“আমি কখনোই অশিক্ষিত হিরোইন হতে চাইনি”, খ্যাতির দৌড়ে যখন ব্যস্ত বিনোদন দুনিয়া, তখন পড়াশোনাকেই আগে বেছে নেন অভিনেত্রী প্রিয়া মণ্ডল! গ্ল্যামারের ভিড়ে কি সত্যিই হারিয়ে যাচ্ছে শিক্ষার গুরুত্ব, নাকি আজ সাফল্যের আসল চাবিকাঠি হয়ে উঠছে শুধু পরিচিতি?

বাংলা টেলিভিশনের জগতে ধীরে ধীরে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন অভিনেত্রী প্রিয়া মন্ডল (Priya Mondal)। ২০১৩ সালে ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিক দিয়ে অভিনয়ের সফর শুরু হলেও, পরবর্তী সময়ে একাধিক জনপ্রিয় সিরিয়ালে কাজ করে দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। ‘তুমি যে আমার মা’-তে কেন্দ্রীয় চরিত্র, ‘বোরন’-এ ভিন্ন স্বাদের উপস্থিতি কিংবা ‘সাঁঝের বাতি’-তে নেতিবাচক চরিত্র প্রতিটি জায়গাতেই নিজেকে প্রমাণ করেছেন প্রিয়া।

ধারাবাহিকের দুনিয়ায় এক দশকের বেশি সময় কাটিয়ে এখন তিনি ছোটপর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী। অনেকেই যখন সিনেমা বা ওটিটির দিকে ঝুঁকছেন, তখন প্রিয়া আবার ছোটপর্দাতেই নিজের অবস্থান মজবুত করছেন। সম্প্রতি ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে ‘রোমা কাঞ্জিলাল’ চরিত্রে তাঁর প্রত্যাবর্তন নতুন করে দর্শকের নজর কাড়ছে। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক ভিন্ন লড়াই, যা পর্দার বাইরে গড়ে উঠেছে।

অভিনয়ের ব্যস্ততার মাঝেও নিজের পড়াশোনা কখনোই থামাননি প্রিয়া। আইন নিয়ে পড়াশোনা করছিলেন তিনি, আর সেই সময়েই শুরু হয় শুটিংয়ের কাজ। সহজ ছিল না পথটা। সকালে কলেজ, তারপর শুটিং, আবার সেই ফাঁকেই পড়াশোনা এইভাবেই চলেছে দিনের পর দিন। প্রিয়ার কথায়, “আমি কখনোই অশিক্ষিত হিরোইন হতে চাইনি। মুখ খুললে যেন বোঝা যায় আমি পড়াশোনা করেছি এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।” তাই যাই হোক না কেন, ল’ পড়াটা শেষ করতেই হবে এই জেদ নিয়েই এগিয়েছেন তিনি।

প্রিয়া জানান, যখন তিনি অভিনয় শুরু করেন, তখন তাঁর পড়াশোনার অনেকটাই বাকি ছিল। মোট আটটি সেমিস্টার শেষ করতে হয়েছে তাঁকে। তবে কঠিন সময়ের মধ্যেও হার মানেননি। নিজের কথায়, “যা হোক করে আমাকে এটা কমপ্লিট করতেই হবে।” সেই দৃঢ় মনোভাবই তাঁকে শেষ পর্যন্ত সফল করেছে। সব সেমিস্টার পাশ করে ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে বেরিয়ে আসেন তিনি। তাঁর মতে, এই অর্জন শুধু ডিগ্রি নয়, বরং নিজের প্রতি এক বড় জবাব।

আরও পড়ুনঃ “আমি নিজের নামের পাশে ফুলস্টপ দিয়ে দিয়েছি” যোগ্যতা থাকা সত্ত্বেও কেন কাজ পান না দেবাশিস গাঙ্গুলী? ‘ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে অনেক কিছু ম্যানেজ করতেই হয়’ তাহলে কি প্রতিভার বাইরে অন্য কোনও অজানা খেলায় পিছিয়ে পড়েছেন শিল্পী?

আজকের দিনে দাঁড়িয়ে প্রিয়া মণ্ডলের এই যাত্রা অনেকের কাছেই অনুপ্রেরণা। গ্ল্যামারের জগতে থেকেও যে পড়াশোনাকে সমান গুরুত্ব দেওয়া যায়, তা তিনি প্রমাণ করেছেন। তাঁর এই লড়াই দেখিয়ে দেয়, শুধু প্রতিভা নয়, মানসিক জোর আর লক্ষ্য স্থির থাকলে সব বাধা পেরোনো সম্ভব। অভিনয়ের পাশাপাশি নিজের শিক্ষাগত পরিচয়টাকেও তিনি যেভাবে ধরে রেখেছেন, সেটাই তাঁর জীবনের আসল সাফল্য।

You cannot copy content of this page