বেজেছে বিদায় ঘণ্টা! তেজের মৃত্যুতেই কি শেষ হচ্ছে ‘শুভ বিবাহ’? অন্তিম পর্ব ঘিরে টানটান উত্তেজনা দর্শকমহলে! কী হতে চলেছে গল্পের শেষে সুধার পরিণতি?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ এখন পৌঁছে গিয়েছে একেবারে চূড়ান্ত পর্বের দোরগোড়ায়। দীর্ঘদিন ধরেই গল্পে চলছিল রহস্য আর চমকের লুকোচুরি, তবে সাম্প্রতিক প্রোমো সেই উত্তেজনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। দর্শক ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে তেজের ছদ্মবেশে বসু মল্লিক বাড়িতে লুকিয়ে রয়েছে সার্থক চ্যাটার্জি। অন্যদিকে গ্রামে রটেছে বিজ্জুকে নাকি খুন করেছে প্রধান, এমনকি চুমকিকেও সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে গ্রামবাসীরাই তাকে পালিয়ে যেতে বলছে। রহস্য, আতঙ্ক আর আবেগে জড়িয়ে গল্প এগোচ্ছে এক বিস্ফোরক পরিণতির দিকে।

এদিকে নতুন মোড় আসে যখন সুধার বোন ও দেওর মর্গে গিয়ে সার্থকের মৃতদেহের খোঁজ করেন। কিন্তু সেখানকার সুপারভাইজার স্পষ্ট জানিয়ে দেন, এমন কোনও দেহ সেখানে কখনও আসেইনি। অর্থাৎ সার্থক বেঁচে আছে। এই তথ্যেই বদলে যায় পুরো সমীকরণ। ধীরে ধীরে স্পষ্ট হয় যে তেজের পরিচয়ে যে মানুষটি বাড়িতে রয়েছে সে আসলে সার্থকই। সবটা জেনেও সুধা চুপ করে থাকে, কিন্তু ভিতরে ভিতরে সে দৃঢ় প্রতিজ্ঞা করে সত্যিটা সামনে আনবেই। তার লক্ষ্য একটাই, যেভাবেই হোক নিজের আসল তেজকে ফিরিয়ে আনা।

এর মাঝেই ছড়িয়ে পড়ে আরও বড় খবর। টলিপাড়ার অন্দরে শোনা যাচ্ছে, ধারাবাহিকটির শেষ দিনের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং ২৪ ফেব্রুয়ারি সম্প্রচারিত হবে শেষ পর্ব। ফলে দর্শকমহলে প্রশ্ন উঠেছে, তবে কি তেজের মৃত্যুতেই শেষ হবে গল্প। নাকি শেষ মুহূর্তে অপেক্ষা করছে আরও বড় কোনও চমক। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। অনুরাগীরা একদিকে আবেগাপ্লুত, অন্যদিকে কৌতূহলী শেষ দৃশ্যে কী দেখা যাবে তা জানার জন্য।

গল্পের আগের মোড়গুলোও ছিল যথেষ্ট নাটকীয়। এক ভয়াবহ দুর্যোগের পর আলাদা হয়ে যায় তেজ ও তরি, আর সুধা হারিয়ে ফেলে স্বামী ও মেয়েকে। ছোট্ট তরি আশ্রয় নেয় এক অজানা গ্রামে, আর স্মৃতিভ্রষ্ট তেজ নতুন পরিচয়ে বেঁচে থাকে। বিজ্জু নামে সুধার কাছাকাছি এসে পড়ে সে, আর ঘটনাচক্রে সুধা চিনে ফেলে তাকে। মেয়েকেও ফিরে পায় সে। কিন্তু সুখের মুহূর্ত দীর্ঘস্থায়ী হয় না, কারণ পরিবারের বাকিদের কাছে তেজ তখন মৃত।

আরও পড়ুনঃ “এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আমি নই…আগে পরিবার, তারপর প্রতিবাদ” বিতর্ক, সমালোচনা ও ‘প্রলয় ২’-এর মুক্তি মাঝেই বিস্ফোরক সুরে মুখ খুললেন রাজ চক্রবর্তী! কাকে ইঙ্গিত করে এই বার্তা পরিচালকের?

চূড়ান্ত ধাক্কা আসে যখন তেজের মতোই দেখতে আরেকজন তরিকে কোলে নিয়ে হাজির হয় বসু মল্লিক বাড়িতে। তরি তাকে বাবা বলে ডাকে, আর সুধার চোখের সামনে ভেঙে পড়ে সমস্ত বিশ্বাস। একদিকে বিজ্জু, অন্যদিকে তেজ পরিচয়ে আরেক ব্যক্তি। দুজনের মুখ এক, পরিচয় আলাদা। কে আসল, কে নকল, সেই প্রশ্নেই জড়িয়ে যায় গল্পের শেষ অধ্যায়। এখন দেখার, সুধা কবে খুলবে সার্থকের মুখোশ, আর শেষ পর্বে কোন সত্য সামনে এসে বদলে দেবে সব হিসেব।

You cannot copy content of this page