হোলির দিন রাহুল একটি সুন্দর হলুদ রঙের আয়ুর্বেদিক আবির নিয়ে এসে তাঁর গালে মাখিয়ে দিয়েছিলেন। মৌমিতার কথায়, সেই ঘটনাটি তাঁর কাছে বিশেষ অর্থ বহন করে। এরপর থেকেই রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা শুরু হয়।
রাহুলের প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকেও ঘিরে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল মৌমিতাকে। সেই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, রাহুল এবং প্রিয়াঙ্কার মধ্যে খুব সুন্দর বন্ধুত্বের সম্পর্ক ছিল। প্রিয়াঙ্কা রাহুলের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ বলেও উল্লেখ করেছিলেন তিনি। তবে রাহুল কোনও ব্যক্তিকে ধোঁকা দিয়ে তাঁর কাছে আসেননি, এমনটাই স্পষ্ট করেছিলেন মৌমিতা। নিজের সম্পর্ক প্রকাশ্যে আনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী বলেছিলেন, রাহুল যেভাবে হঠাৎ চলে গিয়েছেন, সেই শোকের সঙ্গে তিনি এখনও প্রতিদিন লড়াই করছেন। তাঁর মতে, তাঁদের প্রেমের কথা স্বীকার না করলে রাহুলকে অসম্মান করা হবে। আর সেই কারণেই এবারও নিজের লেখায় রাহুলের বলা একটি ব্যক্তিগত কথার প্রসঙ্গ তুলেছেন তিনি, যেখানে রাহুল তাঁকে বলেছিলেন, ‘তুমি ঐশ্বর্য হতে পারবে না, তবে তোমাকে সেরা মৌমিতা হয়ে উঠতে হবে।’
এই কথার পরেই মৌমিতা নিজের অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, সেই সেরা মৌমিতা হয়ে ওঠার চেষ্টাই তাঁর এখনও চলছে। অর্থাৎ রাহুলের বলা কথাটিকে নিজের জীবনের একটি অনুপ্রেরণা হিসেবেই দেখছেন অভিনেত্রী। তবে এই নতুন পোস্ট প্রকাশ্যে আসার পর নেটমাধ্যমে ফের শুরু হয়েছে তীব্র আলোচনা। একাংশের মানুষ তাঁর বক্তব্যকে সমর্থন না করে বরং প্রশ্ন তুলেছেন, কেন বারবার রাহুলের প্রসঙ্গ সামনে আনা হচ্ছে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘‘বিশ্বাস করুন, আপনাকে আমার ভালো লাগত। কিন্তু একজনের মৃত্যু নিয়ে আপনি যেভাবে নিজেকে বারবার প্রচারের আলোয় রাখছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এভাবে তাঁকে ব্যবহার করা বন্ধ করা উচিত। সবাই নিষেধ করার পরেও আপনি শুনছেন না। এভাবে কোনওভাবেই প্রমাণ হয় না যে আপনি তাঁকে ভালোবাসতেন।’’ ফলে ব্যক্তিগত অনুভূতির কথা জানাতে গিয়ে ফের সমালোচনার মুখে পড়েছেন মৌমিতা।
আরও পড়ুনঃ এবার বিজেপিতে যোগ দিচ্ছেন কোয়েল মল্লিক? তৃণমূলের সাংসদ পদ ছাড়ার পর ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনায় পড়ল সিলমোহর? তাঁর ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে অক্টোবরেই ভোট, অভিনেত্রীর মনোনয়ন ঘিরে দিল্লিতে তুঙ্গে চর্চা!
সমালোচনার সুর আরও কড়া হয়েছে অন্য একাংশের মন্তব্যেও। একজন ব্যবহারকারী সরাসরি প্রশ্ন তুলেছেন, আর কতদিন রাহুল অরুণোদয়ের নাম করে প্রচারের আলোয় থাকার চেষ্টা করবেন মৌমিতা। তাঁর বক্তব্য ছিল, এইভাবে আর কতদিন রাহুলের নাম ব্যবহার করে প্রচারের সুযোগ নেওয়া হবে, সেটাই এখন প্রশ্ন। তিনি আরও কটাক্ষ করে লিখেছেন, এর মাধ্যমে অভিনেত্রীর পেশাগত জীবনে আর কোনও লাভ হবে বলে তাঁর মনে হচ্ছে না। অন্যদিকে মৌমিতার বক্তব্য, তিনি এখনও স্বামীর মৃত্যুর পরের শোক সামলে ওঠার চেষ্টা করছেন। তাঁর নিজের কথায়, রাহুলকে হারানোর পরের প্রতিটি দিনই তাঁর কাছে লড়াইয়ের মতো। তবে নেটিজেনদের একাংশ সেই ব্যাখ্যা মেনে নিতে নারাজ এবং তাঁদের দাবি, মৌমিতা আসলে প্রচারের আলোয় থাকার চেষ্টা করছেন। রাহুলকে ঘিরে অভিনেত্রীর নতুন এই পোস্ট তাই ফের নেটপাড়ায় বিতর্ক ও কটাক্ষের জন্ম দিয়েছে। যদিও আলোচনা বাড়তেই মৌমিতা ডিলিট করে দিয়েছেন সেই ছবি।






